হাথুরুসিংহের উপর ক্ষোভ ঝাড়লেন গাজী
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে টেস্টে অভিষেক হয়েছিল সোহাগ গাজীর। তারপর আর এই ডানহাতি স্পিন অলরাউন্ডারকে পেছনে ফিরে থাকাতে হয়নি। তরতর করে শুধু এগিয়েই গেছেন। একটা সময়ে জাতীয় দলের নিয়মিত সদস্যেও পরিণত হন তিনি। তবে ২০১৪ সালের আগস্টে পর পথ হারাতে শুরু করেন তিনি। বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। পরে গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি২০ ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন সোহাগ। তবে ওই ম্যাচে আশা জাগানিয়া পারফরম্যান্স না হওয়ায় আর জাতীয় দলে ফিরে আসা হয়নি তার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টি২০ ম্যাচের পর থেকে স্থায়ীভাবেই জাতীয় দলের বাইরে আছেন সোহাগ গাজী। সম্প্রতি তার ফিটনেস নিয়ে অনেক কথাও চালু আছে ক্রিকেটাঙ্গনে। অবশ্য সেটি চালু ছিল ডানহাতি এই স্পিন অলরাউন্ডার জাতীয় দলে থাকার সময়ে। জাতীয় দলের ফেরার পথে বড় অন্তরায় ফিটনেসের ঘাটতি থাকার কারণে বলেও নির্বাচকরা বলে থাকেন।
আর তাই রোববার জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের উপর এক প্রকার ক্ষোভও প্রকাশ করলেন সোহাগ গাজী। তার দৃষ্টিতে, অ্যাকশন শুধরে আসার পর টেস্ট, ওয়ানতে হতে পারতো তার জন্য আদর্শ প্রমাণের জায়গা। কিন্তু তাই বলে টি২০তে কেন সুযোগ দেয়া হলো, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন ডানহাতি এই স্পিন অলরাউন্ডার।
আগামী ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ঢাকা লিগে এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন সোহাগ গাজী। আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগকে সামনে রেখে ক্লাবগুলো মিরপুর-ফতুল্লা-বিকেএসপিতে অনুশীলন করছে। রোববার মিরপুর একাডেমী ভবন মাঠে অনুশীলন করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সোহাগ।
ফিটনেসে সোহাগের ঘাটতি আছে বলে জাতীয় দলে ডাক পাচ্ছেন না। তাই প্রশ্নবিদ্ধ ফিটনেস নিয়ে সোহাগ গাজী বলেন, ‘আপনি পেশাদার সাংবাদিক। আপনাকে যদি একটা জিনিস দিয়ে বলা হয় এর কাছ থেকে এই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। আপনার কিন্তু যেতে হবে। ওটা করতে হবে। কারণ আপনি পেশাদার। আমার মনে হয় আমি এখানে পেশাদার। ও (হাথুরুসিংহে) যদি বলে আমাকে এখানে ২০ মিনিট বোলিং করতে হবে বা আমার ২০ মিনিট ব্যাটিং করতে হবে বা ২০ মিনিট ফিল্ডিং করতে হবে , ওটাই করাই আমার দায়িত্ব।’
সোহাগ গাজী মনে করেন তিনি এখনো বড় কোনো খেলোয়াড় হয়ে যাননি যে কোচের কথা অগ্রাহ্য করবেন। একই সঙ্গে কোচের দায়িত্ব থাকে নির্দিষ্ট খেলোয়াড়কে সব বিষয়ে যে ভালোভাবে পরামর্শ দেয়া হয়। এ বিষয়ে সোহাগ আরো বলেন, ‘ওর (হাথুরুসিংহে) একটা প্রোগাম থাকে যে, ও দুই ঘন্টা প্র্যাকটিস করাবে। দুই ঘন্টা কিন্তু কেউ বিশ্রাম নেবে না। হয়তোবা অসুস্থ থাকলে আগে ফোন দিয়ে বলে কোচ আমি আসতে পারছি না। যখন আপনি আসছেন তখন কিন্তু আপনাকে দুই ঘন্টা করতেই হবে। আমার মনে হয় না এই জিনিসটা নিয়ে বলছে বা কেন বলছে বা কিসের জন্য বলছে আমি জানি না। কিন্তু আমার ওতটা ক্ষমতা নাই বা আমি ওতটা সিনিয়র খেলোয়াড় হয়নি যে সে আমাকে হয়তো ব্যাটিং করতে বলেছে, আমি বলেছি যে না করব না। বা বোলিং দিছে আমি বলেছি করব না। আমি এখনও ওত বড় খেলোয়াড় হয়নি। বা বড় প্লেয়ার হলেও মনে হয়না এমনভাবে বলবে না।’
ডানহাতি এই স্পিন অলরাউন্ডার সোহাগ গাজী আরও অভিযোগের সুরে জানান, যখন পারফর্ম করেছেন তখন এসব কথা ওঠেনি। এখন জাতীয় দলের বাইরে আছেন বলেই অনেক কথা হচ্ছে। তিনি নাকি আগের মতোই বিফ টেস্ট দেন। যেখানে ৯, সাড়ে ৯ উঠে।
বোলিং অ্যাকশন শুধরে আবারো জাতীয় দলে ফেরা নিয়েও ডানহাতি এই স্পিন অলরাউন্ডারের অসন্তুষ্টিও আছে। এ প্রসঙ্গে সোহাগ গাজী বলেনন, ‘এগারো, বারো মাস পরে আমি দলে আসছি। আমি টেস্টে পারফরমার, ওয়ানডেতে পারফরমার। টি-২০ তে আমি নিজেই বলছি আমি অতো বড় খেলোয়াড় না। আমার এত ভেরিয়েশন নাই। টি-২০ তে খেলতে হলে আপনাকে ভালো জায়গা এবং ভালো ভেরিয়েশন লাগবে, যেমন সুনীল নারিন বল করছে। এখন কেন আমাকে ওয়ানডে, টেস্টে সুযোগ না দিয়ে টি২০ তে দেয়া হলো এবং দুই ওভার দেওয়া হলো। তখন ধরতে গেলে পুরো নতুন। তবে আমি আশা করছিলাম আমাকে ওয়ানডে এবং টেস্টে সুযোগ দেয়া হবে।’










