,

ইনশা-আল্লাহ কুমিল্লাই চ্যাম্পিয়ন হবে : হাসান আলি

news-image

স্পোর্টস ডেস্ক : কুমারা সাঙ্গাকারা, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহিদ আফিদি, মোহাম্মদ আমিররা বিশ্ব ক্রিকেটের বড় নক্ষত্র। তাদের মতো নাম-ডাক আর তারকা খ্যাতি নেই তার। গায়ে তারকা লেবেল লাগেনি, তাতে কী?

পারফরমার ‘হাসান আলি’ এরই মধ্যে অনেক পরিচিতি পেয়ে গেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা শক্তি ভারতকে হারিয়ে পাকিস্তান যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তার অন্যতম স্থপতি-রূপকার শিয়ালকোটের এই ২১ বছরের ফাস্ট বোলার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল আর ভারতের বিপক্ষে ফাইনালে হাসান আলির নিখুঁত লাইন-লেন্থ, বিষাক্ত সুইং আর স্লোয়ারের মিশেলে দুর্দান্ত বোলিংয়ের কথা এখনো সবার চোখে ভাসছে। ফিরছে সবার মুখে মুখে।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ের অন্যতম নায়ক বনেই ক্ষান্ত থাকেননি হাসান আলি। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর প্রথম বছরেই হইচই ফেলে দিয়েছেন। উইকেট প্রাপ্তিকে মানদণ্ড ধরলে ২০১৭ সালের ওয়ানডে ক্রিকেটের এক নম্বর বোলার তিনি।

এ বছর ১৮ ম্যাচে ৪৫ উইকেট পেয়ে উইকেট শিকারে সবার ওপরে রয়েছেন হাসান আলিই। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান (১৩ ম্যাচে ৩৬) আর ইংল্যান্ডের ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেট (১৮ ম্যাচে ৩৬ উইকেট) তার পেছনে।

সাফল্য তার নিজের নিরন্তর সাথী হয়ে গেছে ইতোমধ্যেই। তাই পারফরমার হাসান আলি আলোচিত, আলোড়িত, দর্শকনন্দিত। এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথমবার খেলতে এসেই নজর কেড়েছেন এ পাকিস্তানি। ছয় ম্যাচে অংশ নিয়ে ১০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন ইতোমধ্যেই।

যার মধ্যে আছে হট ফেবারিট ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম সাক্ষাতে ২০ রানে ৫ উইকেট দখলের দুর্দান্ত কৃতিত্ব। যার সবকটাই বোল্ড। মোটকথা, ওয়ানডের ক্ষুরধার বোলার হাসান আলি এখন কুমিল্ল ভিক্টোরিয়ান্সেরও মূল বোলিং ট্রাম্প কার্ড।

অধিনায়ক তামিম ইকবাল ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন আগেই হাসান আলির বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। এবারের বিপিএলের অন্যতম এ সফল ও কার্যকর ফাস্ট বোলার নিজে প্রথম বিপিএল খেলতে এসে কেমন অনুভব করছেন? টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি আসর হিসেবে বিপিএলকে কেমন দেখছেন? নিজ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরকে কেমন লাগছে তার? কোচ সালাউদ্দিনের প্রশিক্ষণ আর অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্ব সম্পর্কে তার ধারণা কেমন?

নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। আজ বিকেলে জাগো নিউজের সঙ্গে একান্তে কথা বলতে গিয়ে ওপরের প্রতিটি প্রশ্নের খুব সাজানো-গোছানো জবাব দিয়েছেন হাসান আলি। গুলশান দুই নম্বরে ‘ফোর পয়েন্ট শেরাটন’ হোটেলের লবিতে বসে সাক্ষাৎকারে অনেক কথার ভিড়ে কোচ সালাহউদ্দিন, অধিনায়ক তামিম আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরের উচ্ছ্বসিত প্রশংসা হাসান আলির মুখে।

হাসান আলির অনুভব-উপলব্ধি কোচ সালাহউদ্দিন তাকে পিতার স্নেহে আগলে রেখেছেন। প্রথমেই প্রশ্ন করা হলো, বিপিএল খেলতে এসে কেমন লাগছে? মুখ ভরা হাসি দিয়ে হাসান আলির জবাব, ‘খুব ভালো লাগছে। এ আসরে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হচ্ছে। মাঠের লড়াই বেশ জমজমাট। এখন পর্যন্ত খেলে আমি খুব মজা পেয়েছি। বলতে পারেন বেশ উপভোগ করছি। চমৎকার ক্রিকেট হচ্ছে। বেশিরভাগ ম্যাচেই হাড্ডহাড্ডি লড়াই হচ্ছে।’

