বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানামা পেপারস আতঙ্ক বাংলাদেশেও

108703_182নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী পানামা পেপারস কেলেঙ্কারিতে বাংলাদেশেও অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কখন কার নাম পানামা পেপারসে প্রকাশিত হয়ে যায় সেদিকে চোখ প্রায় সবার। রাজনীতিবিদ, ব্যবসায়ী মহলসহ বিভিন্ন অঙ্গনে এ নিয়ে চলছে যেমন আলোচনা, তেমনি বিরাজ করছে চাপা আতঙ্ক। বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে নানা ক্ষেত্রে লুটপাট এবং বিদেশে অর্থপাচার একটি আলোচিত ইস্যু হিসেবে বিরাজমান। এ রকম একটি সময়ে ফাঁস হলো অর্থ পাচার করে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলা বিষয়ে গোপন নথি যা সংখ্যায় বিশ্বে এ যাবৎকালে সবচেয়ে বৃহৎ। গত রোববার থেকে পানামা পেপারস ফাঁস হওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা চলতে থাকে বাংলাদেশী কাদের নাম সেখানে থাকতে পারে এবং তাদের সংখ্যা ও অর্থের পরিমাণ কত হতে পারে সে বিষয়ে।

তবে পানামা পেপারসে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারকাব্যক্তিত্ব এবং প্রভাবশালী কারো নাম প্রকাশিত হয়নি। কোনো কোনো সংবাদমাধ্যমে বাংলাদেশের বেশ কয়েকজনের নাম প্রকাশিত হয়েছে পানামা পেপারস কেলেঙ্কারির সাথে জড়িত হিসেবে। তবে তাদের সাথে পানামা পেপারস কেলেঙ্কারির কোনো সম্পর্ক নেই। ২০১৩ সালের জুলাই মাসে ঢাকার একটি ইংরেজি দৈনিকে বিদেশে অর্থ পাচারের সাথে জড়িত কয়েক জনের নাম প্রকাশিত হয়েছিল। সে নামগুলোকেই পানামা পেপারসের সাথে জড়িত বলে চালিয়ে দিচ্ছে কোনো কোনো গণমাধ্যম।

এ দিকে পানামা পেপারসে বাংলাদেশী কারো নাম রয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধানের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রভৃতি সংস্থা খোঁজখবর নিতে শুরু করেছে। দুদকে এ বিষয়ে খোঁজ নেয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে।

পানামা পেপারস নিয়ে ব্যাপক আগ্রহের মূলে রয়েছে এ নথিতে বিশ্বের অনেক বড় বড় ক্ষমতাধর রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আলোচিত তারকাব্যক্তিত্বের বিদেশে অর্থপাচারের গোপন নথি প্রকাশ হওয়ায়। পানামা পেপারসে দেখা যায় দুর্নীতি, লুটপাট করে অর্জিত সম্পদসহ অনেকে নিজ দেশে ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য বিদেশে ভুয়া প্রতিষ্ঠান খুলে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। লুটেরা ও স্বৈরশাসক, বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী, দখলদারদের নানা উপায়ে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে তা পাচারবিষয়ে সাধারণ মানুষ সবসময়ই কমবেশি অবহিত। কিন্তু এভাবে যে তা সমূলে ফাঁস হয়ে যাবে তা যেন ছিল অনেকের কল্পনার বাইরে। বিভিন্ন দেশের অনেক ক্ষমতাসীন নেতৃবৃন্দ চরম আতঙ্কে রয়েছেন পানামা পেপারস ফাঁস হওয়ার পর থেকে। ইতোমধ্যে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সম্পদপাচারে জড়িত হিসেবে তার নাম ফাঁস হয়ে যাওয়ায়। রাশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, চীনসহ অন্য অনেক দেশের ক্ষমতাসীনেরা বিব্রতকর অবস্থায় রয়েছেন পানামা পেপারসে তাদের এবং তাদের পরিবার ও পরিচিত অনেকের নাম জড়িত থাকায়। বাংলাদেশেও অনেকে যেমন তীব্র আতঙ্কে রয়েছেন পানামা পেপারস বিষয়ে তেমনি অনেকে অপেক্ষা করছেন কার কার নাম ফাঁস হয় তা দেখার জন্য।

