বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রণালয়ের টাকায় ১৫ সংসদীয় কমিটির বিদেশ সফর

 
নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটির মধ্যে এখন পর্যন্ত ১৫টি কমিটির শতাধিক সদস্য মোট ২৪ বার বিদেশ সফর করেছেন। গত দুই বছরের এসব সফরকে ‘অভিজ্ঞতা অর্জন’ ও ‘শিক্ষাসফর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সাংসদেরা বিদেশে গিয়ে কী অভিজ্ঞতা বা শিক্ষা অর্জন করলেন, অধিকাংশ ক্ষেত্রেই তা সংসদ সচিবালয়ে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয় না।

Sangshad

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মতে, মন্ত্রণালয়ের টাকায় সংসদীয় কমিটির বিদেশ সফর নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও মন্ত্রণালয়ের টাকায় সংসদীয় কমিটির সদস্যদের বিদেশ সফরকে নিরুৎসাহিত করে স্পিকারকে একাধিক চিঠি দিয়েছেন।
তারপরও এ ধরনের সফর বন্ধ হচ্ছে না। বরং আরও কীভাবে বিদেশ সফরে যাওয়া যায়, তা নিয়ে কমিটির বৈঠকে গুরুত্বসহকারে আলোচনা হচ্ছে। এখনো যেসব সদস্য কমিটির মাধ্যমে বিদেশে যেতে পারেননি, তাঁরা মন্ত্রণালয়ের ওপর চাপ অব্যাহত রেখেছেন। সংসদ সচিবালয়ের কমিটি শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জাতীয় সংসদের স্পিকার, বিশ্লেষক ও সংসদীয় কমিটি-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সংসদীয় কমিটির কাজ হলো মন্ত্রণালয়ের কাজে নজরদারি করা। ভুলত্রুটি শুধরে দেওয়া। মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে তা তদন্ত করে সুপারিশ করা। কিন্তু এখানে কমিটিগুলো মন্ত্রণালয়ের টাকায় বিদেশ সফর করছে। এর মাধ্যমে কমিটি ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়ছে। কারণ, মন্ত্রণালয়ের কাছ থেকে সুবিধা নেওয়ার পর ওই মন্ত্রণালয়ের কাজে নজরদারি করার নৈতিক জোর সংশ্লিষ্ট কমিটির থাকে না।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের টাকায় বিদেশ সফর করলে কমিটিগুলোর স্বাধীনভাবে কাজ করার সুযোগ কমে যায়। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য টাকার সংস্থান থাকা উচিত। সেটা কীভাবে হতে পারে, সে বিষয়ে সংসদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। সহজ পথ হলো একটি নীতিমালা তৈরি করে তার আলোকে সরকার থেকে সংসদকে টাকা দেওয়া। সংসদ কমিটিগুলোকে টাকা দেবে। সে ক্ষেত্রে কমিটিগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।
মন্ত্রণালয়ের টাকায় ২৪ সফর: সংসদীয় কমিটির বিদেশ সফরের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। কমিটিগুলো আগে থেকেই মন্ত্রণালয়ের টাকায় বিদেশ সফর করছে। তবে অতীতের যেকোনো সংসদের চেয়ে বর্তমান সংসদের সদস্যদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। জ্যেষ্ঠ সাংসদদের মতে, মন্ত্রণালয়ের টাকায় বিদেশে গেলে বিলাসবহুল হোটেলে থাকা-খাওয়ার সুযোগ পাওয়া যায়। অনেক ঘোরাঘুরি করা যায়। সে জন্যই সাংসদেরা বিদেশে যেতে চান। তা ছাড়া বর্তমান সংসদের ১৪৮ জন নতুন সাংসদ আছেন। তাঁদের অনেকেই কখনো ইউরোপ-আমেরিকা বা উন্নত দেশে যাননি। এ কারণে কমিটিগুলো থেকে বিদেশ সফরের দাবি জোরালো হচ্ছে।
সংসদ সচিবালয়ের কমিটি শাখা থেকে জানা যায়, কমিটিগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কী পরিমাণ ব্যয় হয়েছে, সে তথ্য সংসদ সচিবালয়ে নেই। এসব হিসাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে থাকে। সংসদ থেকে শুধু জিও (সরকারি আদেশ) জারি করা হয়ে থাকে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী উন্নত দেশের নগর উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে ২০১৫ সালের অক্টোবরে ১১ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন গৃহায়ণ ও গণপূর্ত কমিটির সভাপতি দবিরুল ইসলাম ও সদস্য নূর জাহান বেগম। ফিরে এসে তাঁরা নগর উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রণালয়কে কোনো পরামর্শ দেননি। জানতে চাইলে দবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা অচিরেই প্রতিবেদন দেবেন।

