বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লুজনিকি স্টেডিয়ামের যোগাযোগের উন্নয়নের আশ্বাস রাশিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : দর্শকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর লুজনিকি স্টেডিয়ামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দিয়েছেন রাশিয়া কর্তৃপক্ষ। আর্জেন্টিনার সঙ্গে রাশিয়ার একটি প্রীতি ম্যাচের পর দর্শকরা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী মেট্রো স্টেশন থেকে স্টেডিয়ামে যেতে তাদের অন্তত দুই ঘণ্টা হাটতে হয়েছে।

তারা বলেন, শনিবার অনুষ্ঠিত ম্যাচের শেষ বাঁশি বাজার পর তারা বাধ্য হয়েছে আরো ৩০ মিনিট স্টেডিয়ামে অবস্থান করতে। এই মাঠে অনুষ্ঠিত হবে আগামী বছরের বিশ্বকাপ ফুটবলের বেশকিছু ম্যাচ। মস্কো নিরাপত্তা বিভাগের প্রধান ভ্লাদিমির চেরনিকভ বলেন, স্টেশনের সংস্কার কাজ চলার কারণে তাদের এই দুর্ভোগ পোহাতে হয়েছে।

ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘শিগগিরই স্টেশনটি স্টেডিয়াম পর্যন্ত সংযুক্ত করা হবে। ম্যাচের সময় দর্শকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।’

নতুন করে সংস্কারকৃত ৮১ হাজার আসন সংখ্যার এই স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনেরও কথা রয়েছে। রুশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং উপ-প্রধানমন্ত্রী ভিতালি মুটকো বলেছেন, এই ম্যাচ হচ্ছে বিশ্বকাপ আয়োজকদের প্রধান পরীক্ষা। সেখান থেকেই শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, ‘শনিবারের ম্যাচ নিয়ে পর্যালোচনার মাধ্যমে আমাদেরকে সব ধরনের ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে আগামীতে এখানকার ফুটবল প্রেমীদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।’

শনিবারের ওই প্রীতি ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-০ গোলে স্বাগতিক রাশিয়াকে পরাজিত করে। দর্শনীয় হেডের মাধ্যমে জয়সূচক গোলটি করেছেন সার্জিও এগুয়েরো। -বাসস।