শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া পৌর নির্বাচনে নৌকায় সীল মেরেছিলেন ছাত্রদল সভাপতিও

news-image

আমিরজাদা চৌধুরী (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : পৌর নির্বাচনে আখাউড়া বিএনপি ভোটের মাঠে দাড়াতেই পারেনি। নানা অজুহাতে নির্বাচনের পুরো সময়টাতেই গাঁ বাচিয়ে চলেছেন দলের নেতাকর্মীরা। শুধু কি তাই সরকার সমর্থক প্রার্থীর  পক্ষে রীতিমতো প্রচারনায় ব্যস্ত ছিলেন দলের অনেক প্রভাবশালী নেতা। ভোটের দিন উপজেলা ছাত্রদলের এক নেতা নিজেই এক কেন্দ্রে নৌকা মার্কায় সীল মেরেছেন। তাই সুপার পরাজয় হয় দলীয় প্রার্থীর। ১৯৯৯ সালে গঠিত এ পৌরসভায় যে কয়টি নির্বাচন হয়েছে তাতে জয়-পরাজয় সামান্য ভোটের ব্যবধানেই হয়েছে। কিন্তু এবারের ফারাক বিশাল। প্রায় ১১ হাজার ভোট বেশী পান আওয়ামীলীগ প্রার্থী। এরজন্যে অবশ্য ‘সীল মারার পার্টি’- কে দায়ী করছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামীলীগ প্রার্থীর সুপার জয় আর বিএনপি প্রার্থীর সুপার পরাজয় নিয়ে আলোচনায় সরব এখনো আখাউড়া। আগের নির্বাচন গুলোর ফলাফল বিশ্লেষনে এবারের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীর পরাজয় সূচনীয় হয়েছে বলেই গন্য করা হচ্ছে। ২০১১ সালের ১৮ ই জানুয়ারীর নির্বাচনে বিএনপি নেতা এনএম হাসান খান মেয়র নির্বাচিত হন। ঐবছরের ১৫ ই অক্টোবর হাসান খান মারা গেলে  ২০১২ সালের ১২ ই জানুয়ারী  অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র হন তাকজিল খলিফা কাজল। তখন হাসান খান পেয়েছিলেন ৪৪৬৬ ভোট আর কাজল ৩৫১৪ ভোট। আর উপ নির্বাচনে কাজল ৪৫১৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাইনুল ইসলাম। তিনি পেয়েছিলেন ৩৫৫২ ভোট। ঐ নির্বাচনে বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন আবদু মিয়া পেয়েছিলেন ৩৩৯০ ভোট। বিএনপি’র বিদ্রোহী হাসিব হুমায়ুন পান ২৯৮২ ভোট। ২০১২ এর দুটি  নির্বাচনে এই পৌরসভার ভোটার ছিলো ২০ সহ¯্রাধিক। মুল নির্বাচনে ১৫ হাজার আর উপ নির্বাচনে প্রায় ১৬ হাজার ভোট কাষ্ট দেখানো হয়। আর এবারের ভোটার সংখ্যা ২৪ হাজার ৭’শ। ভোট কাষ্ট দেখানো হয় ১৯ হাজারের মতো। এরমধ্যে বিএনপি প্রার্থী পেয়েছেন ৩ হাজার ভোট। আখাউড়ায় বিএনপি’র সাংগঠনিক অবস্থা শক্তিশালী বলেই দাবী করেন বিএনপি নেতাকর্মীরা।  কিন্তু দলীয় প্রতীক নিয়ে অনুষ্ঠিত প্রথম পৌরসভা নির্বাচনে দলের অবস্থার অন্য এক চিত্র ভেসে উঠেছে এখানে। সরজমিন অনুসন্ধান এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এর নানা কারন জানা গেছে। দলের দায়িত্বশীল একাধিক নেতা জানান- প্রথমত: সমস্যা ছিলো , প্রার্থী নির্বাচন ঠিক হয়নি। যাকে দলের মনোনয়ন দেয়া হয়েছে তিনি মেয়র নির্বাচনের জন্যে সব দিক দিয়ে উপযুক্ত ছিলেননা। উপজেলা বিএনপি’র একজন পদদারী নেতা (সাংগঠনিক সম্পাদক) হলেও গোটা পৌর এলাকার মানুষের সাথে তার তেমন কোন যোগাযোগ ছিলোনা। শিক্ষাদীক্ষার মাপকাঠিতেও ছিলেন পিছিয়ে। শুধুমাত্র দেবগ্রামের লোক,গোষ্টি আছে বিবেচনায় তাকে মনোনয়ন দেয়া হয়। তবে তার মনোনয়ন কিভাবে হলো তা নিয়েও প্রশ্ন আছে। একগ্রুপ বলছে এলাকার সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান তাকে মনোনয়ন দিয়েছেন। যদিও মুশফিকুর রহমান তখন দেশের বাইরে ছিলেন। আরেক গ্রুপ বলছে বিএনপি’র কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন হাজারীর চয়েজ মন্তাজ। প্রার্থী সিলেকশনে এ দু-জনের কার হাত ছিলো তা স্পষ্ট না হলেও তাদের দু-জনই ছিলেন প্রচার-প্রচারনা থেকে দূরে। মুশফিকুর রহমান একদিন আর হাজারী একদিন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারনা চালান শুধু। আর স্থানীয় নেতাকর্মীদের অধিকাংশই তলেতলে আওয়ামীলীগ প্রার্থীর সঙ্গে লাইন দিয়ে তার পক্ষে সরবে-নিরবে  প্রচারনায় ব্যস্ত থাকেন। পৌর বিএনপি’র সভাপতি বাহার মিয়া দলের প্রার্থী বাছাইয়ে মন্তাজ মিয়ার পক্ষে জোড়ালো ভূমিকা রাখেন। ভোটের লড়াই জমে উঠলে তিনি আওয়ামীগ প্রার্থীর নৌকায় চড়ে বসেন। আওয়ামীলীগ প্রার্থীর একাধিক নির্বাচনী সভায় বক্তৃতা করেন বাহার। উপজেলা যুবদল সভাপতি নাহিদুল ইসলামের বাবা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ার আহমেদও নৌকার নির্বাচন করেন। তবে নাহিদ দলীয় প্রার্থীর পক্ষে থাকলেও নির্বাচনের শেষ কয়েকদিন এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে। পুলিশ তাকে নানা ভয়ভীতি দেখায় বলে অভিযোগ রয়েছে। তবে এই কান্ডে উপজেলা ছাত্রদল সভাপতি আলআমীন ছিলেন বেশ এগিয়ে। নির্বাচনে তার ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা সবার মাঝে। ভোটের দিন শহীদ স্মৃতি কলেজ কেন্দ্রে ছাত্রদলের এ নেতা নিজেই নৌকা মার্কায় সীল মারেন বলে অভিযোগ উঠে। দলের প্রার্থী ও নির্বাচন পরিচালনায় সম্পৃক্ত একাধিক নেতা এবিষয়টি নিশ্চিত করেন। শুধু তাই নয় ভোটের আগের রাতে খড়মপুর মাজারের প্রশাসনিক ভবনের অতিথিশালায় আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে নৈশভোজেও অংশ নেন আলআমীন। নেশভোজে অংশগ্রহনকারী অনেকেই তা নিশ্চিত করেন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কাজলের বিগত পৌর পরিষদের একজন সহকর্মী ছিলেন মন্তাজ মিয়া । তিনি ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। একারনে আওয়ামীলীগ প্রার্থীর সঙ্গে আখেরে তার আতাত হয় বলে প্রচার আছে। আলোচনা আছে মন্তাজকে নিয়ে মাঠে থাকা বিএনপির একটি অংশের সাথে উপজেলা  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে উপজেলা আওয়ামীগের সদস্য রুহুল আমিন খাদেম এ ব্যাপারে যোগাযোগ রক্ষা করেন। রুহুল আমিন আওয়ামীলীগের প্রার্থী কাজলের ঘনিষ্টজন। বিএনপি ছাড়লেও বিএনপি নেতাদের উপর তার এখনও প্রভাব রয়েছে। আল আমিনকে ছাত্রদলের সভাপতি বানাতেও ভূমিকা রাখেন অন্য দলের নেতা রুহুল আমিন। মামলাসহ সবকিছু থেকেই আল আমিনকে সেইফে রাখেন রুহুল । আর এসব কারনেই আল আমিন রুহুল আমিনের কথায় উঠেবসে। সেসকারনে নৌকা প্রতীকে সীল মারতেও কোন দ্ধিধা করেনি সে।
দলের প্রার্থী হিসেবে তৃনমুলের নেতকর্মীদের চাওয়া ছিলো জয়নাল আবেদীন আবদুকে। তাকে মনোনয়ন না দেয়ায় শুরুতেই হোচট খায় বিএনপি। দলের নেতাকর্মীরা নানা অজুহাতে দলীয় প্রার্থীর নির্বাচন থেকে সটকে পড়েন। সরজমিনে নির্বাচনী প্রচারনার সময়ও এ দৈন্যতা চোখে পড়ে। আওয়ামীলীগ প্রার্থীর তুলনায় তেমন কোন প্রচার-প্রচারনাই ছিলোনা বিএনপি প্রার্থীর। অনেক জায়গায় পোষ্টারও দেখা যায়নি। কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী আখাউড়ায় প্রচারনা চালাতে  এসে প্রার্থী ভুল হয়েছে বলে দলের নেতাকর্মীদের বৈঠকে স্বীকার করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্যে