সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো-বেনজেমায় রিয়ালের হাফ ডজন

news-image

স্পোর্টস ডেস্ক : ভালো খেলার জন্য রিয়াল মাদ্রিদের তাগিদের অভাব ছিল না। দলের সাম্প্রতিক বাজে ফর্ম কাটিয়ে উঠতে মরিয়া ছিলেন কোচ জিনেদিন জিদান। তাঁর শিষ্য করিম বেনজেমার সামনে ছিল চ্যাম্পিয়নস লিগে ২৭৯ দিনের গোলখরা কাটানোর চ্যালেঞ্জ। আর দুটি মাইলফলকের হাতছানি। অ্যাপোয়েল নিকোশিয়ার মাঠে গতকাল রাতে রিয়াল এ সবকিছুই গেঁথে ফেলল একসূত্রে—চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় ব্যবধানের জয়ে!

সেই জয়ে দুটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। লুকা মডরিচ আর নাচো বাকি দুই গোল করায় ৬-০ ব্যবধানের বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড টানা ২১ মৌসুম শেষ ষোলোর টিকিট কাটল রিয়াল। এ জয়ে দারুণ মাইলফলকও গড়েছে জিদানের দল। আসরটিতে প্রথম দল হিসেবে এ নিয়ে ১০০ লিগ ম্যাচ জিতল রিয়াল। এর মধ্যে প্রতিপক্ষের মাঠে ৫০ ম্যাচ জয়ও চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে রেকর্ড।

দলের সঙ্গে রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। ৪-০ গোলে এগিয়ে বিরতিতে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন রোনালদো। ৪৯ মিনিটে মার্সেলোর ক্রস থেকে হেডে এসেছে প্রথম গোল। ৫৪ মিনিটে নিকোশিয়ার এক ডিফেন্ডার বল হারালে ছুটে এসে কিক নিয়েছিলেন স্বাগতিক গোলরক্ষক। বল বেনজেমার পায়ে লেগে চলে যায় রোনালদোর কাছে। কোনাকুনি শটে আসরটিতে এবার নিজের অষ্টম এবং সব মিলিয়ে ১১৩তম গোল তুলে নেন রোনালদো।

২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ১৮ গোল করলেন রোনালদো, আসরটির এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ গোলের রেকর্ড। শুধু তা-ই নয়, এ ম্যাচে রিয়ালের হয়ে ইউরোপিয়ান আসরে ‘শততম’ গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ৯৮ গোলের পাশাপাশি উয়েফা সুপার কাপে ২ গোল করেছেন রোনালদো। রিয়ালে আট বছরের ক্যারিয়ারে এ জন্য তাঁকে খেলতে হয়েছে ৯৪ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগ সংস্করণে তৃতীয় খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতে গোলের কীর্তিও গড়েছেন রোনালদো।

অ্যাপোয়েলের মাঠে নামার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছিল রিয়াল। এখান থেকে ঘুরে দাঁড়াতে রোনালদো-বেনজেমা যে গোল করতে মরিয়া ছিলেন, জিদান তা জানতেন। রিয়াল কোচ ম্যাচ শেষে বলেন, ‘আমরা জানতাম এটা ঘটবেই—গোল আসবেই। এটা স্রেফ সময়ের ব্যাপার। আমি তাঁদের নিয়ে সন্তুষ্ট। ছয় গোল করা মোটেও সহজ ব্যাপার নয়, সেটা যেকোনো দলের বিপক্ষে। তাই এটা বলা ঠিক হবে না যে প্রতিপক্ষ ছিল বেশ দুর্বল দল।’

রোনালদো আর বেনজেমার সঙ্গে মার্কো এসেনসিওকে রেখে আক্রমণভাগ সাজিয়েছিলেন জিদান। মাঝমাঠে ছিলেন টনি ক্রুস, লুকা মডরিচ ও লুকাস ভাসকুয়েজ। খেলার শুরুতে কিন্তু বেশ অগোছালো খেলেছে রিয়াল। বারবার আক্রমণে উঠলেও পরিকল্পনার অভাব ছিল। ২৩ মিনিটে ২৫ গজ দূর থেকে মডরিচের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় রিয়াল। ক্রুসের পাস থেকে ৩৯ মিনিটে লক্ষ্যভেদ করে চ্যাম্পিয়নস লিগে দীর্ঘ নয় মাসের গোলখরা কাটান বেনজেমা। ঠিক তার দুই মিনিট পরই কর্নার থেকে উড়ে আসা বল গোলমুখে আলতো টোকায় জালে পাঠান নাচো। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল (৫৩) করা ফরাসি খেলোয়াড়ও এখন বেনজেমা।

চ্যাম্পিয়নস লিগ সংস্করণ চালুর আগে ইউরোপিয়ান কাপে প্রতিপক্ষের মাঠে ৭-০ গোলে জয়ের রেকর্ড আছে রিয়ালের। সেটা ছিল ১৯৭৮ সালে লুক্সেমবার্গের দল পোগ্রেস নিদেরকর্নের বিপক্ষে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সংস্করণ চালুর পর প্রতিপক্ষের মাঠে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় রিয়ালের। সূত্র: এএফপি, বিবিসি, রয়টার্স

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা