বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্দুকযুদ্ধে’ ৩ জেলায় জেএমবিসহ নিহত ৪

JMBনিউজ ডেস্ক : রাজধানী ঢাকার মিরপুর, রাজশাহীর গোদাগাড়ী ও ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছে। সোমবার রাতে বন্দুকযুদ্ধে এরা নিহত হয়। নিহতদের ২ জন ঢাকায়, ১ জন রাজশাহীতে এবং ১ জন ব্রাক্ষণবাড়িয়া।

এদের মধ্যে ঢাকা ও রাজশাহীতে নিহত ৩ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহেদিনের (জেএমবি)সদস্য। ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আমাদের নিজস্ব প্রতিবেদক জানায়, রাজধানীর পল্লবী থানার কালশী এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জেএমবি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহ দুই জেএমবি সদস্য হল- তারেক হোসেন মিনু ওরফে ইসমাইল (৩৫) ও সুলতান মাহমুদ ওরফে কামাল (৪২)।

মঙ্গলবার (৭ জুন) সেহরির আগে এ ঘটনা ঘটে বলে বাংলামেইলকে জানিয়েছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

কালশীর লোহার ব্রিজের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান জানান, নিহত দুজন দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় এসেছিলেন। গতরাতে ডিবির দক্ষিণের একটি টিম পল্লবীতে অভিযানে যায়। এ সময় জেএমবি সদস্যরা ডিবি পুলিশকে লক্ষ করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে অজ্ঞাত পরিচয়ের দুই জঙ্গি নিহত হয়। এ সময় ডিবির দুজন সদস্যও আহত হন।

মাসুদুর রহমান আরো জানান, ঘটনাস্থল থেকে ৩টি হাতবোমা, একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আমাদের রাজশাহী অফিস জানায়, রাজশাহীর বাগমারার সৈয়দপুর গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় জড়িত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য জামাল উদ্দিন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কালিনগর গ্রামের তাবজুল হকের ছেলে। তিনি জেএমবির আত্মঘাতী টিমের সদস্য ছিলেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আবু ফরহাদ এসব তথ্য জানিয়েছেন।

আবু ফরহাদ আরো জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গোদাগাড়ীর ফরাদপুরে অভিযানে যাওয়ার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভোর ৫টার দিকে ময়নাতদন্তের জন্য জামালের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার কথা জামাল পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশকে জামাল আরও জানিয়েছে, মসজিদে বোমা বিস্ফোরণে আত্মঘাতী তারেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রূপনগর গ্রামের আবু সালেকের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল।

জামালের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতেই অভিযান চালিয়ে পুলিশ আত্মঘাতি তারেকের মা তসলিমা বেগমকে আটক করেছে।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমায় নিহত হয় তারেক। ওই সময় তারেকের পরিচয় শনাক্ত ও তার সহযোগী জামালকে ধরিয়ে দিতে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

আমাদের ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি জানায়, জেলার নাসিরনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত রুবেল মিয়া (২৮) নিহত হয়েছেন। এ সময় পুলিশ একটি দেশীয় তৈরি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার কুণ্ডা ইউনিয়নের তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার নূরপুর গ্রামের ফয়েজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, সোমবার রাতে নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাত রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এ সময় পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ডাকাত সদস্য রুবেল মিয়া মারা যান। তার সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ৪ রাউন্ড গুলি ও রড এবং কিরিচ উদ্ধার করেছে।

তিনি আরো জানান, নিহত রুবেলের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে জেলার নাছিরনগর থানায় ৮টি ও বিজয়নগরে ৪টিসহ মোট ১২টি মামলা রয়েছে। বাংলামেইল