এই সফরের ব্যয়ভার বহন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক সূত্র জানায়, গত অর্থবছরে বিদেশে ভ্রমণের জন্য দুই কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে বেশির ভাগ টাকা ব্যয় হয়েছে মন্ত্রী-সাংসদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পেছনে।
নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম ছয় সদস্য নিয়ে উন্নত দেশের বন্দর ব্যবস্থাপনার বিষয়ে ধারণা নিতে গত বছরের ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর যুক্তরাষ্ট্র, মিসর ও মরিশাস সফর করেন। এই সফরের ব্যয়ভার বহন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম ওই কমিটির আট সদস্য নিয়ে জার্মানি, রাশিয়া, পোল্যান্ড ও ফ্রান্স সফর করেন গত বছরের ৩১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। সংসদের নথিতে এটিকে শিক্ষাসফর হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সদস্যরা এসব দেশে সংঘটিত বিভিন্ন যুদ্ধের কারণ ও স্থাপনা পরিদর্শন করে মুক্তিযুদ্ধের স্থাপনা সংরক্ষণে সুপারিশ করবেন। তবে কমিটিতে সেই রকম কোনো সুপারিশ এখনো জমা পড়েনি।
সবচেয়ে বেশি তিনটি সফর করেছেন বাণিজ্য মন্ত্রণালয় কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী। গত দেড় বছরে তিনি কমিটির সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়া, জাপান ও বেলজিয়াম সফর করেছেন। জাপানে তাঁরা একটি ফ্যাশন শো দেখতে যান। তবে ফিরে এসে দুটি ক্ষেত্রে তিনি কমিটিতে প্রতিবেদন জমা দিয়েছেন। একই সময়ে এই কমিটির সদস্য মোতাহার হোসেন ও ছানোয়ার হোসেন ইতালি সফর করেন।