বিপিএলে মাঠভর্তি দর্শক দেখে অভিভূত হাসান আলি। তাই তো মুখে এমন বক্তব্য, ‘মাঠভর্তি দর্শক দেখে আমার খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক আসছেন প্রতিদিন। গ্যালারিভর্তি দর্শক মাঠের ক্রিকেটকে আকর্ষণীয় করে তোলার খুবই কার্যকর উপাদান। পৃথিবীর যেকোনো আসরে যদি প্রচুর দর্শক মাঠে খেলা দেখতে আসেন, সেটা এক অন্যরকম মজার ও আনন্দেও বিষয় হয়ে দাঁড়ায়। এখানেও দর্শকে পরিপূর্ণ মাঠে খেলতে পেরে অন্যরকম ভালো লাগায় আচ্ছন্ন দেহ-মন। আমি তা উপভোগ করছি। পাশাপাশি অনেক কিছু শিখছিও।’

ভালো লাগার মাত্রা এতটাই বেশি যে- আসর হিসেবে বিপিএলের প্রেমে পড়ে গেছেন হাসান আলি। তাই তো মুখে এমন কথা, ‘ইনশা-আল্লাহ, আশা করছি প্রতিবার এ আসর খেলতে আসবো।’

তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রসঙ্গ আসতেই চোখে-মুখে দ্যুতি খেলে গেল, ‘ওয়েল কুমিল্লা খুব ভাল খেলছে। এখন পর্যন্ত আমরা বেশ উজ্জীবিত ও গোছানো ক্রিকেট খেলছি।’

এটুকু বলেই থেমে যাওয়া নয়। টিম কুমিল্লাকে নিয়ে হাসান আলির লক্ষ্য অনেক বড়। নিজ দলকে চ্যাম্পিয়ন দেখতে মুখিয়ে আছেন তিনি। তাই তো এমন কথা, ‘আশা করছি ফাইনালে জিতবো, ইনশা-আল্লাহ।’

কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি, টিম ম্যানেজমেন্ট, কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর অধিনায়ক তামিম ইকবাল সবার প্রশংসায় পঞ্চমুখ হাসান আলি। কোচ সালাহউদ্দিন সম্পর্কে তার মূল্যায়ন, ‘আমাদের কোচ খুব খুব ভালো মানুষ। আমাকেও ছেলের মতো আগলে রাখছেন। আমাদের কার কাছে তার কী চাওয়া ও আশা কী, কার কেমন দায়িত্ব ও কর্তব্য- সেগুলো খুবই আন্তরিকভাবে এবং স্নেহমাখা ভালোবাসায় বোঝাচ্ছেন। কোচের স্নেহ-ভালোবাসাকে আমার কাছে পিতৃস্নেহের মতো ভালোবাসা মনে হচ্ছে। আমার মনেই হচ্ছে না, এটা আমার দেশের বাইরে কোনো আসর খেলছি। আমার মনে হচ্ছে আমি নিজের দেশের পিএসএলেই খেলছি।’

শুধু কোচের কথা বলবো কেন, কুমিল্লার ম্যানেজমেন্ট, কর্তৃপক্ষ সবাই খুব ভালো। এক কথায় আমাদের কুমিল্লা টিম যেন একটি পরিবার। যার সবাই খুব আন্তরিক। ফ্র্যাঞ্চাইজিরা আমাদের খুব যত্ন নিচ্ছেন। যার যা প্রয়োজন, তাই দিচ্ছেন। আমি খুব খুশি এখানে খেলতে পেরে। ভালোবাসাও মিলছে প্রচুর।’

অধিনায়ক তামিম ইকবাল তার আগের পরিচিত। তাই একটা অন্যরকম বন্ধনে আবদ্ধ দু’জন। অধিনায়ক তামিম প্রসঙ্গ উঠতেই সে কথা জানিয়ে দিয়ে বলে উঠলেন, ‘আরে তামিম ভাইয়ের কথা কী বলবো! তামিম ভাইয়ের সাথে গত দু’বছর পিএসএল খেলেছি। তার সাথে একটা অন্যরকম প্রীতির বন্ধন হয়ে গেছে। সমঝোতাও হয়েছে বেশ। তিনি যা চান আমি তা বুঝি, চেষ্টা করি তার ইচ্ছেমতো পারফরম করতে।’

তামিমের অধিনায়কত্ব সম্পর্কে হাসান আলির মূল্যায়ন, ‘খুব ভালো অধিনায়কত্ব করছেন। তার নেতৃত্বগুণেই আমরা মাঠে ভালো পারফরম করছি। তার নেতৃত্বেই আমরা আসরে অন্যতম ফেবারিট ঢাকা ডায়নামাইটসকে দুই বার হারিয়েছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর