শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে না ইয়াবা ব্যবসা

yaba14342268281-500x294ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী নেতার অধিক মুনাফা-বাণিজ্য ও পরোক্ষ নিয়ন্ত্রণ থাকায় বন্ধ হচ্ছে না মরণ নেশা ইয়াবার চোরাচালান। প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্ত থেকে প্রাণঘাতী এ বড়ি হাতবদল হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাজধানীসহ দেশের অধিকাংশ মহানগর ও জেলায় ইয়াবা ব্যবসার অন্যতম আশ্রয়-প্রশ্রয়দাতা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। তাদের কেউ-কেউ ইয়াবা ব্যবসায় সরাসরি জড়িতও।
এ ছাড়া ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছেন জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীÑ এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসব কারণে বরাবরই অধরা থাকছেন নেপথ্যে থাকা ইয়াবা চোরাচালান সিন্ডিকেটের মূলহোতারা। মাঝপথের সরবরাহকারী (মধ্যম শ্রেণির ইয়াবা ব্যবসায়ী), খুচরা বিক্রেতা ও সেবনকারীরা গ্রেপ্তার হলেও দুর্বল মামলা বা আইনের ফাঁকফোকর দিয়ে তারাও বেরিয়ে যাচ্ছেন। এসব কারণে চোরাচালান বন্ধের বদলে উল্টো শহর থেকে গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়ছে তারুণ্য ধ্বংসের এ হাতিয়ার। বিনিময়ে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন জড়িতরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সব ধরনের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা রয়েছে। সে অনুযায়ী কাজ করতে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ রয়েছে।
মিয়ানমার থেকে ইয়াবা পাচার ঠেকাতে ২০১৪ সালে ১২ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর একটি তালিকা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে শীর্ষ ৪০ জনের একটি তালিকা করে শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। এর মধ্যে সরকারদলীয় সংসদ সদস্য কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির পরিবারেই রয়েছে ১৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা ৭৬৪ ইয়াবা ব্যবসায়ীর পৃথক আরেকটি গোপন তালিকার শুরুতেও সংসদ সদস্য আবদুর রহমান বদির নাম রয়েছে। এ ছাড়া বদির ভাইবোন, নিকটাত্মীয়, কাউন্সিলরসহ অনেকের নাম রয়েছে ওই তালিকায়। কিন্তু তারা সবসময় থাকছেন ধরাছোঁয়ার বাইরে।
বাংলাদেশে ইয়াবা বড়ির ব্যাপক চাহিদার কারণে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় ৩৭টি ইয়াবার কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা চলছে মিয়ানমার সরকারের প্রত্যক্ষ মদদে। মিয়ানমারের ৮টি সংগঠনের তত্ত্বাবধানে ৩৭টি কারখানায় উৎপাদিত ইয়াবার চালান বাংলাদেশে আসে চোরাপথে। প্রতিদিন ৩০ লাখ ইয়াবা চালান শুধু টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে। ২০১৪ সালের মার্চে টেকনাফে ইয়াবা গডফাদার নিধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান শুরু হওয়ার পর ইয়াবা চোরাচালানে ভাটা পড়ে। ইয়াবা গডফাদারদের কেউ গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামে, ঢাকায়, আবার কেউ-কেউ বিদেশেও পালিয়ে যান। সেই সময় বিজিবি ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবার গডফাদার টেকনাফ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহেদ হোসেন জাকু ও তার সহযোগী ফরিদুল আলম নিহত হন। জাহেদ হোসেন জাকু সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এ ছাড়া র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নূর মোহাম্মদ ও কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান তিনজন। এ ছাড়া আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে প্রায় ৩০ ইয়াবা ব্যবসায়ী আহত হন। কিন্তু কয়েক মাস পর আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঢিলেঢালা হয়ে যায়। ইয়াবা গডফাদাররা আবার এলাকায় ফিরে আসে।
র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, দেশের যুবসমাজ তথা নতুন প্রজন্মকে মাদকের নীল দংশন হতে বাঁচাতে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদকবিরোধী অভিযানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও কঠোর অবস্থান নিয়ে আসছে। এ লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে র‌্যাব।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তথ্যমতে, দেশের ৬৮ কারাগারে আসামি রয়েছে ৭১ হাজার ১০৫ জন। এর মধ্যে শুধু মাদকাসক্ত আসামির সংখ্যা ৫ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে রয়েছে নারী ও পুরুষ, এমনকি শিশুরাও। কারাবন্দির সংখ্যা ৬ হাজারের কোটায় হলেও সারা দেশে আদালতগুলোয় অর্ধলাখ মাদকের মামলার জট লেগে আছে। বিচার নিষ্পত্তি না হওয়ায় মাদক মামলার ৪৪ শতাংশ আসামি খালাস পেয়ে যাচ্ছে। এ অবস্থায় মাদক অপরাধের মামলা দ্রুতবিচার নিশ্চিত করতে ৬৪ জেলায় পৃথক আদালত স্থাপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও নানা জটিলতায় এখনো তা আলোর মুখ দেখছে না।
