,

ফরিদপুরে দুই পরিচ্ছন্নতাকর্মী খুন

Faridpur20160331095719ফরিদপুর অফিস : ফরিদপুর শহরে দুই পরিচ্ছন্নতাকর্মী খুন হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।

আজ শুক্রবার ভোরে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মিয়াপাড়া সংযোগ সড়কে দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত দুজন হলেন শহরের আলীপুর মহল্লার বান্ধবপল্লীর কিশোর জমাদারের ছেলে মানিক জমাদার (২৮) এবং নাটোরের চৌকিরপাড় সুইপার কলোনির সন্তোষ জমাদারের ছেলে ভরত জমাদার (২২)। মানিক ও ভরত পরস্পর আত্মীয়।

ফরিদপুর পৌরসভার পরিদর্শক মো. লুৎফর রহমান খান বলেন, মানিক পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ভরত নাটোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন বলে জানা গেছে।

মিয়াপাড়া সড়ক এলাকার বাসিন্দা আব্দুল আওয়াল মিয়ার ভাষ্য, ভোর পাঁচটার দিকে নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন তিনি। পথে পশ্চিম খাবাসপুর মহল্লার মিয়াপাড়া সংযোগ সড়কে দুজনের নিথর দেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

নিহত মানিকের বাবা কিশোর জমাদার বলেন, মানিকের শ্যালক ভরত নাটোর থেকে বেড়াতে ফরিদপুরে এসেছিলেন। তিনি ফরিদপুরে এলেই মানিককে তাঁর কাজে সাহায্য করতেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁরা সড়ক ঝাড়ু দিতে বের হন। এরপর আজ তাঁদের লাশ পাওয়া গেল।

ঘটনার প্রতিবাদে সকাল সাতটার দিকে শহরের আলীপুর মহল্লার হরিজনদের আবাসস্থল বান্ধবপল্লীর সামনের মুজিব সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। তাঁরা সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে দেন। ইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সকাল পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে আসেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী। বিচারের ব্যাপারে তাঁর আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়।

জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ জমাদার বলেন, মানিক ও ভরতের কোনো শত্রু ছিল না। তাঁদের কে বা কারা কী কারণে হত্যা করেছে, তা বোঝা যাচ্ছে না।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল গফফার বলেন, মানিক ও ভরতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা