ক্লিনটন ফাউন্ডেশন এফবিআইয়ের তদন্তজালে
আন্তর্জাতিক ডেস্ক :হিলারি ক্লিনটনক্লিনটন ফাউন্ডেশনের প্রশ্নবোধক কর্মকাণ্ড নিয়ে তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আর এ কারণে চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটন। তার নির্বাচনি প্রচারণায় এ নিয়ে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে।
গত ২১ এপ্রিল মার্কিন পত্রিকা ডেইলি কলার ‘ডিসগ্রেসড ক্লিনটন ডোনার গট থার্টিন মিলিয়ন ইউএস ডলার ইন স্টেট ডিপার্টমেন্ট গ্রান্টস আন্ডার হিলারি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। এর পর তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। তবে এ নিয়ে খোঁজ করতে গিয়ে মার্কিন গণমাধ্যম থেকে জানা যায়, প্রতিবেদনে উল্লেখিত ক্লিনটন ফাউন্ডেশন সম্ভবত এফবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে। ইমেইল সার্ভারের তদন্ত করতে গিয়েই খোঁজ পাওয়া যায় ক্লিনটন ফাউন্ডেশনের প্রশ্নবোধক অনেক কর্মকাণ্ডের। আর এ নিয়ে চরম বিপাকে রয়েছেন হিলারি ক্লিনটন। ক্লিনটন ফাউন্ডেশন এবং তাকে জড়িয়ে অভিযোগ ওঠার পর তার প্রচারণায় নেতিবাচক প্রভাব পড়ছে। আর হিলারির একজন সহযোগী বিচারিক প্রক্রিয়া থেকে দায়মুক্তির (ইমিউনিটি ডিল) শর্তে এফবিআইকে তদন্তকাজে সহায়তা করতে চাওয়ায় সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলারও আশঙ্কা তৈরি হয়েছে।

ডেইলি কলারের ২১ এপ্রিলের সেই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের পদ হারানোর পর যুক্তরাষ্ট্রভিত্তিক তার নানা প্রতিষ্ঠানকে ইউএসএআইডিসহ ১৮টি সংস্থার মাধ্যমে অনুদান, ঋণ কিংবা কাজ হিসেবে রাষ্ট্রীয় ১ কোটি ৩০ লাখ ডলার পাইয়ে দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, এর বিপরীতে ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে এক লাখ থেকে তিন লাখ ডলার দান করেন। এ সংক্রান্ত সংবাদটি পরে রাশিয়াভিত্তিক টেলিসুরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হলেও এখন পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস কিংবা ওয়াশিংটন পোস্টের মতো প্রথম সারির মার্কিন মিডিয়াগুলো এ সংক্রান্ত কোনও খবর প্রকাশ করেনি।
বিষয়টি নিয়ে ৩১ মার্চ তারিখে ফক্স নিউজ খবর প্রকাশ করে। ফক্স নিউজের ওই খবরে নিজস্ব সূত্রের বরাতে দাবি করা হয়, ক্লিনটনের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কিংবা তাদের কথিত অমুনাফাভোগী প্রতিষ্ঠান ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাবাদের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে এফবিআই। ওই প্রতিবেদন থেকেই এফবিআইয়ের তদন্তজালে ক্লিনটন ফাউন্ডেশনের যুক্ত থাকার আভাস পাওয়া যায়। ফক্স নিউজের এই খবরকে রয়টার্সসহ অনেকে সর্মথন জানায়। তারাও জানায়, অচিরেই হিলারি ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে এফবিআই। তবে সেই জিজ্ঞাসাবাদ কেবল ইমেইল-সার্ভারে সীমাবদ্ধ থাকবে নাকি ক্লিনটন ফাউন্ডেশনের বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে তা এখনই স্পষ্ট নয়।
এফবিআইয়ের অপরাধ বিভাগের সাবেক একজন সহকারী পরিচালক রবার্ট টি হোস্কো দাবি করেন, যদি ডেইলি কলার নিউজ ফাউন্ডেশন এইসব তথ্য পেয়ে থাকে, তাহলে অবশ্যই মানতে হবে যে এফবিআইএর কাছেও এইসব তথ্য রয়েছে। এফবিআই এ নিয়ে কোনও মন্তব্য করেনি।বস্তুত ক্লিনটনের ইমেইল তদন্ত করতে গিয়েই অনেকটা কেচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো করে একের পর এক বের হয়ে আসে ক্লিনটন ফাউন্ডেশনের প্রশ্নবোধক অনেক কর্মকাণ্ড। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অভিযোগ হলো ক্লিনটন ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ক্লিনটন-জিউস্ট্রা এন্টারপ্রাইজ পার্টনারশিপ-সিজিইপকে নিয়ে। রুশ সংবাদমাধ্যম আরটির এক খবরে বলা হচ্ছে, ফাঁস হওয়া পানামা পেপারসে নাম রয়েছে জিউস্ট্রা ইন্টারপ্রাইজের মালিক কানাডার খনি ব্যবসায়ী ফ্রাঙ্ক জিউস্ট্রার। তাছাড়া ক্লিনটন ফাউন্ডেশনে ওই প্রতিষ্ঠানের দেওয়া অর্থের পরিমাণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। ক্লিনটন ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাদের দেওয়া অর্থের পরিমাণ ২৫ মিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি বলা হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হারপার’স ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অর্থের পরিমাণ অন্তত ৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা কমিয়ে দেখানো হয়েছে। জিউস্ট্রা ইন্টারপ্রাইজ মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে।