গত মার্চে জার্মানিতে অনুষ্ঠিত টেলিকমিউনিকেশন-বিষয়ক মেলায় অংশ নিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদ। এ বিষয়ে তিনি কমিটিতে প্রতিবেদন জমা দিয়েছেন।
জনপ্রশাসন-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান চার সদস্য নিয়ে চীন ও ভিয়েতনাম সফর করেন গত বছরের সেপ্টেম্বরে। আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রশাসনিক পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে তাঁরা এই সফর করেছেন।
কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সদস্য আবদুল মান্নান ও নুরুল ইসলাম ওমর গত বছরের আগস্টে চীন সফর করেন। প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বাহরাইন সফর করেন ২০১৪ সালের ডিসেম্বরে। একই কমিটি ওই বছরের ডিসেম্বরে ওমান এবং ২০১৫ সালের আগস্টে দক্ষিণ কোরিয়া সফর করেন। বলা হয়েছে, জনশক্তি বিষয়ে ধারণা নিতে তাঁরা এসব সফর করেন। আগামী মাসে এই কমিটির সদস্যরা সিঙ্গাপুর যাবেন। সেখানে তাঁরা বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের জঙ্গিবাদ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেবেন।
সংসদ সচিবালয়ের কমিটি শাখা থেকে জানা যায়, প্রবাসীকল্যাণ কমিটি সিঙ্গাপুরের পর থাইল্যান্ডেও যেতে চায়। এ জন্য কমিটি সংসদ সচিবালয়ের কাছে টাকা চেয়েছে। কিন্তু সংসদ সচিবালয় চিঠি দিয়ে জানিয়েছে, এই সফরের জন্য তাদের টাকা দেওয়ার সুযোগ নেই, যে কারণে কমিটির গত বৈঠকে মন্ত্রণালয়ের কাছে টাকা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানতে চাইলে নুরুল মজিদ বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে চার সদস্য গত বছরের ২৩ জুলাই থেকে ২ আগস্ট আইভরিকোস্ট সফর করেন। একই কমিটির তিন সদস্য সফর করেন কঙ্গো। ফিরে এসে তাঁরা একটি সংবাদ সম্মেলন করে জাতিসংঘ শান্তি মিশনে নিয়োজিত বাংলাদেশি বাহিনীর প্রশংসা করেন।
আইন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত দুই সদস্য নিয়ে ভারত ও যুক্তরাজ্য সফর করেন ২০১৫ সালের জুনে। একই মাসে সভাপতি অপর একটি সফরে কমিটির তিন সদস্যকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় যান। প্রস্তাবিত সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইনের বিষয়ে ধারণা নিতে তাঁরা এ দুটি সফর করেন।
রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির পাঁচ সদস্য চীন সফর করেন গত বছরের মে মাসে। জানতে চাইলে কমিটির সদস্য ইয়াসিন আলী বলেন, ফিরে এসে প্রতিবেদন দিয়েছেন কি না, সেটা তাঁর মনে নেই। সম্প্রতি দ্রুতগামী ট্রেনের বিষয়ে অভিজ্ঞতা নিতে এই কমিটির সভাপতি ফজলে করিম, সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, মোসলেম উদ্দিন ও সিরাজুল ইসলাম মোল্লা জাপান সফর করে এসেছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি একাব্বর হোসেন কমিটির সাত সদস্য নিয়ে চীন ও হংকং সফর করেন গত বছরের জুনে। এই সফরে তাঁরা পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সদর দপ্তর পরিদর্শন করেন। এতে মন্ত্রণালয়ের প্রায় ৪২ লাখ টাকা খরচ হয়েছে। মন্ত্রণালয় থেকে জানা যায়, একাব্বর হোসেন এখন মেট্রোরেল সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার জন্য জাপানে যেতে চান।

পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপু মনির নেতৃত্বে সংসদীয় কমিটির নয়জন সদস্য জর্ডান ও লেবানন সফর করেন গত বছরের জুনে। প্রবাসী শ্রমিকদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাওয়ার অগ্রগতি পর্যবেক্ষণ ওই সফরের উদ্দেশ্য ছিল বলে প্রথম আলোকে জানিয়েছেন কমিটির সদস্য সোহরাব উদ্দিন।
মৎস্য ও প্রাণিসম্পদ-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মীর শওকাত আলী ২০১৪ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়া সফর করেন। সেখানে তিনি সাগরে জরিপ চালাতে বাংলাদেশের জন্য তৈরি জাহাজের নির্মাণকাজের অগ্রগতি দেখতে যান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কমিটির চার সদস্য শ্রীলঙ্কা সফর করেন গত বছরের ডিসেম্বরে।

জানতে চাইলে সংসদবিষয়ক বিশ্লেষক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের টাকায় সাংসদদের বিদেশ সফরের বিষয়টি ব্যক্তিগত স্বার্থের পর্যায়ে পড়ে। মন্ত্রণালয়ের টাকায় বিদেশ ঘুরে এসে একটি কমিটি একই মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়ম নিয়ে প্রশ্ন তুলবে কীভাবে? সেই নৈতিক মনোবল তাদের থাকার কথা নয়। তিনি আরও বলেন, সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য বাজেটে সংসদের অনুকূলে বরাদ্দ রাখা উচিত। বিদেশ সফর করে এসে সংসদে প্রতিবেদন জমা দিতে হবে। দেশের মানুষের টাকায় কাউকে না জানিয়ে গোপনে বিদেশে গিয়ে গোপনে চলে আসবেন, সেটা সমর্থনযোগ্য নয়।
বিদেশে যেতে না পারায় ক্ষুব্ধ: যেসব কমিটির সদস্যরা এখনো ‘শিক্ষা’ ও ‘অভিজ্ঞতা’ অর্জনের জন্য বিদেশ সফরে যেতে পারেননি, তাঁরা মন্ত্রণালয়ের ওপর ক্ষুব্ধ। কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, খাদ্য কীভাবে গুদামজাত করা হয়, সেটা জানতে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বিদেশে যেতে চায়। একবার ঘুরে এলেও জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করতে চায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সদস্যরা স্থানীয় সরকার বিষয়ে ধারণা নিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও ভারত সফর করতে চান। আরও বেশ কয়েকটি কমিটি বিদেশে যাওয়ার প্রস্তাব দিয়েছে।

