বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষের চেয়ে নারী বেশি কাজ করেন : অ্যাকশন এইড

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের পুরুষের তুলনায় বেশি কাজ করেন নারীরা। কোন রকম স্বীকৃতি নেই এরকম গৃহস্থলী কাজ করেন একজন নারী প্রতিদনি গড়ে ৬ ঘন্টারও বেশি। বিপরীতে একজন পুরুষ এ ধরনের কাজ করেন মাত্র এক ঘণ্টা। নারীরা যখন মজুরী ভিত্তিক শ্রমে প্রবেশ করে তখন কাজের চাপ দ্বিগুণ বাড়ে। একদিকে গৃহস্থালীর কাজ অন্যদিকে চাকরিতে দায়িত্বের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়ে। ঘরে বাইরেকাজের চাপের কারণে নারীর উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের উপর নীতি পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। ‘দক্ষিণ এশিয়ায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গৃহস্থালির সেবামূলক কাজ: নীতি পর্যালোচনা’ নামের প্রতিবেদনটি শনিবার প্রকাশ করা হয়।

এ উপলক্ষে রাজধানীর গুলশানে হোটেল লেকসোরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা জাতীয়ভাবে নারীর কাজের সামাজিক ,অর্থনৈতিক স্বীকৃতির উদ্যোগ নেওয়ার সুপরিশ করেছেন। এজন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর কথা বলেছন তারা।

অ্যাকশন এইডের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার বাংলাদেশে ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, আইএলও-এর মানদণ্ড অনুযায়ী একজন ব্যক্তির সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘন্টা কাজ করার কথা। কিন্তু এই জরিপ বলছে, নারীরা পুরুষের তুলনায় বেশি সময় কাজ করছে, এজন্য তারা সময় সংকুলান করতে চাপে পড়ছে। এ কারণে নারীরা ঘুম, বিশ্রাম বা ব্যক্তিগত সেবার জন্য কম সময় পাচ্ছে। ঘরের কাজের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক মূল্যায়ন কেন হচ্ছে না। যেহেতু একটি দেশের যে কোন সমস্যা সমাধানে রাষ্ট্রের নীতি ও আইনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে গবেষণাটি করতে গিয়ে অ্যাকশনএইড দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন নীতির পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, নেপালের নারীরা গৃহস্থালী কাজে দৈনিক সাড়ে ৬ ঘন্টা সময় ব্যয় করেন। বাংলাদেশের নারীদের প্রতিদিন ৬ দশমিক ৩ ঘন্টা সময় দিতে হয়। আর ভারতের নারীরা ব্যয় করেন দৈনিক ৫ দশমিক ১ ঘন্টা। যেখানে এই কাজে পুরুষরা সময় দেন যথাত্রক্রমে নেপাল ২ দশমিক ২ ঘন্টা, বাংলাদেশ ১ দশমিক ১ ঘন্টা এবং ভারতে মাত্র দশমিক ৪ ঘন্টা।

প্রতিবেদনের সুপারিশে বলা হয়, নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইন ও নীতি কাঠামোতে যুক্ত করা দরকার। নারীদের জন্য নিরাপদ কর্ম-পরিবেশ, নির্যাতন ও যৌন নিপীড়ন নিরোধ, চলাফেরা ও অংশগ্রহণে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

আলোচনায় অংশ নিয়ে অনুষ্ঠানে সার্ক বিষয়ে বাংলাদেশের মহাপরিচালক মো. শামসুল হক বলেন, জাতীয় আয় নির্ধারণে আর্থিক মাপকাঠিতে নারীর অবদানের স্বীকৃতির ব্যবস্থা থাকতে হবে। নারীর উন্নয়নে সামাজিক আন্দোলনের সঙ্গে অর্থনৈতিক যোগসূত্র তৈরি করতে পারলে জাতীয় আয় বাড়বে। সার্কের পরবর্তী বৈঠকে এ বিষয়গুলো এজেন্ডাভুক্ত করা হবে বলে জানান তিনি। অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, নারীর কাজের অর্থনীতিতে স্বীকৃতি না দেয়ার কারণে সমাজে এবং পরিবারে তাদের কাজের মূল্যায়ন হচ্ছে না। এমনকি রাষ্ট্র তার নীতি ও আইনে মূল্যায়নের বিষয়টি উপেক্ষা করছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক ড. নাজনিন আহমেদ বলেন, ৬ষ্ঠ শ্রেণীতে উঠলে মেয়েদের পড়ানো হয় গার্হস্থ্য অর্থনীতি এবং ছেলেদের পড়ানো হয় কৃষি ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় এমন লিঙ্গ বৈষম্য চলছে।

তিনি বলেন, গৃহস্থলী কাজে নারীর অবদানের মূল্যায়ন ও স্বীকৃতি না থাকায় তার ক্ষমতায়নের পথে বাঁধা তৈরি হচ্ছে। একটা আলাদা এবং সুনির্দিষ্ট কাঠামোর ব্যবস্থা করতে হবে।

ব্র্যাক ইনস্টিটিউট অব জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান গবেষক ড. সিমিন মাহমুদ বলেন, পুরুষের তুলনায় বেশি কাজ করতে হয় বলে অসম চাপে পড়েন নারীরা। একারণে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন তারা।