সরাইলে ইউপি নির্বাচনের হালচাল দিনে নৌকা রাতে স্বতন্ত্র
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নির্বাচনের আর মাত্র বাকি ৪ দিন। চেয়ারম্যান পদে ৯ ইউনিয়নে লড়ছেন ৭১ জন। আওয়ামীলীগ বিএনপি জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের প্রার্থীদের প্রচারণায় এখন সরগরম গোটা উপজেলা। আচরণ বিধি মানছেন না বড় দলের প্রার্থীরা। তবে স্বস্থিতে নেই বড় তিন দলের প্রার্থীরা। কারন দলের দায়িত্বশীল নেতাদের অবস্থা অনেকটা নরবরে। মাঝে মধ্যে বাক্য বিনিময়ে মুখোমুখি হয়ে যাচ্ছেন আ’লীগ ও জাতীয় পার্টি। ইতিমধ্যে সরাইলের ১৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বরখাস্থ করেছে আ’লীগ। তারপরও মাঠ দাবরিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহীরা। রয়েছে শঙ্কা। দলীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগের ৯ জন, বিএনপি’র ৯ জন ও জাতীয় পার্টির ৮ জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। সরজমিনে জানা যায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বড় দলগুলো ভুগছে সমন্বয়হীনতায়। প্রার্থী সিলেকশন এর অন্যতম কারন বলে জানায় তৃণমূলের নেতা কর্মীরা। ২-৩টি ইউনিয়নে এমন প্রার্থী দেয়া হয়েছে যারা এলাকার ৮০ভাগ লোকের কাছে অপরিচিত। প্রভাবশালী নেতার স্বজন ও তদবিরে মিলেছে মনোনয়ন। মাঠে তারা তেমনটা সক্রিয় নয়। নেতা কর্মীদের বলছেন চিন্তা করো না। পাস করাবে সরকার। এমন কথা চাউর রয়েছে গোটা উপজেলায়। বেশ কয়েকটি ইউনিয়নে সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভে ভুগছেন। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ৩-৪ জন লোক ছাড়া অন্যদের দেখা মিলছে না। পিট বাঁচিয়ে লোক দেখানো কাজ করে যাচ্ছেন দলীয় প্রার্থীর পক্ষে। ২-৩টি ইউনিয়নে আ’লীগের দায়িত্বশীল পদের নেতারা দলীয় প্রার্থীর চেয়ে গুরুত্ব দিচ্ছেন পছন্দের স্বতন্ত্র প্রার্থীদের দিকে। একই নেতা তার লোকজনকে পাঠাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর মিছিলে। আবার ওই লোকগুলোকেই পাঠাচ্ছেন নৌকার মিটিং মিছিলে। দিনে ঘাম জরাচ্ছেন আ’লীগের প্রার্থীর সাথে। আবার রাতে গোপনে বসে জয়ী হওয়ার বুদ্ধি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীকে। এমনকি স্বতন্ত্র প্রার্থীকে ভোট ছাপানোর লোক সাপ্লাই ও আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দিচ্ছেন। কামাই করছেন মোটা অংকের টুপাইস। ওই শ্রেণির নেতারা আবার সাধারন ভোটারদের (দলীয় পদহীন) নৌকা না করলে প্রকাশ্যে গণহারে বহিস্কারের হুমকিও দিচ্ছেন। নির্বাচনের দিনে সংঘাত সৃষ্টির পায়তারাও করছেন কিছু নেতা। এমন বিষয় নিয়ে ভোটারদের সাথে নেতাদের বাক-বিতন্ডার ঘটনাও ঘটেছে। ৯নং শাহজাদাপুর ইউনিয়নের আ’লীগের প্রার্থী মোঃ শহিদুজ্জামান নিজ দলের নেতা কর্মীরা তার পক্ষে কাজ করছে না এমনটি স্বীকার করে বলেন, কিছু নেতা মাঝে মধ্যে আসেন। আত্মীয় স্বজন নির্বাচন করছে। তাই দলের অধিকাংশরাই যার যার মত নির্বাচন করছে। ১নং অরুয়াইল ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাকিম বলেন, আমার জনপ্রিয়তায় ঈশ্বার্ন্বিত হয়ে এখানকার আ’লীগের প্রার্থী প্রায়ই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সবশেষে পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার সিদ্ধান্তে অনড় সাধারন ভোটাররা।
