কিডনি সমস্যা ও তার প্রতিকার জেনে নিন
কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরের তলপেটের বিপরীত দিকে ৪ থেকে ৫ ইঞ্চি দৈর্ঘ্যরে মুষ্টি আকৃতির দুটি কিডনি থাকে। কিডনি, হার্ট, ফুসফুস, মস্তিষ্ক, লিভার প্রভৃতি অঙ্গের কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিডনির সব চেয়ে ক্ষুদ্র অংশ হল নেফ্রোন। প্রতিটি কিডনিতে প্রায় ১০ লাখ নেফ্রোন থাকে যার প্রতিটিই রক্ত পরিশোধনের ক্ষুদ্র ছাঁকুনি হিসেবে কাজ করে।
শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেয়া, রক্ত পরিশোধন, পানি ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা, হরমোন উৎপাদন, এসিড এবং রক্তচাপ নিয়ন্ত্রণ প্রভৃতি কিডনির প্রধান কাজ। আশ্চর্যজনক হলেও সত্য, কিডনির সর্বোচ্চ শতকরা ৯০ ভাগ সঠিকভাবে কাজ না করলেও একজন মানুষ তেমন বড় কোনো সমস্যা ছাড়াই বেঁচে থাকতে পারে; তবে এ সংখ্যা সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। চলুন দেখি সচরাচর কী কী কিডনি রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে-
ব্যাকটেরিয়াজনিত কারণে কিডনির পেলভিসে সংক্রমণ হলে তাকে পায়েলো নেফ্রাইটিস বলে। এ রোগের প্রধান উপসর্গ জ্বর এবং শরীরের পশ্চাৎ অংশে তীব্র ব্যথা।
গ্লোমেরুলো নেফ্রাইটিস : শরীরের প্রচলিত রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনো কারণে অতিক্রিয়াশীল হয়ে কিডনিকে আক্রমণ করলে তাকে গ্লোমেরুলো নেফ্রাইটিস বলে। প্রস্রাবে রক্ত ও আমিষ নিঃসরণ এ রোগের প্রধান লক্ষণ।
কিডনিতে পাথর : মূত্রে উপস্থিত খনিজপদার্থগুলো ক্রিস্টাল তৈরি করে আকৃতিতে বৃদ্ধি পেয়ে প্রস্রাবের স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করলে তাকে কিডনিতে পাথর বলে। অনেক ছোট ক্রিস্টাল এমনিতেই বের হয়ে যায় তবে আকৃতি বড় হয়ে গেলে চিকিৎসার প্রয়োজন হয়। কষ্টকর প্রস্রাব, প্রস্রাবে জ্বালা-পোড়া, প্রস্রাবে রক্ত প্রভৃতি এ রোগের লক্ষণ।
নেফ্রোটিক সিনড্রোম : কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা লোপ পাওয়ার কারণে প্রস্রাবে অতিরিক্ত আমিষ নিঃসরণ হলে তাকে নেফ্রোটিক সিনড্রোম বলে। পায়ে পানি জমে ফুলে উঠা এ রোগের প্রধান লক্ষণ।
পলিসিস্টিক কিডনি ডিজিস : এটি সাধারণত বংশগত সমস্যা। এখানে কিডনিতে বড় সিস্ট তৈরি হওয়ার কারণে কিডনী তার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারে না।
আকস্মিক কিডনি সমস্যা : পানিশূন্যতা, কিডনিতে রক্তপ্রবাহে প্রতিবন্ধকতা, মূত্রনালির সমস্যা প্রভৃতি কারণে কিডনি হঠাৎ বিকল হয়ে যেতে পারে যাকে আকস্মিক কিডনী সমস্যা বলে। অনেক ক্ষেত্রে আপনা আপনিই এ সমস্যা ভালো হয়ে যায়।
দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা : ডায়াবেটিস, উচ্চরক্তচাপ বা অন্য কোনো কারণে আস্তে আস্তে কিডনির নির্দিষ্ট অংশ বিকল হয়ে যাওয়াকে দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা বলে।
কিডনি রোগের সর্বশেষ অবস্থা : দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা অনবরত থাকার কারণে একসময় পুরো কিডনী তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে যাকে কিডনি রোগের সর্বশেষ অবস্থা (End Stage Renal Disease) বলে। এ অবস্থায় বেঁচে থাকার জন্য ডায়ালাইসিস করার প্রয়োজন হয়।
ডায়াবেটিস নেফ্রোপ্যাথি : রক্তের উচ্চমাত্রার শর্করা কিডনির স্বাভাবিক ছাঁকন প্রক্রিয়াকে ব্যাহত করে দীর্ঘস্থায়ী সমস্যার দিকে ধাবিত হয় একে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি বলে। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত পরীক্ষার মাধ্যমে এ রোগের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকা উচিত।
উচ্চরক্তচাপজনিত নেফ্রোপ্যাথি : অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ কিডনির স্বাভাবিক কাজকে মারাত্মকভাবে ব্যাহত করে। ফলশ্রুতিতে ধীর ধীরে কিডনী বিকল হয়ে যায়। তাই উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রেখে নির্দিষ্ট বিরতিতে কিডনির সর্বশেষ অবস্থা পরীক্ষা করা উচিত।
কিডনির ক্যান্সার : ধূমপান, রাসায়নিক বিক্রিয়া কিংবা বংশগত কারণে কিডনিতে ক্যান্সার হতে পার। সাধারণত মহিলাদের তুলনায় পুরুষের কিডনি ক্যান্সার বেশি হয়ে থাকে।
ইন্টারইস্টিসিয়াল নেফ্রাইটিস : কিডনির অভ্যন্তরে অবস্থিত সংযোজক কলাগুলোতে প্রদাহের কারণে কিডনির স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হয় যাকে ইন্টারইস্টিসিয়াল নেফ্রাইটিস বলে। অ্যালার্জিক বিক্রিয়া ও অনেক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এ রোগ হয়ে থাকে।