তবে সরকারি প্রতিষ্ঠান কমিটি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের টাকায় কমিটির সদস্যদের বিদেশে যাওয়াকে নিরুৎসাহিত করেছে। একাধিক সাংসদ জানান, সম্প্রতি বিদেশ সফরের আবদার করায় প্রতিষ্ঠান কমিটির সভাপতি শওকত আলী কমিটির বৈঠকে একজন সাংসদকে ভর্ৎসনা করেন।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, গত বছরের ডিসেম্বরে পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাছান মাহমুদ উন্নয়ন-সহযোগীদের টাকায় প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগ দেন। সংসদ থেকে টাকা পাওয়ার আশ্বাস পেয়ে একই কমিটির সদস্য নবী নেওয়াজ, গোলাম রাব্বানী, ইয়াহইয়া চৌধুরী ও টিপু সুলতান প্রাথমিকভাবে নিজেদের টাকায় ওই সম্মেলনে যোগ দেন। ফিরে এসে তাঁরা সংসদের কাছে টাকা দাবি করেন। কিন্তু সংসদ টাকা দিতে রাজি হয়নি। এই জটিলতার সুরাহা এখনো হয়নি।

জানতে চাইলে হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের টাকায় সংসদীয় কমিটির বিদেশ সফর যৌক্তিক নয়। তবে অবশ্যই সাংসদদের বিদেশ সফরের সুযোগ থাকা উচিত। সে জন্য সংসদকে টাকা বরাদ্দ দেওয়া উচিত।
আর্থিক শৃঙ্খলা নষ্ট: ভারত ও যুক্তরাজ্যে সংসদীয় কমিটির বিদেশ সফরের বিষয়ে আলাদা নীতিমালা আছে। নীতিমালা অনুযায়ী সংসদীয় কমিটি পার্লামেন্টের টাকায় বিদেশ সফর করে থাকে। সে জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়। কিন্তু বাংলাদেশে সে রকম কোনো নীতিমালা নেই।

এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে গত বছরের ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একটি চিঠি পাঠান। চিঠির একটি অনুলিপি তিনি প্রধানমন্ত্রীর কাছেও পাঠান। তাতে অর্থমন্ত্রী বলেছেন, মন্ত্রণালয়ের টাকায় সাংসদদের বিদেশ সফরের কারণে আর্থিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। কারণ, কমিটির চাহিদা অনুযায়ী মন্ত্রণালয় অর্থ ছাড় করে। তিনি সাংসদদের বিদেশ সফরের জন্য একটি নীতিমালা তৈরি করে সংসদের মাধ্যমে অর্থ ছাড় এবং এ জন্য সংসদের অনুকূলে বাজেটে বরাদ্দ রাখার পক্ষে মত দেন।

তবে চলতি বাজেটেও এ ধরনের কোনো বরাদ্দ রাখা হয়নি। এ বিষয়ে স্পিকার বলেন, নীতিমালা হয়নি বলে বাজেটে বরাদ্দ রাখা হয়নি। তাই আপাতত কমিটির বিদেশ সফরের টাকা মন্ত্রণালয় থেকেই নিতে হবে।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, ১ আগস্ট স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অর্থমন্ত্রী আবারও চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, সংসদীয় কমিটির বিদেশ সফর নিরুৎসাহিত করা উচিত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