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুরুষের পাশাপাশি বিপজ্জনকহারে বাড়ছে নারী ইয়াবাসেবী ও নারী ইয়াবা ব্যবসায়ীর সংখ্যা। ফেনসিডিল, হেরোইনসহ অন্য মাদক ব্যবসায় সাধারণত নিম্ন শ্রেণির নারীরা জড়িত। তারাও এখন ফেনসিডিল ও হেরোইন ছেড়ে ইয়াবা ব্যবসায় ঝুঁকে পড়েছেন। সহজে বহনযোগ্য হওয়ায় দিনের পর দিন ইয়াবা ব্যবসায় শিক্ষিত নারীর সংখ্যা বাড়ছে। গ্লামার জগতের সঙ্গে সম্পৃক্ত সুন্দরী নারীদের পাশাপাশি অতিসম্প্রতি বিশ্ববিদ্যালয় ও কলেজপড়-য়া তরুণীরাও জড়িয়ে পড়েছেন ইয়াবা ব্যবসার নেটওয়ার্কে। ইয়াবা ব্যবসায় রাজধানীতে শতাধিক নারীর একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ ও এলাকাভিত্তিক ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছেন।
পুলিশ এও বলছে, মধ্যম শ্রেণির ইয়াবা ব্যবসায়ীদের একটি অংশ ধরা পড়ছে। জেলে যাচ্ছে। আবার কিছুদিন পরই আইনের ফাঁক দিয়ে কারাগার থেকে বেরিয়ে ফের পুরনো ব্যবসায় জড়িয়ে পড়ছেন। কিন্তু বরাবরই অধরা থাকছেন ইয়াবা ব্যবসার নেপথ্যের গডফাদাররা। মাদক-বাণিজ্যের সঙ্গে পরোক্ষভাবে সম্পৃক্ত এসব গডফাদার রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরাও তাদের আটকের সাহস পাচ্ছেন না। এ কারণে ইয়াবা ব্যবসা বন্ধের বদলে দিন দিন ক্রমশ শক্তিশালী হচ্ছে। তবে ইয়াবা বিকিকিনির মূল অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর দিকেই। প্রশাসনের সব স্তরের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে সারা দেশে অবাধে চলছে মাদকের বিকিকিনি। এতে জড়িত পুলিশ, স্থানীয় রাজনৈতিক, র‌্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সবকটি সংস্থার অসাধু কতিপয় সদস্য।
ইয়াবা ব্যবসা ও সেবনের দিক থেকে সবচেয়ে শীর্ষে কক্সবাজার জেলা পুলিশ। গত বছরের ২০ জুন ফেনীর লালপুর এলাকা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই মাহফুজুর রহমানকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব। তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৭ লাখ টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও একটি নোটবুক উদ্ধার করে র‌্যাব। ওই নোটবুকে ডিএমপির বেশ কয়েকজন পুলিশ সদস্যের নাম লেখা ছিল। এ ছাড়া তাকে জিজ্ঞাসাবাদে ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কক্সবাজার জেলা পুলিশের সদস্যদের নাম বলে দেন। পরে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন থানায় কর্মরত ১১ পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়। তাদের মধ্যে ৫ জন ছিলেন নিয়মিত ইয়াবা সেবনকারী।
এ ছাড়া গত বছরের ১৫ জানুয়ারি রাতে প্রায় ৪ কোটি টাকার ইয়াবা নিয়ে ঢাকায় পাচারকালে সীতাকু- হাইওয়ে পুলিশের হাতে আটক হন চকরিয়া থানার এসআই আকতার হোসেন ও কনস্টেবল বেলাল (ক্যাশিয়ার), চকরিয়া থানা পুলিশের সোর্স ইয়াবা ব্যবসায়ী ওসমান গণি ওরফে দাদা ওসমান। ইয়াবা বিক্রির ১০ লাখ টাকা, একটি প্রাইভেটকার, ইয়াবাসহ আটককৃতদের সীতাকু- থানায় সোপর্দ করা হয়।
গত বছরের ২৩ জানুয়ারি গভীর রাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের হাতে আটক হন চকরিয়া থানার মাতামুহুরী ফাঁড়ির পুলিশ কনস্টেবল নাজমুল ইসলাম। আটকের পর কনস্টেবল নাজমুল স্বীকার করেন, ইয়াবা সেবন করতে করতে একসময় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। পরে অল্প দিনে কোটিপতি হতে ইয়াবা ব্যবসায়ীতে পরিণত হন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে গত সাত বছরে সবচেয়ে বেশি সয়লাব পাওয়া মাদকদ্রব্য ইয়াবার চোরাচালান বেড়েছে ১৭৭ গুণ (১৭ হাজার ৭২২ শতাংশ)। সেবন অনুযায়ী চোরাচালানের সূচক নির্ধারণ করা হয়, তাই এ সাত বছরে ইয়াবা সেবনও ১৭৭ গুণ বেড়েছে। উঠতি বয়সী তরুণ-তরুণীদের মধ্যে এককভাবে ঘাতক বড়ি ইয়াবা পছন্দের শীর্ষে থাকায় ৩২ ধরনের মাদকের মধ্যে ফেনসিডিল, হেরোইন, প্যাথিডিন, আফিম চোরাচালান আগের চেয়ে অনেক গুণ কমে এসেছে। ইদানীং পুলিশ বাহিনীর মধ্যেও ইয়াবাসেবীর সংখ্যা বাড়ছে বলে ওই কর্মকর্তা জানান।