হোয়াটসঅ্যাপ এখন সম্পূর্ণ বিনামূল্যে
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে এখন থেকে আর কোন ধরনের চার্জ প্রয়োজন হবে না। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এর ফলে এখন থেকে ফেসবুক মেসেঞ্জারের মতোই এই অ্যাপটিও বিনামূল্যেই ব্যবহার করা যাবে। গতকাল জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ডিজিটাল লাইফ ডিজাইন কনফারেন্স থেকে এই ঘোষণা দেওয়া হয়। মূলত হোয়াটসঅ্যাপে নিবন্ধন করার পর প্রথম বছরের জন্য কোনো চার্জ প্রয়োজন হতো না। তবে দ্বিতীয় বছর থেকে বার্ষিক ৯৯ সেন্ট প্রদান করে সেবাটি ব্যবহার করতে হতো। বিজ্ঞাপন ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতেই এই সামান্য পরিমাণ চার্জ নেওয়া হতো বলে বিভিন্ন সময় জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
তবে এবার চার্জ বাদ দিলেও অ্যাপটিকে বিজ্ঞাপন মুক্তই রাখা হবে বলেও জানায় হোয়াটসঅ্যাপ। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন বিনামূল্যের মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে।
আয় বাড়ানোর জন্য অ্যাপটিতে বিভিন্ন ব্যবসা সম্পর্কিত ফিচার পরীক্ষামূলকভাবে চালু করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের সাথে সহজে যোগাযোগ করত পারবে। এর পাশাপাশি গ্রাহকরাও সেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবে।
এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে চালু করা ফিচারটির মাধ্যমে সহজেই একজন গ্রাহক তার ব্যাংক স্টেটমেন্ট জেনে নিতে পারবেন কিংবা ফ্লাইট বিলম্বের খবরও জানতে পারবেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাজার গবেষণা সংস্থা কমস্কোরের মতে, মোবাইল ফোন এবং ডেস্কটপ ব্যবহারকারীরা তাদের অতিক্রান্ত সময়ের ৯১ ভাগই ব্যয় করেন বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে।











