অভিনব প্রচারণা: জুতা পাঠাও পাকিস্তান!
‘ভারতীয় গুপ্তচর’ হিসেবে পাকিস্তানে আটক কুলভূষণের সঙ্গে দেখা করতে গিয়ে তার মা ও স্ত্রী অপদস্থ হয়েছেন- এমন অভিযাগে ভারতীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হওয়ার কথা সবার জানা।
গত ২৫ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী অফিসার কুলভূষণের মা ও স্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পাকিস্তান।
কুলভূষণের সঙ্গে দেখা করার আগে তাদের জুতো খুলে ফেলতে বলে পাকিস্তানি কর্তৃপক্ষ। শুধু জুতোই নয়, কপালের টিম, গলার মালা (মঙ্গলসূত্র) পর্যন্ত খুলে ফেলতে হয় তাদের। এছাড়া তাদের দেখা-সাক্ষাৎ করতে হয়ে কাঁচের দেওয়ালের আড়াল থেকে। পাকিস্তান সন্দেহ করে জুতোতে করে তারা কোনো গোয়েন্দা সরঞ্জাম নিয়ে গিয়েছিলেন। জানা গেছে, তাদের মাতৃভাষায় কথা বলতে দেওয়া হয়নি।

এ ঘটনায় ভারতীয়রা নানাভাবে প্রতিবাদ করেছে। তবে ক্ষুব্ধ বিজেপি মুখপাত্র তাজিন্দর বাগ্গা যা করেছেন তা বলা যায় একেবারে হিসেবের বাইরে। তিনি এক টুইটে প্রতিবাদ হিসেবে ভারতীয়দের অনুরোধ করেন পাকিস্তানে জুতো পাঠাতে। বাগ্গা টুইটে আরও জানান যে তিনি একজোড়া জুতো কিনে তা দিল্লিস্থ পাকিস্তানি দূতাবাসে পাঠিয়ে দিয়েছেন।
তিনি বলেন, পাকিস্তান আমাদের চপ্পল চায়, চলুন আমরা তাদের চপ্পল পাঠাই।

তার টুইট প্রকাশ হতে যতক্ষণ লাগে আরকি- তাতে সাড়া দিতে দেরি করেনি সমর্থকরা। বাগ্গা তার টুইটে আরও আবেদন করেন, যারা সাড়া দেবেন তারা যেন জুতা অর্ডার করার পর ‘জুতা পাঠাও পাকিস্তান’ (জুতা ভেজো পাকিস্তান) হ্যাশট্যাগসহ জুতার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে। নিতু গার্গ নামে একজন মন্তব্য করেছে, তাদের জন্য ঘরের পুরনো জুতো পাঠানোই ঠিক … মাথায়ই যেহেতু মারতে হবে…
বাগ্গার সমর্থক অধিকাংশ লোক সামাজিক মাধ্যমে জানায়, পাকিস্তানের জন্য নয়া জুতা নয়, পুরনো জুতা পাঠানো উচিৎ। অনেকেই ফটোশপে পুরনো, ছেঁড়া-ফাঁটা জুতোর নানান ক্যারিকেচার তৈরি করে তা শেয়ার করেছে।

সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে হরেক পদের জুতোর ক্যারিকেচার
পাকিস্তানের একটি সামরিক আদালত গত এপ্রিলে ৪৬ বছর বয়সী ভারতীয় নাগরিক ও অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসির আদেশ দেয়।
তাকে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর এজেন্ট বলে বর্ণনা করে পাকিস্তান সেনাবাহিনী। তাদের দাবি পাকিস্তানের বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদত দেওয়া ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য কাজ করছিলেন কুলভূষণ। ভারতের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সালে যাদবকে আটক করে পাকিস্তান।
অপরদিকে, কুলভূষণের ফাঁসির দণ্ড কার্যকর করলে তা দুদেশের সম্পর্কে ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে ভারত হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তানকে।

কাঁচের দেয়ালের এক পাশে কুলভূষণ এবং অপর পাশে তার মা ও স্ত্রী
প্রসঙ্গত, জন্মের পর থেকেই দা-কুমড়ো সম্পর্ক নিয়ে এগিয়ে চলা দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের মাঝে হরহামেশাই নানান বিদঘুটে প্যাঁচ লেগে যায় যা বিশ্ব সংবাদ মাধ্যমে শিরোনাম হয়। জনসত্তা.কম











