বাংলাদেশ একাদশে দুই স্পিনার ও তিন পেসার
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরেরে আগেই টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম বলেছিলেন, সফরটি বেশ চ্যালেঞ্জিং হবে। হলোও তাই। তাই বলে এতটাই চ্যালেঞ্জিং হলো যে, দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই লজ্জাজনকভাবে হেরেছে সফরকারীরা। তাও প্রথমটিতে ৩৩৩ রানের ব্যবধানে এবং দ্বিতীয়টিতে ইনিংস ও রান ব্যবধানে। আর তাতেই মাথা নিচু পুরা টাইগার টিমের।
টেস্টে লজ্জাজনক হার। আর এটি প্রভাব পড়তে পারে ওয়ানডে সিরিজে। এমনটাই ধারণা ক্রিকেট বিশ্লেষকদের। তবে ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এই সিরিজ।। নতুন কোচ (ওটিস গিবসন) ও অধিনায়ককে (ফাফ ডু প্লেসিস) নিয়ে নতুন করে ওয়ানডে দল গড়তে চাইবে প্রোটিয়ারা। সেক্ষেত্রে ওয়ানডে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যেতে পারে স্বাগতিকদের।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচের ভেন্যু কিম্বার্লির উইকেট ব্যাটসম্যানদের হয়ে কথা বলতে পারে। দুই দলই তিনশো ছাড়ানো স্কোর পার করতেই পারে। আর সেই প্রত্যাশাই নিয়েই রোববার (১৫ অক্টোবর) মাঠে নামবে দুদল। দুই দলের বোলারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। তবে উইকেট ফ্ল্যাট হলেও নতুন বলে বাউন্স আদায় করে নেবে দক্ষিণ আফ্রিকার বোলাররা। সেক্ষেত্রে জ্বলতে হবে বাংলাদেশি পেসারদেরও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি কাটিয়ে চনমনে সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ দল। কঠিন চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশ দলকে খাদের কিনার থেকে টেনে তোলার কাজটা সাকিবকেই করে দেখাতে হবে। দক্ষিণ আফ্রিকায় একমাত্র প্রস্তুতি ম্যাচে একশো স্ট্রাইকরেটে ৬৮ রান করে আগাম বার্তা দিয়ে রেখেছেন তিনি। এছাড়া ফিরেছেন অধিনায়ক মাশরাফি। দলের নেতৃত্ব দেয়া ছাড়াও বোলিং বিভাগের পুরো চাপ সামাল দিতে হবে তাকে।
সবচেয়ে সুখের খবর হচ্ছে, ইনজুরি কাটিয়ে ফিরছেন তামিম ইকবাল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘তামিম আগের চাইতে অনেকটা সুস্থ্য। আশা করছি সে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। আর এ বিষয়ে ফিজিওর সঙ্গে কথা হয়েছে আমার। সে বলেছে আমরা ৮০ ভাগ নিশ্চিত যে খেলবে। আজ তামিম অনুশীলন করছে। সন্ধ্যার পরে নিশ্চিত হতে পারব।’ তাই বলা যায়, তামিমের সঙ্গে টপঅর্ডারে নেতৃত্বে দেবেন সৌম্য-লিটন। অন্যদিকে মিডলঅর্ডারে থাকবেন মুশফিক-মুমিনুল-সাকিব-সাব্বির ও রিয়াদরা।
এখন দেখার বিষয় তিন নাম্বারে কাকে খেলায় টিম ম্যানেজম্যান্ট। মুমিনুল নাকি মুশফিক? সে ক্ষেত্রে মুশফিককেই নামানো উত্তম হবে। কারণ উইকেট কিপিংয়ের দায়িত্ব থেকে যেহেতু টেস্ট ক্যাপ্টেন দূরে থাকবেন। সে হিসেবে তিনে মুশফিককে খেলিয়ে চারে মুমিনুলকে সুযোগ দেয়া যেতেই পারে।
বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুমিনুল হক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
এমডি/মানিক











