লবণ দাম পেয়ে খুশি চাষি
বাঁশখালীতে গত মৌসুমে প্রতিমণ লবণ ১৫০ টাকায়ও বিক্রি করতে পারেননি চাষিরা। সেই লবণ এখন ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে মাঠেই। তাই এখানকার ৪০ হাজার লবণচাষি এবার বেশ খুশি মনে চাষাবাদ করছেন।
জানা গেছে, বাঁশখালীতে আগের মৌসুমগুলোতে যথাযথ দাম না পাওয়ায় বিপুল পরিমাণ লবণ বিক্রি করা সম্ভব হয়নি। স্তুপে স্তুপে মাঠেই পড়ে ছিল উত্পাদিত লবণ। তাই এলাকার অধিকাংশ চাষি খালি রেখে দিয়েছিলেন লবণমাঠ। এবার সেই অবস্থা নেই। ধানি জমিতেও লবণ চাষের জন্য কাড়াকাড়ি চলছে। মাঠের লবণ মাঠেই বিক্রি হয়ে যাচ্ছে। লবণ কিনতে দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ক্রেতারা ভিড় করছেন বাঁশখালীতে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক), বাঁশখালীর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বাঁশখালীর সরল, ছনুয়া, শীলকূপ (আংশিক), শেখেরখীল, চাম্বল (আংশিক), গণ্ডামারা ও কাথারিয়া এলাকায় প্রতিবছর ৭ হাজার ২৫৬ একর জমিতে লবণ উত্পাদন হয়। চলতি মৌসুমে জমির পরিমাণ ৮ হাজার একরের বেশি। এখনো নতুন করে ধানি জমিতে লবণ উত্পাদনের কাজ চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মে মাস পর্যন্ত পুরোদমে চলবে লবণ উত্পাদন। এসব জমিতে অন্তত ৪০ হাজার চাষি লবণ উত্পাদন করে থাকেন।
চাষিরা জানান, বিগত বছরগুলোতে চোরাই পথে মিয়ানমার থেকে লবণ আসায় এবং সরকার বিদেশ থেকে লবণ আমদানি করায় দেশিয় লবণ অবিক্রিত থেকে যায়। তাঁদের আশা, চলতি বছর ওই পরিস্থিতি আর হবে না। লবণের যথাযথ মূল্য পাবেন তাঁরা।বাঁশখালীর ছনুয়া, গণ্ডামারা ও সরল এলাকা ঘুরে আব্দুর রহমান, জয়নাব উদ্দিন, শমশের আহমেদসহ অনেক চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, লবণের বাজারমূল্য বাড়ায় এবার লবণ উত্পাদনের দিকে ঝুঁকছেন চাষিরা।
পরিষ্কার সাদা লবণের চাহিদা বেশি থাকায় চাষিরা সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে মাঠে পলিথিন ব্যবহার করে লবণ চাষ করছেন। ফলে কানিপ্রতি বাড়তি একমণ লবণ উত্পাদিত হচ্ছে। অর্থাৎ আগে যেখানে কানিপ্রতি আড়াই মণ লবণ উত্পাদিত হত, এখন সেখানে সাড়ে তিন মণ লবণ উত্পাদন হচ্ছে। বাড়তি লবণ উত্পাদন এবং যথাযথ দাম নিয়েই লবণচাষি, জমির মালিক, বিক্রেতা ও স্থানীয় দালালদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এখানে মণপ্রতি লবণ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।
বাঁশখালীর বিসিকের সহকারী পরিদর্শক হাসিব আহসান কালের কণ্ঠকে বলেন, ‘চাষিরা উত্পাদিত লবণের ন্যায্য মূল্য পেয়ে উৎসবের আমেজে লবণ চাষাবাদ করছেন। ধানি জমিতে ধানচাষ বাদ দিয়ে অনেকে লবণচাষ করায় লবণ চাষাবাদের জমির পরিমাণও বেড়েছে। ফলে চলতি বছর লক্ষ্যমাত্রার অধিক লবণ উত্পাদন হবে এখানে।’











