খেলাপি ঋণ বাড়ছে ব্যাংক কর্মকর্তাদের কারণেই
নিউজ ডেস্ক : ব্যাংকিং সেবাব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ানোর পেছনে অসৎ ব্যবসায়ীদের চেয়েও অসৎ ব্যাংক কর্মকর্তারা বেশি দায়ী বলে মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। প্রতিষ্ঠানটির মতে, ঋণ জালিয়াতিসহ আর্থিক অপরাধের ৯০ শতাংশই সংঘটিত হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দেশের সরকারি-বেসরকারি ব্যাংকের ওপর পরিচালিত জরিপের ফল থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর ভিত্তিক তথ্যের ভিত্তিতে ব্যাংকগুলোর কর্মকর্তা ও গ্রাহকদের ওপর এ জরিপ চালানো হয়।
অবশ্য বিআইবিএমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জরিপ পরিচালনার সময়ে অনেকেই ব্যাংক ঋণ জালিয়াতিসহ আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত বিষয় এড়িয়ে গেছেন। বেশ কিছু ব্যাংক আর্থিক অপরাধে অভিযুক্ত হওয়ার পরও তা গোপন করেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘ব্যাংক কর্মকর্তারা যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে এই সেক্টরে আস্থার সংকট সৃষ্টি হবে। এ কারণে যারা অপরাধ করবেন, তাদের শাস্তির আওতায় আনতে হবে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খারাপ অবস্থায় নিয়ে গেছেন সেখানকার অসৎ এমডিরা।’ তিনি উল্লেখ করেন, ‘দীর্ঘদিন একই পদে অথবা একই শাখায় থাকলে অপরাধের প্রবণতা বাড়ে। তবে কর্মকর্তাদের জ্ঞানের অভাবে অনেকে আর্থিক অপরাধে জড়িয়ে পড়ছেন এমন ঘটনাও আছে।’ এ ধরনের অপরাধ ও ব্যর্থতা এড়াতে প্রত্যেক ব্যাংকের কর্মকর্তাদের যথোপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি বলে মনে তিনি করেন।
২০১৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত সময়ে দেখা গেছে, ব্যাংক কর্মকর্তারা জড়িত থাকায় ব্যাংক খাতে ৫৫ শতাংশ অপরাধ সংঘটিত হয়েছে। এর বাইরে ঋণ বিতরণের ক্ষেত্রে ৩৮ শতাংশ অপরাধ সংঘটিত হয়েছে অস্তিত্বহীন বা ভুয়া গ্রাহকের বিপরীতে বড় অংকের ঋণ অনুমোদনের মাধ্যমে। ১৩ শতাংশ অপরাধ হয়েছে ভুয়া দলিল প্রণয়ন করে ঋণ অনুমোদন, জামানতের মূল্য বেশি দেখানো এবং সীমাতিরিক্ত ঋণ দেওয়ার মাধ্যমে।
এ প্রসঙ্গে বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক ড. শাহ মোহাম্মদ আহসান হাবিব বলেন, ‘দেশের ৩৫ শতাংশ বাণিজ্যিক ব্যাংকে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে।’ তিনি জানান, ‘জরিপের সময় দেখা গেছে, দেশের ৬৫ শতাংশ ব্যাংকের কর্মকর্তা আর্থিক অপরাধে শাস্তির মুখোমুখি হয়েছেন।’
জানা গেছে, ব্যাংক খাতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৩১ কোটি টাকা। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৩৬৬ কোটি টাকা।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘যে সব ব্যবসায়ী ঋণের কিস্তি ফেরত দিতে গড়িমসি করে, বা টাকা ফেরতে নানা বাহানা করে, দেখা গেছে ওই সব ঋণ অনুমোদনের ক্ষেত্রে অসৎ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে।’ তিনি বলেন, ‘ব্যাংক খাতের খেলাপি হওয়া ৬৫ হাজার কোটি টাকার মধ্যে ৫০ হাজার কোটি টাকাই গেছে অসৎ ব্যাংক কর্মকর্তার যোগসাজশে।’
ব্যাংক খাতের অসৎ কর্মকর্তাদের বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান—ইন্টারপ্রেস নেটওয়ার্ক (আইপিএন)-এর এক গবেষণা প্রতিবেদনেও বলা হয়েছে, অনেক ক্ষেত্রে ভালো গ্রাহক ঋণ পায় না, অথচ কর্মকর্তাদের অনৈতিক সুবিধা দেওয়ার ফলে নাম সর্বস্ব শত শত কাগুজে প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে।
এ প্রসঙ্গে আইপিএনের সিনিয়র গবেষক আনোয়ারুল হক বলেন, নাম সর্বস্ব যত প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এর প্রতিটি ঘটনার সঙ্গেই দেখা যাবে ব্যাংকের অসৎ কর্মকর্তা জড়িত।’
এদিকে খেলাপি ঋণ অব্যাহতভাবে বাড়ছে এমন ২৩ ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত রবিবার ব্যাংক গুলোকে পৃথক পৃথক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।বাংলা ট্রিবিউন











