ব্রাহ্মণবাড়িয়ায় পাশের হারে এগিয়ে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, জিপিএ-৫ এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারে এগিয়ে রয়েছে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ। জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
জেলায় পাশের হারে প্রথম স্থানে থাকা চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে পাশের হার হার ৮১ দশমিক ৫৮ শতাংশ। এই কলেজ থেকে ২৬৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২১৭ শিক্ষার্থী পাশ করেছে। তবে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
জিপিএ-৫ এগিয়ে থাকা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পাশের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। এবছর কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় এক হাজার ৫৪৪ শিক্ষার্থী অংশ নিয়েছে। পাশ করেছে এক হাজার ২১৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩৬ শিক্ষার্থী।
বিভিন্ন কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে ও অনলাইন সূত্রে জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, সরাইল কলেজ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ আশানুরূপ ফলাফল করেছে।
তৃতীয় স্থানে রয়েছে জেলা শহরের বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ। এ কলেজে পাশের হার ৭২ দশমিক ৬২ শতাংশ। এ কলেজ থেকে ৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬১ জন।
চতুর্থ স্থানে রয়েছে বিজনয়নগর উপজেলায় অবস্থিত কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ। পাশের হার ৬০ দশমিক ২৫ শতাংশ। এ কলেজ থেকে ৮৯৩ শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫৩৮জন। জিপিএ-৫ পেয়েছে ৫জন।
পঞ্চম স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। পাশের হার ৫২ দশমিক ৩৫ শতাংশ। এ কলেজ থেকে পরীক্ষায় এক হাজার ১০৬ শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫৭৯ জন।
ষষ্ঠস্থানে রয়েছে সরাইল উপজেলার সরাইল কলেজ। পাশের হার ৪৫ দশমিক ২৮ শতাংশ। এ কলেজ থেকে ৪৮৪ শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২১৯জন।
সপ্তম স্থানে রয়েছে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। পাশের হার ৪৩ দশমিক ৭৫ শতাংশ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১৪১ শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬১জন।
এদিকে জেলা শহরের মৌড়াইল এলাকায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ এবারই প্রথম বারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। কলেজে মানবিক বিভাগ থেকে একজন পরীক্ষার্থী অংশ একজনই পাশ করেছে। কলেজ থেকে সানজিদা আফরোজ নামে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ তিন দশমিক ৭৫ পেয়েছে।