বিএনপি’র প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন ঠিকই। কিন্তু ভোটের মাঠে তারা একদম নিরব। কিছু জায়গায় পোষ্টার সাটালেও প্রচারে আ’লীগ থেকে অনেক পিছিয়ে। অধিকাংশ ইউনিয়নে প্রার্থীর উঠান বৈঠক ও নির্বাচনী কর্মকান্ডে অনুপস্থিত থাকছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদক। তাদের কেউ প্রকাশ্যে আবার কেউ কেউ গোপনে কাজ করছেন স্বতন্ত্র ও আ’লীগ প্রার্থীর পক্ষে। ৩ নং চুন্টা ইউনিয়নের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ জয়নাল উদ্দিন রাজু বলেন, আমার সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতাই কাজ করছে না। আমি একা। ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সম্পাদক সহ অনেকেই প্রকাশ্যে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। সভাপতি ২৪ মার্চ থেকে দৈনিক ১৮ হাজার টাকা খরচ চেয়েছিলেন। আমি দিতে পারিনি। এ জন্য তিনি আমাকে বলে দিয়েছেন- তোমাকে যারা মনোনয়ন দিয়েছে তাদেরকে বল নির্বাচন করতে। আমি এখন একা। এজেন্ট দেওয়ার লোকও নেই। ৯নং শাহজাদাপুর ইউনিয়নের বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট সোহেল রানা খাদেম বলেন, দলীয় গ্রুপিং ও ভয়ের কারনে বিএনপি’র কেউ আমার সাথে নেই। মূলদল যুবদল ও ছাত্রদলের অনেকেই স্বতন্ত্র জাতীয় পার্টির পক্ষে কাজ করছে। ৭নং সরাইল ইউনিয়নের বিএনপি’র প্রার্থী আব্দুল জব্বার বলেন, কাজ করছি। দলের কিছু লোক আমার সাথে কাজ করছে না। প্রশাসন বারবার আমার বাড়িতে আসছে। গত শুক্রবার রাতে আমার চাচাকে গ্রেপ্তার করেছে।
হুমকি ধমকির কারনে মাঝে মধ্যেই বাক্য বিনিময়ে মুখোমুখি হয়ে যাচ্ছেন আওয়ামীলীগ ও মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি। তারপরও প্রচারণা এখন তুঙ্গে। ৮ জন প্রার্থীর সকলেই মাঠে লড়ছেন। তাদের প্রতিপক্ষ কোথাও আ’লীগ কোথাও আ’লীগের বিদ্রোহীরা। মূলত: আ’লীগের প্রার্থীদের সাথে মুখোমুখি হচ্ছেন জাপা। উপজেলার ২-৩ টি ইউনিয়নে জাপা রয়েছে শক্ত অবস্থানে। ৩নং চুন্টা ইউনিয়নের জাপার চেয়ারম্যান প্রার্থী মো: জাহাঙ্গীর মিয়া ক্ষোভের সাথে বলেন, দলের ইউনিয়ন সভাপতিই আ’লীগ প্রার্থীর পক্ষে কাজ করছে। তাদের পরামর্শ ও ভরসায় আমি নির্বাচনে এসেছি। এখন তারা দল ছেড়ে যে যেখানে মন চায় কাজ করছে। তবে জনগণ আমার সাথে আছে। প্রসঙ্গত: বড় দল গুলো নিয়মিত নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে চলেছে। ৭ এপ্রিল ১৪৪ ধারা ভঙ্গ করে জেলা ও উপজেলা আ’লীগ মুজিবনগর দিবসের প্রস্তুতি সভার নামে নির্বাচনী জনসভা করেছে। ১২ এপ্রিল শাহজাদাপুরে কর্মী সভার নামে ষ্টেইজ ও বড় প্যান্ডেল করে সেখানকার আ’লীগ করেছে নির্বাচনী সভা। বক্তারা জাপা ও বিএনপি’র প্রার্থীকে বক্তব্যে পাঠিয়ে দিয়েছেন উর্শিউড়া। চুন্টা আ’লীগ ষ্টেইজ প্যান্ডেল সাজিয়ে করেছে সভা। চেয়েছে ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ শাহিন আকন্দ বলেন, যে কোন ষ্টেইজ, প্যান্ডেল তৈরী করে নির্বাচনী সভা করা পরিস্কার আচরণ বিধি লঙ্ঘন।