বিশ্বে কর ফাঁকির মহা সুযোগ রয়েছে বা নামেমাত্র কর দিতে হয় যেসব দেশে তার মধ্যে অন্যতম হলো পানামা। উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগস্থাপনকারী ছোট্ট এ দেশটির সাথে বিশ্বের কোনো দেশের করচুক্তিও নেই। সেখানে কর আইন যেমন খুবই শিথিল তেমনি ভুয়া প্রতিষ্ঠান খুলে টাকা জমাকারীদের জন্য রয়েছে বিশেষ আইনি সুরক্ষা। ফলে বিভিন্ন দেশের লুটেরা শ্রেণী তাদের বিপুল সম্পদ গোপনে জমা করার জন্য বেছে নেয় পানামাকে। অনেক বিত্তশালী নিজ দেশে বিপুল ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য পানামাসহ নামেমাত্র কর রয়েছে এমন অনেক দেশকে বেছে নেয় এবং ভুয়া ও অখ্যাত প্রতিষ্ঠান খুলে টাকা জমা করে। এসব ভুয়া প্রতিষ্ঠান খুলতে সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে সারা বিশ্বে পরিচিত হলো পানামার মোসাক ফনসেকা। বিশ্বের ৩৫টি দেশে তাদের কার্যক্রম রয়েছে। বিদেশে গোপনে অর্থ জমা করার জন্য সাধারণত দুই ধরনের প্রতিষ্ঠান খোলা হয়। এক ধরনের প্রতিষ্ঠান খোলা হয় যাতে নামমাত্র কর দিতে হয় ওই দেশকে। এ ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় অফশোর কোম্পানি। অনেক ব্যবসায়ী বিদেশে বিনিয়োগের নামে এসব প্রতিষ্ঠানে অর্থ জমা করে। আবার কিছু প্রতিষ্ঠান খোলা হয় যা সম্পূর্ণ ভুয়া। এসব প্রতিষ্ঠানকে বলা হয় শেল কোম্পানি। পানামার মোসাক ফনসেকা প্রতিষ্ঠানটি গত ৪০ বছরে দুই লাখ ১৪ হাজার এ ধরনের প্রতিষ্ঠান খুলতে সহায়তা করে সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবধৈ অর্থ জমানোর জন্য। এর মধ্যে এক লাখ প্রতিষ্ঠান সম্পূর্ণ ভুয়া। পানাময় এদের কোনো ঠিকানা নেই। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তিবর্গ এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় জমিয়েছে এসব অফশোর এবং শেল কোম্পানির মাধ্যমে। গত ৪০ বছরে মোসাক ফনসেকার হাতে জমা থাকা বিদেশেীদের অর্থপাচারের এ জাতীয় এক কোটি ১৫ লাখ গোপন নথি গত রোববার ফাঁস হয়ে গেলে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়।

২০১৪ সালে জার্মানির জিতডয়েচে সাইটুং পত্রিকার সাংবাদিক ফ্রেডেরিক ওবারমায়ার ও বাস্টিয়ান ওবারমায়ার এর হাতে আসে মোসাক ফনসেকার বিপুল এ গোপন নথি। তারা এ নথি তুলে দেন ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) কাছে। বিশ্বের অর্ধশতাধিক দেশে প্রায় দুই শ’ গণমাধ্যমের সাথে সংযোগ রয়েছে আইসিআইজের। আইসিআইজে এবং তাদের সাথে সম্পৃক্ত প্রভাবশালী বিভিন্ন গণমাধ্যম মিলে এক বছর ধরে বিপুল এ নথি পর্যালোচনা করে। গত রোববার জার্মানির মিউনিখে অবস্থিত দৈনিক জিতডয়েচে সাইটুং, আইসিআইজেসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম একযোগে মোসাক ফনসেকার গোপন নথি ফাঁস করা শুরু করে যা পানামা পেপারস নামে পরিচিত। এর আগে বিশ্বে এত বিপুলসংখ্যক গোপন নথি একসাথে ফাঁস হওয়া এবং তা প্রকাশের ঘটনা ঘটেনি। জুলিয়ান অ্যাশাঞ্জের উইকিলিকসে প্রকাশিত গোপন নথির চেয়ে পানামা পেপারসের পরিমাণ প্রায় এক হাজার গুণ বেশি বলে বলা হচ্ছে।

বাংলাদেশের কারো নাম এখনো প্রকাশিত হয়নি : বাংলাদেশের কিছু গণমাধ্যমে গত কয়েক দিন ধরে প্রচার করা হচ্ছে পানামা পেপারসে ৩৪ বাংলাদেশীর নাম রয়েছে। প্রথমে ২৫ জন এবং পরে আরো ৯ জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে প্রকাশিত এ ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে পানামা পেপারসের কোনো সম্পর্ক নেই। পানামা পেপারস প্রকাশকারী মূল সংস্থা আইসিআইজেসহ কোথাও বাংলাদেশী কারো নাম এখনো প্রকাশিত হয়নি। ঢাকার ইংরেজি দৈনিক নিউএজ পত্রিকায় ২০১৩ সালের ১২ ও ১৪ জুলাই দু’টি খবর প্রকাশিত হয় অফশোর কোম্পানির নামে বিদেশে অর্থপচার বিষয়ে। প্রায় তিন বছর আগে নিউএজ পত্রিকায় যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশিত হয়েছে সেগুলোই এখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে বলা হচ্ছে পানামা পেপারসে তাদের নাম রয়েছে। ২০১৩ সালে আইআিইজে ওয়েবসাইটে অফশোর কোম্পানি খুলে বিদেশে অর্থপাচারকারী হিসেবে বেশ কয়েকজন বাংলাদেশীর নাম প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের নিউএজ পত্রিকা আইসিআইজের সদস্য এবং তারা তখন বাংলাদেশী সেসব ব্যক্তির নাম প্রকাশ করেছিল। নিউএজ পত্রিকায় প্রকাশিত খবরের শিরোনাম ছিল ‘লোকাল বিজনেসমেনস লিঙ্ক টু অফশোর কজ রিভিলড’ ও আওয়ামী লীগ লিডার্স ফ্যামিলি সেট আপ অফশোর কজ’।