ঢাকায় ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন পোপ
সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের একটি গোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সময় তিনি তার এশিয়া সফরে প্রথমবারের মতো ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেন।
শুক্রবার ঢাকায় আন্তঃধর্মীয় বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ১৬ জনের একটি দলের সঙ্গে সাক্ষাৎকালে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেন পোপ ফ্রান্সিস। খবর বিবিসির।
সীমান্ত এলাকার রোহিঙ্গা শিবির থেকে ১৬ রোহিঙ্গা শরণার্থীকে ঢাকায় পোপের সঙ্গে সাক্ষাৎ করানো হয়। এ সময় পোপ ফ্রান্সিস বলেন, ‘আজ ঈশ্বরের উপস্থিতির আরেক নাম রোহিঙ্গা’।
শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ৮০ হাজার ভক্তের অংশগ্রহণে এক বিশেষ প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ ফ্রান্সিস। প্রার্থনা ও বিশ্বাসের মধ্য দিয়ে এসময় সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ক্যাথলিক প্রধান ধর্মগুরু। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও এতে যোগ দেন।
বিকেলে রাজধানীর কাকরাইলের রমনা ক্যাথিড্রালে যান পোপ ফ্রান্সিস। সেখানে আর্চবিশপ হাউজে তিনি বিশপদের সঙ্গে বৈঠক করেন। এরপর পোপ ফ্রান্সিস সেখানে আন্তঃধর্মীয় বৈঠকটিতে অংশ নেন। তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সফরের শেষ দিন শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শন করবেন ক্যাথলিক প্রধান ধর্মগুরু। পরে তিনি তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরে নটর ডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন পোপ ফ্রান্সিস। এরপর বিকেল ৫টায় ঢাকা ত্যাগ করবেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মিয়ানমার সফরকালে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য পোপের প্রতি মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। তবে সফরকালে পোপকে রোহিঙ্গা শব্দটি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছিল মিয়ানমারের ক্যাথলিক চার্চ। অন্যথায় মিয়ানমারে ক্যাথলিকরা সমস্যায় পড়তে পারে বলে তাকে বলা হয় পোপ ফ্রান্সিস বলেন, ‘মিয়ানমারের ভবিষ্যৎ অবশ্যই শান্তিপূর্ণ হওয়া উচিত। আর এই শান্তি আসবে সমাজের প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা ও অধিকার প্রদান, আইনের প্রতি শ্রদ্ধার জানানোর মাধ্যমে। প্রতিটা ব্যক্তি ও গোষ্ঠীকে গণতন্ত্রের নির্দেশ অনুরসরণ করতে হবে—কেউ বাদ যাবে না। এতে করে সবারই মঙ্গল হবে।’
এর আগে তিনি মিয়ানমার সফর করেন। সেখানে পোপ ফ্রান্সিস তার ভাষণে একবারের জন্যও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণই করেননি পোপ। তবে ‘প্রত্যেক জাতিগোষ্ঠীর সঙ্গে শ্রদ্ধাপূর্ণ’ আচরণ করার আহ্বান জানিয়েছেন বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু।
রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করলেও মঙ্গলবার মিয়ানমারের রাজধানীতে দেয়া ভাষণে প্রত্যেক জাতিগোষ্ঠীর অধিকার রক্ষায় তার দৃঢ অবস্থান তুলে ধরেন পোপ। মিয়ানমারে ভাষণ দেওয়ার আগে পোপ ফ্রান্সিস দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করেন। সু চিও তার বক্তব্যে সরাসরি রোহিঙ্গা মুসলিমদের কথা উল্লেখ করেননি। তবে তিনি স্বীকার করেন, রাখাইনের পরিস্থিতি ব্যাপকভাবে ‘বিশ্বের নজর’ কেড়েছে।
নির্যাতন-নিপীড়নের মুখে গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে ‘জাতিগত নিধনযজ্ঞের’ অভিযোগ ওঠে। মিয়ানমার সরকার ওই জনগোষ্ঠীকে ‘রোহিঙ্গা’ না বলে ‘বাঙালি’ বলে উল্লেখ করে আসছে। তাদের যুক্তি, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অবৈধভাবে মিয়ানমার এসেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ মার্চ ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস।











