সৌদি নারী কখন বিদেশিকে বিয়ে করতে পারবে
আন্তর্জাতিক ডেস্ক : ‘এভাবেই ভাঙে বর্ণবাদ’। সৌদি নারীর সঙ্গে একজন অসৌদির বিয়ের অনুষ্ঠান শেষে এক সৌদি নাগরিকের পোস্ট এটি। হয়তো ওই ব্যক্তি নিজেও জানতেন না টুইটারে তার ছোট ক্লিপটি এভাবে ছড়িয়ে পড়বে বিশ^ব্যাপী। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই পোস্টের কারণে ফের সৌদি নারীর অধিকার, জাতিবিদ্বেষ ও সামাজিক রাজনীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
ফুটেজে দেখা যায়, একদল পুরুষ বৃত্তাকারে নাচছে এবং নেপথ্যে বেজে চলেছে সিরিয়ার ঐতিহ্যবাহী গান। তবে ভিডিও ফুটেজে এটি নিশ্চিত নয় যে সৌদির কোন প্রদেশের ঘটনা এটি। ধারণা করা হচ্ছে, মদিনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সৌদি পাত্রীর সঙ্গে সিরীয় পাত্রের বিয়ে হয়।
সেই ভিডিওতে ৫০ হাজারের বেশি মানুষ হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, ‘মদিনাতে হারব উপজাতির এক নারীর সঙ্গে সিরীয় নাগরিকের বিয়ে।’
উপজাতি ওই পাত্রীর সঙ্গে সিরীয় পাত্রের কীভাবে যোগাযোগ হলো- ‘মহা’ বিতর্কের এটি অন্যতম দিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উল্লসিত হয়ে গোটা দেশের বিবাহব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, “আজ রাতে মদিনাতে কী হলো’। অনেকেই বিদেশির সঙ্গে বিয়ের ফলাফল কী হতে পারে, এ নিয়েও আলোচনায় মেতে উঠেছেন।
টুইটারে একজন লিখেছেন, ‘এটি ওই নারীর স্বাধীনতা যে সে কাকে বিয়ে করবে। কিন্তু পরে এসে উনি (নারী) রাষ্ট্রের কাছে চিৎকার করতে পারবেন না যে, আমার স্বামী ও সন্তান বিদেশি কিন্তু তাদের নাগরিকত্ব দাও। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা করো।’
আলোচিত সেই দম্পতি সম্পর্কে বিবিসির অনলাইন প্রতিবেদনে বিস্তারিত কিছু জানা যায়নি। শুধু বলা হয়েছে, ভিডিওতে নবদম্পতিকে সবার দোয়া নিতে দেখা যায়।
অনেকেই এই নবদম্পতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের শুভেচ্ছা দিয়েছেন। এটিকে তারা জাতিবিদ্বেষ-বিরোধী এবং সৌদি নারী-পুরুষের সমান অধিকার সৃষ্টির প্রয়াস বলেছেন। তাদের মতে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- পাত্র ও পাত্রী দুজনের পরিবারই মুসলিম।
বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি নারী ও পুরুষের ক্ষেত্রে নিয়মের ভিন্নতা। ‘একজন সৌদি পুরুষ বিনা বাধায় বিদেশি নারী বিয়ে করতে পারে। কিন্তু সৌদি নারীর ক্ষেত্রে এমনটি নিষিদ্ধ। আজ যদি একজন সৌদি পুরুষ কোনো বিদেশি নারীকে বিয়ে করে আনতেন তাহলে এত হইচই হতো না।’ এভাবেও অনেকে মন্তব্য করেছেন।
মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের ব্যাখ্যা তুলে ধরে বলা হয়েছে, নানা জাতির মধ্যে বিয়ের উদাহরণ কোরআন সমর্থন করে। একজন টুইটারে মহানবীর সময়ের উদাহরণ টেনে বলেন, ওই সময়ও বিভিন্ন জাতির মধ্যে বিয়ে সমর্থন করা হতো।
অনেকে আবার এই সৌদি নারীর বিয়েকে ভিন্ন চোখে দেখছেন। একজন লিখেছেন, ‘বিয়ে সারা জীবনের জন্য। সৌদি নারীর জন্য বিদেশি নাগরিক বিশেষ করে সিরিয়ান নাগরিককে বিয়ে করা বড় ভুল।’
আরেকজন মনে করেন, ‘আমি আশা করব উনি হবেন সৌদির শেষ নারী যে কোনো বিদেশি পুরুষকে বিয়ে করেছেন।’
আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটি জাতিবিদ্বেষ নয়। যদি আপনার একটি উন্নত ও ভালো চরিত্রের ঘোড়া থাকে, তাহলে কি আপনি তাকে খচ্চরের সঙ্গে রাখবেন? না, নিশ্চয় আপনি তার বংশরক্ষা করবেন।’
সৌদির নাগরিক নয় এমন কাউকে বিয়ের ক্ষেত্রে দেশটির নারী বা পুরুষ কারো জন্যই আইনগত নিষেধাজ্ঞা নেই। তবে যারা অন্য জাতির নাগরিককে বিয়ে করবে, তাদের নির্দিষ্ট কিছু প্রশাসনিক নিয়মের মধ্য দিয়ে চলতে হয়, যা বেশ জটিল ও দীর্ঘ।
সৌদির শিক্ষাবিদ ড. হাতুন আল-ফাসি বলেন, প্রথা অনুযায়ী সৌদির যে নারী কোনো সৌদির নাগরিক নয়, এমন কাউকে বিয়ে করতে চায় তার (নারী) পক্ষে এক আত্মীয় প্রশাসনিক এসব কাজগুলো করবে। এ জন্য বরকে প্রায় ১৮ মাসের মধ্যে দিয়ে যেতে হবে। এ ছাড়া এমন দম্পতির সন্তানরা সৌদির নাগরিকত্ব পাবে না। ১৮ বছর বয়স হলে শুধু ছেলেসন্তানরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তবে এসব দম্পতির সন্তানরা সৌদি ছেলে-মেয়ের মতো দেশটিতে পড়াশোনার ও অন্যান্য সুযোগ পাবে। প্রতি বছর কয়েক হাজার সৌদি নারী সৌদির নাগরিক নন, এমনকি আরব বিশে^র নাগরিক নন এমন পুরুষদের বিয়ে করেন বলে জানালেন আল-ফাসি।











