মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সস্তায় ইলিশ পেয়ে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাজার থেকে শুরু করে অলিতে-গলিতে মিলছে নানা সাইজের ইলিশ। তবে এগুলো নদীর ইলিশ নয়; সাগরের ইলিশ। সাগরের ইলিশে বাজার সয়লাব। আর এই সুযোগে ক্রেতারাও কিনছে ইলিশ। দামে সস্তা হওয়ায় ইচ্ছা মতো ইলিশ মাছ কিনছে নগরবাসী। রাজধানীতে বিভিন্ন সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) নগরের যাত্রাবাড়ীর মাছ বাজারে গিয়ে দেখা যায়, বাজারে অন্য মাছের তুলনায় ইলিশের চাহিদা অনেক বেশি। মাছ বিক্রেতারা অন্য মাছ বিক্রি করা বাদ দিয়ে বাজারের তুলেছেন ইলিশ মাছ। বেশির ভাগ ক্রেতরাও কিনছেন ইলিশ। হানিফ নামে এক মাছ বিক্রেতা জানান, গত কয়েক দিন ধরে ইলিশের বাজার ভালো। মাছও প্রচুর, চাহিদাও আছে বেশ।

মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি বছর ইলিশের সরবরাহ গত বছরের তুলনায় বেশি না হলেও কম নয়। তবে বাজারে ছোট সাইজের ইলিশই বেশি পাওয়া যাচ্ছে।

যাত্রাবাড়ী মাছের আড়ৎদার শহিদ বিডি২৪লাইভকে জানান, ইলিশ সাগরের লোনা পানির মাছ। ডিম ছাড়ার সময় হলে ইলিশ দলবেঁধে নদীতে আসে। ডিম ছেড়ে আবার সাগরে ফিরে যায়। আষাঢ়-শ্রাবণ মাসে নদীতে ডিম ছাড়তে এসে জেলেদের জালে ধারা পড়ে এসব ইলিশ কিন্তু এ বছর ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। অসংখ্য ডুবো চরে বাধা পেয়ে নদীতে আসতে পারেনি ইলিশ।

তিনি বলেন, সাগর মোহনায় ঘোরাফেরা করে সাগরেই ফিরে গেছে এসব ইলিশ। তাই নদীতে কম ইলিশ পাওয়া যাচ্ছে। তবে সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

পাইকারি বাজারে কম দামে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতি কেজি ইলিশ (৮০০ গ্রামের ওপর) বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকার মধ্যে। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০-৫০০ টাকায়। একইভাবে ছোট আকারের ইলিশ হালি বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।

পাইকারী মাছ বিক্রেতা মাহমুদ শেখ বলেন, কয়েক দিন ধরেই আড়তে প্রচুর ইলিশ আসছে। সরবরাহ বেশি থাকায় দামও কমছে। তিনি আরও বলেন, আগে ইলিশের যে লট (২০ পিস) ১০ হাজার টাকায় কিনেছি। এখন তা কিনছি ৪০০০ হাজার টাকায়। আকার ছোট হলে (এক কেজির নিচে) দাম আরও কম।

ব্যবসায়ীরা বলছেন, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও বাজারজাত করা নিষিদ্ধ হওয়ায় চাহিদা বেশি। অনেক ক্রেতা তাই আগেভাগে একটু বেশি করেই কিনে রাখছেন। এ সপ্তাহে বিক্রি আরও বাড়তে পারে। তবে চাহিদা বেশি থাকায় এ সপ্তাহে দাম একটু বাড়তে পারে।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, ২০১৪-১৫ অর্থবছর দেশে ৪ লাখ মেট্রিক টন ও ২০১৫-১৬ অর্থবছরও ৪ লাখ ২৭ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়। আশা করা হচ্ছে, ২০১৭ সালের শেষে দিকে ইলিশের উৎপাদন প্রায় ৫ লাখ টন ছাড়িয়ে যাবে। মূলত মা ইলিশ সুরক্ষা ও ডিম ছাড়ার পরিবেশ সৃষ্টি করায় এ সফলতা এসেছে। মা ইলিশ রক্ষায় দেশের ১৫টি জেলায় ২ লাখ ২৪ হাজার ১০২টি জেলে পরিবারকে আর্থিক সহযোগিতা দিচ্ছে সরকার।