সেতু আছে রাস্তা নাই!
নিজস্ব প্রতিবেদক :গাজীপুর মহানগরীর দক্ষিণের শেষ প্রান্তের গ্রামের নাম ‘উধুর’। অনেক প্রতিক্ষার পর গত কয়েক যুগে এ গ্রামবাসীর প্রাপ্তির খাতায় খুব সামান্যই যোগ হয়েছে। গাজীপুর মহানগরীতে এ যেন এক অজপাড়াগাঁ। মাত্র এক কিলোমিটারের একটি সংযোগ সড়ক না থাকায় উধুর গ্রামবাসীর আজ চরম দুর্ভোগ। ঠিক একই দুর্ভোগ পার্শ্ববর্তী ছিকোলিয়া গ্রামবাসীরও।
উধুর এবং ছিকোলিয়া গ্রাম লাগোয়া দেখা গেলেও মধ্যে বালু নদীর ছোট একটু শাখা বিদ্যমান। ওই শাখায় রয়েছে একটি কালভার্ট। উধুর-ছিকোলিয়া গ্রামের মাঝখানে বালু নদীর উপর এ কালভার্ট থাকলেও নেই কোনো সংযোগ সড়ক। কালভার্টের দুই পাশে সংযোগ সড়কটি শিল্প কলকারখানার তরল বর্জ্য মিশ্রিত পানির কারণে বছর জুড়েই প্রায় ৫-১০ফুট পানির নিচে তলিয়ে থাকে। ফলে দুই গ্রামবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ কারণে স্কুল- কলেজের শিক্ষার্থীসহ এ দুই গ্রামবাসীকে ছোট ডিঙ্গি নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। প্রতিবছর শুকনো মৌসুমে চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে এ দুই গ্রামবাসী যাতায়াতের জন্য অস্থায়ী ব্যবস্থা করে থাকে। অন্যথায় দুই কিলোমিটার উধুর এলাকার পিচ ঢালাই পথ পারি দিয়ে এশিয়া হাইওয়ে হয়ে মিরের বাজার হয়ে ছিকোলিয়া আসতে হয়। এতে প্রায় ৭ কিলোমিটার রাস্তা ঘুরে পাশের গ্রামে আসতে হয়। অথচ এই দু’গ্রামের মাঝে ১ কিলোমিটারের একটি সংযোগ সড়ক হলে গ্রামবাসীর দুর্ভোগ কমে যেত। মাত্র ১ কিলোমিটার সড়কের অভাবে ৭ কিলোমিটার পথ ঘুরে যেতে যেমন সময় অপচয় পাশাপাশি ব্যয়ও অনেক বেশি। ৭ কিলোমিটার রাস্তা ঘুরে যেতেও সমস্যা হতো না যদি যোগাযোগের সঠিক বাহন থাকতো। ওই সাত কিলোমিটার রাস্তা ঘুরে পাশের গ্রামের যেতে এশিয়া হাইওয়ে সড়কে গ্রামবাসীকে ইজিবাইক অথবা লেগুনাসহ বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ পরিবহনে যাতায়াত করতে হচ্ছে। এতে বিভিন্ন সময় ঘটছে নানা ধরনের দুর্ঘটনাও।
উধুর-ছিকোলিয়া গ্রামের সংযোগ সড়কটি নির্মিত হলে পাল্টে যাবে এ দুই গ্রামের চিত্র। হবে যাতায়াতের সুবিধা, কমবে দুর্ভোগ। সহজতর হবে কৃষি পণ্য পরিবহনে। বিভিন্ন বাজারে নিয়মিত সবজি সরবরাহে যেমন মিটবে চাহিদা তেমন বাড়বে সমবৃদ্ধি।
সরেজমিনে দেখা গেছে, উধুর গ্রাম হলো- কৃষি ও গবাদি পশুপালন নির্ভর গ্রাম। এ গ্রামবাসীকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য প্রতিদিন পার্শ্ববর্তী গ্রামের বাজারগুলোতে যেতে হয়। উধুর ও ছিকোলিয়া গ্রামের দূরত্ব মাত্র ১ কিলোমিটার। তবে ১ কিলোমিটার পথটি নিচু থাকায় সারা বছর জলে থৈ থৈ করে। এ সড়কটি শীত মৌসুমে শুকনো থাকলেও বর্তমানে অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কলকারখানার তরল বর্জ্যর কারণে বছর জুড়েই এ সড়কটি প্রায় ৫-১০ফুট পানির নিচে তলিয়ে থাকে। তবে এ সড়কের মাঝখানে ছোট্ট একটি ভাঙা কালভার্ট যেন পানিতে বিলীন হয়ে যাওয়া সোনালী অতীতের সড়কের কথাই মনে করিয়ে দেয়।
উধুর এলাকার কৃষক সুনিল চন্দ্র দাস জানান, উধুর থেকে ছিকোলিয়া পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের পাশপাশি মাঝখানে পানি নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ একটি কালভার্ট নির্মিত হলে উধুর গ্রামের উত্তর দিকের শত শত একর জমিতে ধানসহ বিভিন্ন সবজি চাষাবাদ সম্ভব হবে। চলতি বছর পানি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় শত শত একর বোরো খেত ৮-১০ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকদের লাখ লাখ টাকা লোকসান হয়েছে। গাজীপুর মহানগরে কৃষি জমি এমনিতেই কমে গেছে। তবে গত সিটি কর্পোরেশন নির্বাচনের আগে বেশ কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী এ সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর এ ব্যাপারে কেউ কোনো উদ্যোগ নেয়নি।
বর্তমান সিটি করপোরেশন ৪২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান উদ্দিন জানান, এ সড়কটি উধুর ও ছিকোলিয়া গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি। সড়কটি নির্মিত হলে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর বজলুর রহমান বাছির জানান, এ সড়ক নির্মাণে অনেক টাকা ব্যয় হবে। এ সড়ক নির্মাণের ব্যাপারে আপনি কোনো প্রস্তাব দিয়েছিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটা অনেক বড় প্রকল্প।











