ফ্রিজ থাকুক পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত
অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার আর মাত্র চারদিন বাকি। এই ঈদে সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে ফ্রিজের। সাধারণত মাছ, মাংস থেকে শুরু করে তরি-তরকারি, ফলমুল এমনকি রান্না করা খাবারও রাখা হয় ফ্রিজে। এতে অনেক সময় ফ্রিজে দুর্গন্ধ হতে পারে। তাই ঈদের আগে ফ্রিজ ভালোভাবে পরিষ্কার করে নিন। এটিকে এমনভাবে প্রস্তুত করে ফেলুন যাতে ঈদের সময় মাংস রাখতে কোন সমস্যা না হয়। মনে রাখবেন, ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমরা এমন কতগুলো ভুল করে বসি যাতে ফ্রিজের অনেক ক্ষতি হয়। কাজেই ক্ষতি এড়াতে নিয়ম মেনে ফ্রিজ পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত রাখুন।
ফ্রিজ পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত রাখবেন যেভাবে-
সুইচ বন্ধ করুন
ফ্রিজ পরিষ্কার করার আগে প্রথমে ফ্রিজের সুইচ বন্ধ করুন। তারপর ৫-১০ মিনিট পর ফ্রিজের দরজা খুলে কাজ করুন। নয়তো ফ্রিজের কম্প্রেসারে চাপ পরে ফ্রিজে সমস্যা দেখা দিতে পারে।
ফ্রিজ খালি করুন
আপনার ফ্রিজ পরিষ্কার করার দ্বিতীয় ধাপ হল ফ্রিজটি খালি করে ফেলা। ফ্রিজের যাবতীয় খাবার দাবার বাইরে বের করে ফেলুন। পরিষ্কার করার আগে এটা নিশ্চিত করুন যে আপনার ফ্রিজটি সম্পূর্ণ খালি হয়েছে কিনা।
বরফ সরিয়ে ফেলুন
বরফ সরাতে আপনার ফ্রিজের পাওয়ার লাইনটি খুলে ফেলুন। কমপক্ষে আধা ঘণ্টা ফ্রিজটি বন্ধ অবস্থায় রাখলে ফ্রিজের সমস্ত বরফ গলে যাবে। তাছাড়া খাবার দাবার নামিয়ে ফেলার সঙ্গে সঙ্গে ফ্রিজে বরফ জমাবার ট্রেগুলোও সরিয়ে ফেলুন। যে বরফগুলো ফ্রিজের গায়ে খুব বেশি লেগে থাকবে সেগুলো ফ্রিজের গা থেকে খুলে ফেলার ব্যবস্থা করুন।
ফ্রিজটি পরিষ্কার করুন
বরফ অপসারণ করার পর এবার ফ্রিজটি পরিষ্কার করে ফেলার পালা। গরম পানিতে ভিনেগার মিশিয়ে একটি স্পঞ্জ দিয়ে আপনার ফ্রিজের ভেতরটা উত্তম রূপে পরিষ্কার করে ফেলুন। খেয়াল রাখুন ফ্রিজের ভেতর যেন কোনো ময়লা আবর্জনা পড়ে না থাকে। পরিষ্কারের সুবিধার জন্য আপনি চাইলে পুরাতন ব্রাশ ব্যবহার করতে পারেন। ফ্রিজের ড্রয়ারগুলো আলাদা ভাবে খুলে নিয়ে পানিতে ভিজিয়ে পরিষ্কার করুন। ফ্রিজের ভেতরে পরিষ্কারের সঙ্গে সঙ্গে দরজা ও বাইরেরটাও পরিষ্কার করে ফেলুন।
গন্ধ দূর করুন
ফ্রিজ পরিষ্কার করার পর যে কোনো ধরণের গন্ধ দূর করতে পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কাপড়ে লাগিয়ে আরেকবার ফ্রিজটি মুছে নিন। এতে সব ধরণের গন্ধ দূর হয়ে যাবে।
ফ্রিজ মুছে ফেলুন
পরিষ্কারের পাঠ চুকে গেলে এবার একটি নরম টাওয়েল দিয়ে ফ্রিজটি মুছে ফেলুন। খুলে ফেলা ড্রয়ারগুলো ভালো করে মুছে আবার প্রতিস্থাপন করুন। খেয়াল করে দেখুন যেন ফ্রিজের কোনো অংশ ভিজে না থাকে।
খাবার দাবার আবার ফ্রিজে রাখুন