ক্লিনটন ফাউন্ডেশনের বিরুদ্ধে ওঠা আরেকটি অভিযোগ হলো স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করা। ডেইলি কলারের প্রতিবেদন থেকে জানা যায়, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তার অন্যতম সহযোগী হুমা আবেদিন একই সঙ্গে মার্কিন সরকার এবং ক্লিনটন ফাউন্ডেশনের কর্মচারী হিসেবে কাজ করেছেন, যার কারণে স্বার্থের সংঘাত ঘটেছে।
এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস ছাড়ার পর ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন বিল আর হিলারি ক্লিনটন। ওই সময়ে তাদের অর্জিত সম্পদের পরিমাণ ১৩৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া আফ্রিকার এইডস বিরোধী কর্মসূচির জন্য পাওয়া এক বিনিয়ন ডলার অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এখন হিলারির বিরুদ্ধে তদন্তে কেবল ইমেইল সার্ভার নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি সেখানে ক্লিনটন ফাউন্ডেশনের বিষয়টিও আলোচনায় আসবে, তদন্তে কতোদিন সময় লাগবে, ঠিক করে এর রিপোর্ট প্রকাশ করা হবে তাও বলছে না মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। তবে ডেইলি কলারের ২১ এপ্রিলের এক প্রতিবেদনে এফবিআইয়ের পরিচালক জেমস কমির বরাতে বলা হয়, তদন্ত শেষের জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা না হলেও জুনের ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের আগেই তদন্তের কাজ গুছিয়ে আনার চেষ্টা করছেন তারা।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়ায় সহায়তা পেতে এরইমধ্যে মার্কিন পররাষ্ট্র দফতরের সাবেক তথ্য-প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা পাগলিয়ানোর সঙ্গে বিচারিক প্রক্রিয়া থেকে দায়মুক্তির চুক্তি তথা ইমিউনিটি ডিল করা হয়েছে। (ইমিউনিটি ডিল অনুযায়ী তদন্তকারীরা সম্ভাব্য ফৌজদারি অপরাধ উন্মোচন করতে তাদের কাজ খাদ্য চক্রের পদ্ধতিতেই এগিয়ে নিয়ে থাকেন।) যদিও বিচার বিভাগের বেশ কয়েকজন সাবেক প্রসিকিউটর জানিয়েছেন, অভিযোগ থেকে সংশ্লিষ্ট কোনও একজনের দায়মুক্তি হলেই যে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ আনার অপরিহার্যতা তৈরি হবে, তা নয়।
বিশেষজ্ঞদের মতে, দায়মুক্তির এই চুক্তিটি দুটি বিষয় স্পষ্ট করে। প্রথমত এর ফলে তদন্তকারীরা বিশ্বাস করেন, পাগলিয়ানোর কাছে এমন সব মূল্যবান তথ্য থাকার সম্ভাবনা রয়েছে যার মধ্য দিয়ে আইন ভঙ্গ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। আর দ্বিতীয়ত চুক্তির মধ্য দিয়ে বোঝা যায়, অপরাধের মামলার সম্ভাব্যতার ব্যাপারে বিচার বিভাগ ন্যূনতম প্রস্তুতি নিয়ে রেখেছে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে হিলারি অবৈধভাবে ক্লাসিফায়েড তথ্য বিনিময় করেছেন কিনা তা তদন্তের ক্ষেত্রে পাগলিয়ানোকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয়ে থাকে।
তবে হিলারি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হোন আর না হোন, চলমান তদন্ত হিলারির নির্বাচনি ক্যাম্পের জন্য মোটেও সুখকর নয়। বার্তা সংস্থা এপির বরাতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রভাব পড়তে শুরু করেছে হিলারির নির্বাচনি প্রচারণায়। আর তা নিয়ে তার প্রচারণাকারীরা উদ্বিগ্ন। এদিকে হিলারির ইমেইল ও ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে প্রফেসর ইউনূসের নাম জড়িয়ে ডেইলি কলারে প্রতিবেদন প্রকাশের পর নোবেলজয়ী ওই অর্থনীতিবিদের পক্ষ থেকে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইউনূস সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ইউনূস ব্যক্তিগতভাবে নন, তার সহযোগী প্রতিষ্ঠানগুলো এই টাকা নিয়েছে। আর ক্লিনটন ফাউন্ডেশনকে অর্থ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।










