শ্রীলঙ্কা সিরিজ প্রধান কোচ ছাড়াই খেলবে বাংলাদেশ?
স্পোর্টস ডেস্ক : বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ দলের বিদায়ী কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ঢাকায় পৌঁছেই উঠেছেন হোটেল র্যাডিসনে। একই হোটেলে দুপুর সাড়ে ১২টার দিকে হয়েছে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এক সভা। সেখানেই ইঙ্গিত থাকল, কোচ নিয়ে কোনো তাড়াহুড়ায় যেতে চাইছে না বোর্ড। এমনকি শ্রীলঙ্কা সিরিজের আগে প্রধান কোচ নাও পেতে পারে জাতীয় দল।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ ব্যক্তিরা। তিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তো ছিলেনই। ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, বিসিবির তিন প্রভাবশালী পরিচালক আকরাম খান, জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক; বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ, জরুরি ভিত্তিতে ঢাকায় আসা বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসাল ও স্পিন কোচ সুনীল যোশি।
হাথুরু এসেছেন আনুষ্ঠানিক বিদায় ও দক্ষিণ আফ্রিকা সফরের রিপোর্ট জমা দিতে। আর বিসিবি একই দিনে বসেছে নতুন কোচ নিয়োগ ও জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের করণীয় ঠিক করতে। বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহে গত সপ্তাহে সাক্ষাৎকার দিয়ে গেছেন রিচার্ড পাইবাস। আজ রাতে আসছেন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক এই কোচ প্রেজেন্টেশন দেবেন কাল সকালে।
পাইবাসের সাক্ষাৎকারের পর নাজমুল ইঙ্গিত দিয়েছিলেন কাল অর্থাৎ ১০ ডিসেম্বর বোর্ড সভাতেই চূড়ান্ত হয়ে যেতে পারে প্রধান কোচের বিষয়টি। কিন্তু আজ তিন অধিনায়কের সঙ্গে বসার পর সুর বদলেছেন বিসিবি সভাপতি, ‘আপাতত যারা (টিম ম্যানেজমেন্ট) আছে রিচার্ড হ্যালসাল, খালেদ মাহমুদ সুজন, যোশি, কোর্টনি ওয়ালশ। তিন অধিনায়কের কাছে জানতে চেয়েছিলাম তারা (বর্তমান টিম ম্যানেজমেন্ট) সব সামলাতে পারবে কি না। তারা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছে, পারবে। সিরিজের আগেই কোচ নিতে হবে, এমন তাড়াহুড়ো নেই তাদের। আমরা আস্তে-ধীরে সেরা সমাধানের দিকে তাই এগোতে পারি।’
যেহেতু তিন অধিনায়কের তাড়া নেই, বর্তমান টিম ম্যানেজমেন্ট দিয়েই জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজটা চালিয়ে নিতে চায় বিসিবি, নাজমুলের কথায় সেটিই বোঝা গেল। তবে হাথুরুর সঙ্গে এখনো বসেননি বিসিবি সভাপতি। আজ সন্ধ্যায় বিদায়ী শ্রীলঙ্কান কোচের সঙ্গে কথা বলবেন বিসিবির প্রধান নির্বাহী ও কয়েকজন পরিচালক।
হাথুরু নিয়ে আর ভেবে কী হবে! বিসিবি তাকাতে চায় সামনে। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের আগেই প্রধান কোচের বিষয়টি নিষ্পত্তি নাকি কোচ ছাড়াই সিরিজটা খেলবে বাংলাদেশ, সেটি জানা যাবে কাল বোর্ড সভার পরই।