সব কাজ শেষে এবার আবার খাবার দাবারগুলো জায়গা মতো তুলে রাখুন। আগামীতে ফ্রিজ পরিষ্কার পরিছন্ন রাখার জন্য সব পদ আলাদা আলাদা তুলে রাখুন। যেমন- মাংস সব আলাদা ড্রয়ারে, মাছ আলাদা, সবজি আলাদা এবং অন্যান্য জিনিসপত্র আলাদা। এতে করে এক খাবার অন্য খাবার মেশার সম্ভাবনা থাকবে না। সবশেষে এটির পাওয়ার লাইন লাগাতে ভুলবেন না।
ফ্রিজ নতুনের মত ঝকঝকে দেখাতে-
নতুন দেখাতে
ফ্রিজের হারিয়ে যাওয়া উজ্জ্বলভাব ফিরিয়ে আনতে মসলিন কাপড়ে জলপাইয়ের তেল অথবা বেবি তেল লাগিয়ে বাইরের অংশ ঘষে নিন। পাঁচ মিনিট অপেক্ষা করার পর হালকাভাবে তা মুছে ফেলুন।
দুর্গন্ধ দূর করতে
প্রতি সপ্তাহে একবার ফ্রিজের ভেতরে বেইকিং সোডা ও স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করুন। এতে দুর্গন্ধ থাকবে না।
সুগন্ধ
একটি তুলার বল ভ্যানিলা এসেন্সে ভিজিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিলে সুগন্ধি হিসেবে কাজ করে।
নিখুঁতভাবে পরিষ্কার করতে
এক লিটার গরম পানিতে পাঁচ টেবিল-চামচ লবণ মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন এবং এটি দিয়ে ফ্রিজের ভেতরে পরিষ্কার করুন।
ফল বা সবজি পচে গেলে
খাবার পঁচে গেলে ফ্রিজে পঁচা গন্ধের সৃষ্টি হয়। ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করার জন্য টমেটোর রস ব্যবহার করুন, পরে গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।
দাগ বা ছোপ পড়লে
ফ্রিজের ভেতরে বা বাইরে যেখানেই দাগ ছোপ পড়ুক না কেনো ক্লাব সোডার মধ্যে কাপড় ভিজিয়ে তা মুছে ফেলুন।
প্রতিরক্ষামূলক স্তর
কাচ বা প্লাস্টিক থেকে দাগ বা ছোপ থেকে রক্ষা করতে পুরানো টেবিল ম্যাট ব্যবহার করতে পারেন, এটি ফ্রিজ পরিষ্কারকে আরও সহজ করে তোলে। বর্তমানে বাজারে রেফ্রিজারেটর পরিষ্কার রাখার ম্যাটও পাওয়া যায়।
সতেজ রাখা
ফল ও সবজি নষ্ট হওয়া থেকে বাঁচাতে ও সতেজ রাখতে বাবল র্যাপ ব্যবহার করতে পারেন।
ছত্রাক থেকে মুক্তি
সমপরিমাণ পানি ও ভিনিগার মিশিয়ে তা দিয়ে রেফ্রিজারেটরের ভেতরে কোনাগুলো পরিষ্কার করুন।
ফ্রিজের নিচে পরিষ্কার করা
পুরানো কাপড় থেকে খানিকটা অংশ কেটে নিয়ে তা হ্যাঙারের সঙ্গে যুক্ত করতে পারেন। পরে এটি খুব সহজেই মপ হিসেবে ব্যবহার করা যায়।
সতর্কতা
-ফ্রিজ কখনই দেয়ালের সঙ্গে একেবারে লাগিয়ে রাখা ঠিক নয়। এটি সবসময় দেয়াল থেকে কিছুটা দূরে রাখুন।
-কখন জোরে ফ্রিজের দরজা বন্ধ করবেন না। এতে করে ফ্রিজের দরজার রাবার সিল নষ্ট হয়ে যায়। ফ্রিজের দরজা ঠিকমত বন্ধ হয়েছে কিনা খেয়াল রাখুন।
-লোডশেডিং এর পর ফ্রিজ ঠিকমত চলছে কিনা চেক করুন।
-ফ্রিজের উপর ভারি কোন জিনিস রাখবেন না। এতে ফ্রিজের ওপর চাপ পড়ে ক্ষতি হয়।
-এয়ার টাইট বক্সে খাবার রাখুন। এতে করে খাবার নষ্ট হবেনা এবং ফ্রিজেও দুর্গন্ধ হবেনা।
– ফ্রিজ পরিষ্কারের পর এক টুকরা লেবু রেখে দিন, এতে ফ্রিজে কোন গন্ধ হবে না।
-মাসে একবার ফ্রিজের সিল পরীক্ষা করুন। যদি কোথাও চিড় দেখা যায় তাহলে দ্রুত তা মেরামত করুন।
-খাবারের মান বজায় রাখতে মাসে অন্তত একবার ফ্রিজটি সঠিক নিয়মে পরিষ্কার করুন। এতে শুধু ফিজ ভালো থাকবে না, একইসঙ্গে এর স্থায়িত্বও বাড়বে।











