গাড়ি থেকে নেমে মাছ ধরা শুরু করলেন মন্ত্রী
খালের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের গাড়িবহর। এ সময় তিনি দেখতে পান ওই খালে একজন মাছ ধরছেন। এ দৃশ্য দেখে মন্ত্রী গাড়ি থেকে নেমে ওই জেলের জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েন। কুমিল্লার ডাকাতিয়া নদীর গাগুর খালে দুপুরে এই ঘটনা ঘটে।
এদিকে, যশোরের অভয়নগর উপজেলায় কচুরিপানা পরিস্কার করতে খালে নামেন স্থানীয় এমপি রণজিৎ কুমার রায়।
জাল ফেলে মাছ ধরার দৃশ্য দেখে হঠাৎ ছেলে বেলায় ফিরে গেলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজেকে ধরে রাখতে পারলেন না, গাড়ি থেকে নেমে হাতে তুলে নিলেন জাল। খালে তা ফেলতেই উপস্থিত সবার মধ্যে উল্লাস। এরপর নিজ হাতে জাল টানলেন সরকারের প্রভাবশালী মন্ত্রী। তাতে বেশ কয়েকটি মাছও উঠল। এ সময় প্রাপ্তির সফলতায় মন্ত্রীর চোখমুখ চিকচিক করছে। নিজ হাত তাজা মাছের শরীর ছুঁইয়ে দেওয়ার তৃপ্তিও যেন উঠে এলো আ হ ম মুস্তফা কামালের অভিব্যক্তিতে।
জানা গেছে, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা (কুমিল্লা দক্ষিণ সদর ও নাঙ্গলকোট-১০)- এ যান পরিকল্পনামন্ত্রী। তার গাড়িবহর হঠাৎ নাঙ্গলকোটের আলিয়ারা, হাসানপুর ও পৌঁছুরের মাঝামাঝি ডাকাতিয়া নদীর গাগুর খাল এলাকায় থেমে যায়। একই সময়ে ওই খালে জাল দিয়ে মাছ ধরছিলেন এক জেলে। গাড়ি থেকেই মন্ত্রীর চোখ পড়ে জেলের ওপর। এরপর মাছ ধরার লোভ সামলাতে না পেরে মন্ত্রী গাড়ি থেকে নামেন। জেলের কাছ থেকে জাল চেয়ে নিজেই তা খালে ফেলেন। সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত মন্ত্রী বেশ কিছুক্ষণ জাল মেরে মাছ ধরেন। পরিকল্পনামন্ত্রীর জাল ফেলার দক্ষতা দেখে উপস্থিত সবাই তাকে বাহবা দেন। বলাবলি করতে থাকেন, মন্ত্রণালয় চালানোর মতই জাল ফেলে মাছ ধরাতে দক্ষ মন্ত্রী।
কচুরিপানা অপসারণ করলেন এমপি:
কচুরিপানা পরিস্কার করতে এবার খালের পানিতে নামলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। শনিবার সকালে যশোরের অভয়নগরের মশিয়াহাটি খালে কচুরিপানা অপসারণ কর্মসূচি পরিদর্শনে গিয়ে পানিতে নেমে পড়েন তিনি। জলাবদ্ধতা নিরসনে জনসাধারণের সঙ্গে তিনিও কচুরিপানা অপসারণ করেন। কচুরিপানা অপসারণে সংসদ সদস্যের অংশগ্রহণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনদীপ ঘরাই জানান, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার থেকে অভয়নগরের জলাবদ্ধ এলাকায় কচুরিপানা অপসারণের কাজ শুরু হয়েছে। শনিবার স্থানীয় সংসদ সদস্য কচুরিপানা অপসারণ কাজ পরিদর্শনে গিয়ে নিজেই অংশ নেন।
জানা যায়, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক স্টাট্যাসের সূত্র ধরে “কচুরিপানা নির্মূলে, নামবো জলে বিভেদ ভুলে” এই শ্লোগানকে সামনে রেখে এলাকার আপামর জনসাধারণ শুক্রবার সকাল থেকে বিভিন্ন খালে নেমে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন।
শনিবার সকালে জলাবদ্ধতা নিরসনে শত শত মানুষ কচুরিপানা অপসারণে খালে নেমে পড়েন। গোবিন্দপুর, সুন্দলী, ডুমুরতলা, ডহর মশিয়াহাটি প্রভৃতি এলাকা ঘুরে ঘুরে দেখেন সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
এরপর মশিয়াহাটি বাজার এলাকা পরিদর্শন শেষে নিজেই মশিয়াহাটি খালে নেমে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন এমপি।











