শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরের শিডিউল নেই : শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান। বর্তমানে তিনি উত্তম আকাশের পরিচালনায় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ ছবির শুটিং করছেন ময়মনসিংহে। সম্প্রতি তরুণ নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় ‘নোলক’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবি ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন শাকিব খান।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ ছবির শুটিং কতদূর এগিয়েছে?
খুব দ্রুতই ছবির শুটিং চলছে। এ বছরই পুরনো ছবির সব শুটিং শেষ করবো। নতুন বছরে নতুন ছবির পরিকল্পনা করছি। নতুন বছরের শিডিউলও নেই!

ইদানীং নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এর কারণ কী?

সিনেমা যুগের সৃষ্টি, যুগ সিনেমার সৃষ্টি করে না। সিনেমার মাধ্যমে মানুষের ফ্যাশন আসে। নতুনরা এ বিষয়টি ধরতে পারেন। নতুনরা যুগের চাহিদা ও দর্শকদের রুচিকে প্রাধান্য দিতে পারে। নতুন নির্মাতাদের মাধ্যমে আগামীতে বাংলা সিনেমা অনেক দূর যেতে পারবে। তাই আমি নতুন নির্মাতাদের ওপর ভরসা রাখছি। নতুন নির্মাতাদের মধ্যে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।

শুনেছি যৌথ প্রযোজনা এবং কলকাতার ছবির প্রতি আপনার আগ্রহ একটু বেশিই। এ বিষয়ে জানতে চাচ্ছি?
এটা ভুল কথা। আমি দেশের ছবির শিডিউল আগে দিয়েছি। সবার আগে নিজের বাংলাদেশের ছবি। শাপলা মিডিয়া, হার্টবিট প্রডাকশন, আমার নিজের এসকে মুভিজ থেকে আগামীতে ছবি আসছে। এখন শুধু কলকাতার ‘মাস্ক’ নামে ছবির কাজ করেছি।

বাংলা সিনেমা নিয়ে আপনার ভাবনা?
বিশ্বের বড় বড় দেশে আমাদের দেশের সিনেমা মুক্তি পাবে। বিমান থেকে নেমেই, শপিং মলে, কিংবা বিশ্বের উন্নত দেশের রাস্তায় বের হলেই আমাদের বাংলা সিনেমার পোস্টার দেখা যাবে। সেসব দেশে আমাদের ছবি চলবে। আশার কথা হলো গেল বছর থেকেই সেই পথে হাঁটছি আমরা। সিনেমা নিয়ে সবসময় স্বপ্ন দেখেছি।

বেশ কয়েকবছর ধরেই চলচ্চিত্রে শিল্পী সংকট চলছে? এ বিষয়ে আপনার মন্তব্যে কি?
ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তাদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। নিজেরা নিজেদের মধ্যে মন কষাকষি না করে কাজটা যদি ভালোবেসে করা যায় তবে ভালো কাজ বেরিয়ে আসবে। দিনশেষে আমাদের দর্শকরা কিন্তু ভালো কাজ চায়।