ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি আওয়ামী লীগকে উপহার দিতে চাই-তানবির হোসেন কাউছার
স্টাফ রিপোর্টার : আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) নির্বাচনী আসনের ঐতিহ্যবাহী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ বাংলাদেশের মানুষ আজ নিরাপদ। আজ তিনি ক্ষমতায় আছেন বলেই যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে, বিচারের রায়ও কার্যকর করা সম্ভব হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদেরকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। দলকে আরো শক্তিশালী করতে হবে। সকল মতভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি আওয়ামী লীগের মতো একটি দলের কাছে দূর্ভেদ্য হয়ে থাকবে তা হবে না। যে আওয়ামী লীগের কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে সেই আওয়ামী লীগকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সংসদীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে উপহার দিতে চাই।
তিনি বলেন, আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি নির্বাচিত হওয়া এখন সময়ের দাবী। এ সময় তিনি নিজেকে এ নির্বাচনে এ আসন থেকে যোগ্য বলে দাবী করেন। তিনি বলেন, আমি মনোনয়ন পেলে এ আসনের আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে এ আসনটি উপহার দিব। তিনি বলেন, আগামী দিনে ক্ষমতায় যেতে হলে দেশের সব আসনই জরুরী। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমিও আগামী নির্বাচনে আওয়ামী লীগের ঝান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়ব। শহীদ বুদ্ধিজীবির সন্তান হিসেবে আমি আশা করি আমাকে মনোনয়ন দিবেন। তিনি দলীয় নেতা-কর্মীদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান সকল উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে সকল অর্জন জনগণের কাছে তুলে ধরার আহবান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জন ধরে রাখতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সুযোগ্য ছেলে অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার বৃহস্পতিবার সরাইলের ইসলামাবাদ মাদ্রাসার মাহফিলে ও দাউরিয়ায় একটি হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এদিকে বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্তি ও নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। আইন পেশার পাশাপাশি জনসংযোগে যোগ দিতে সরাইলের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। এছাড়াও তিনি দলীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসে স্বতঃষ্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে নিজের অবস্থানকে প্রতিনিয়ত সুসংহত করছেন। দলীয় নেতা-কর্মী ও সমর্থকবৃন্দও এবার আশার আলো দেখছেন।











