শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘মরিয়া ক্ষমতাসীনরা বিনাভোটে প্রার্থীদের নির্বাচিত করতে ’

 

 

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ও চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের ‘বিনা ভোটে নির্বাচিত করতে’ক্ষমতাসীন আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছে বিএনপি।এজন্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া, জমাদানে বাধা দেওয়াসহ দেশজুড়ে ‘তাণ্ডব চালাচ্ছে’ বলেও অভিযোগ দলটির।শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

4bhk34fca35efa1ney_620C350

 

রিজভী বলেন, ‘তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী প্রার্থীদের বিনা ভোটে নির্বাচিত করতে তারা আরও বেশি মাত্রায় মরিয়া হয়ে উঠেছে।“চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, নরিসিংদী, মুন্সিগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও জামালপুরসহ দেশের বিভিন্নস্থানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি প্রার্থীদের অপহরণ করে নির্যাতনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে নিয়েছে।”রিজভী আরো অভিযোগ করেন, ‘শুক্রবার গভীর রাতে কুমিল্লার মনোহরগঞ্জে নির্বাচন অফিসে হামলা করে কর্মকর্তাকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ। এ দুই দফা নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী।’

 

 

“দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবলীলা ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ভাংচুর, লুটপাট অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র তাণ্ডবে গ্রামে গ্রামে সহিংসতা ছড়িয়ে পড়ছে। সহিংসতা ও ভোট ডাকাতির আওয়ামী সংস্কৃতি এখন দেশে-বিদেশে ব্যাপকভাবে ঘৃনিত হচ্ছে’, মন্তব্য রিজভীর।বিএনপির এই নেতা বলেন, ‘দিন যত যাচ্ছে নির্বাচনী সহিংসতায় নিহত ও আহতদের তালিকা আরও দীর্ঘায়িত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ভোট ডাকাতি ও সহিংসতার ঘটনা স্বীকার করে নিয়ে নির্বাচন কমিশন প্রেসনোট দিয়ে বলেছিল, পরবর্তী নির্বাচনী ধাপগুলো সুষ্ঠু করতে পদক্ষেপ নিবেন তারা। উল্টো পূর্বের ন্যায় এখনও অথর্ব ও নির্লজ্জ নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীদের বিনাভোটে নির্বাচিত করতে আরও বেশি বেপরোয়া হয়ে গেছে।’

 

রিজভী দাবি করেন, শুক্রবার খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার গাইকুড় মধ্যডাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে বিএনপি নেতা এস এম আলমগীরকে ‘আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী’রা গুলি করে হত্যা করেছে। গত বুধবার দুপুরে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিজের পাসপোর্ট করানোর জন্য গেলে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে গিয়ে যুবদল নেতা কাউসারকে ক্রসফায়ারে হত্যা করে।সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে রিজভী বলেন, ‘২০১৪ সালের প্রহসনের নির্বাচনের পর সরকার বিরোধীদলের নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না, বরং যেভাবে দেশব্যাপি গ্রেফতার আতঙ্ক সৃষ্টি করেছে; তা এখন আরো অতিমাত্রা লাভ করেছে।’

 

 

তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে ক্ষমতাসীনরা একদিকে যেমন নতুন নতুন ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে, একইভাবে খুন, জখম, গুম, অপহরণ এবং হাস্যকর, উদ্ভট ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতারে মরিয়া হয়ে উঠেছে।’‘ক্রসফায়ারে বিরোধী নেতা-কর্মীকে হত্যা করা এখন আওয়ামী সংস্কৃতিতে পরিণত হয়েছে’মন্তব্য করে বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘কেবলমাত্র দেশকে বিরোধী রাজনীতিশূন্য করার মনোবাসনায় বর্তমান শাসকগোষ্ঠী নেতা-কর্মীদেরকে হত্যা ও গ্রেফতারে এখন উন্মাদপ্রায়।’

 

 

রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের ধারণা বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, হত্যা, গুম, অপহরণ অব্যাহত রাখলেই নেতা-কর্মীরা রাজনীতিতে হতাশ হয়ে পড়বে এবং রাষ্ট্রক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যাবে। কিন্তু বিএনপি নেতা-কর্মীদের দৃঢ় মনোবল ও দলের প্রতি চরম আনুগত্য সরকারের স্বপ্নসাধকে কোনদিনই সফল হতে দেবে না।’সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।