অনুরোধ জানালেও তা হয়নি। জয়নাল আবেদীন আবদু বিদ্রোহী প্রার্থী হিসেবে তার জমা দেয়া মনোনয়ন উঠিয়ে নিলেও একেবারেই প্রচারনায় নামেননি। দলীয় প্রার্থী মন্তাজ মিয়া অভিযোগ করেন জয়নাল আবেদীন আবদু মিয়ার ছেলে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে ভোট ছাপিয়েছেন। আবদুু মিয়াকে মনোনয়ন না দেয়ায় নারায়নপুরের বিএনপির নেতারাও মাঠে নামেনি। আবদু  নিজেও তলে তলে কাজলের পক্ষে কাজ করেছেন বলে কথা আছে। কাজলের সুবিধা করে দিতেই বিএনপির একটা অংশ মন্তাজকে মনোনয়ন দিয়েছেন এমন কথাও ছড়িয়ে পড়ে তখন জোরেসোরে।
নির্বাচনের দিন সকাল সাড়ে ৯ টায় বিএনপি প্রার্থী মন্তাজ মিয়া তার বাসায় দলীয় নেতাকর্মীদের ডেকে পাঠান । সেখানে মন্তাজ মিয়া দলের নেতাকর্মীদের সঙ্গে করনীয় নির্ধারনে আলোচনা করার সময় তার ছেলে হুমায়ুন কবির হাজির হন। হুমায়ুন মানসম্মান রক্ষায় তাড়াতাড়ি নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত দেন। সেটা মেনে নিয়ে দলীয় নেতাকর্মীরা বেলা ১২ টায় প্রার্থী মন্তাজ মিয়াকে নিয়ে সড়ক বাজারে আসেন। সেখানে সাংবাদিকদের ডেকে নির্বাচন বর্জনের ঘোষনা দেন মন্তাজ। মন্তাজ ১০ টা পর্যন্ত ভোটের মাঠে থাকবেন সেকথাও প্রচার হয় আগে।
তবে বিএনপি’র যে অংশটি মন্তাজ মিয়াকে মনোনয়ন দেয়ার পক্ষে ছিলেন তারা বলছেন নির্বাচন ফেয়ার হয়নি। নির্বাচন ফেয়ার হলে তাদের দল থেকে একটা কলাগাছ দাড় করিয়ে দিলেও পাশ করতো। উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন বলেন- প্রার্থীর কোন ত্রুটি নেই। এখানে প্রার্থী-অপ্রার্থী কোন ফ্যাক্টর নয়। তারা সব কেন্দ্র দখল করে ফেলেছে। সকাল ৮ টা থেকেই তারা কেন্দ্রে কেন্দ্রে সীল মারা শুরু করে। বহিরাগত দু-হাজার লোককে তারা সাদা ক্যাপ পড়িয়ে কেন্দ্রে পাঠিয়েছে। তারা শুধু নৌকা মার্কায় সীল মেরেছে। তারপরও কলেজ কেন্দ্রে আমাদের প্রার্থী দেড়’শ ভোট পেয়েছে। আবদু মিয়ার গোষ্টির ৪’শ লোক কি কলেজ কেন্দ্র ধরে রাখতে পারতো? মন্তাজতো তার কেন্দ্রে পাশ করেছে। আসলে মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। সুযোগ পেলে কলাগাছ দাড় করিয়ে দিলেও পাশ করতো।  আমাদের নেতাকর্মীদের একমাস ধরে পুলিশ দৌড়ের ওপর রেখেছে। মারধোর করেছে। মামলা দিয়েছে। আজকে যদি সুষ্টু ভোট হতো আর আমাদের প্রার্থী ফেল করতো তাহলে বুঝতাম প্রার্থীর সমস্যা ছিলো। তিনি বলেন দু-জন দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এরমধ্যে যাকে দেয়া হয়েছে সে যথেষ্ট উপযুক্ত। বিএনপি’র প্রার্থী মন্তাজ মিয়া বলেন, আসলে ঘটনা অইলো যারাই কাজ করতে নামছে তাদেরকেই পুলিশ দৌড়ানি দিছে। আমাদের উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খাদেমকে পিটিয়ে বা হাতের গিরাগারা (হারের বিভিন্ন জয়েন্ট) ভেঙ্গে দিয়েছে। পুলিশ আমার মার্কা দেখলেই পিটাইছে। এধরনের কর্মকান্ডের কারনে নেতাকর্মীরা দূরেদূরে থেকেছে। তিনি বলেন ৫০ মিনিট নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এরমধ্যেই আমি ৩ হাজার ভোট পেয়েছি। ৮ ঘন্টা সুষ্ঠু ভোট হলে আমি কতো ভোট পাইতাম বুঝেন। আমার মনোনয়ন আল্লাহর কুদরতে হয়েছে। আমি আতাত করেছি এটা অবাঞ্চিত কথা। দুইটা নৌকা জুড়ি বাধলে ছোট হোক বড় হোক জয়ের চেষ্টা করে। কেউ কারো ভাত খায়না,কাপড় পড়েনা। এটা কি সম্ভব, আমি একটা বৃহত্তর দলের মনোনয়ন পাইয়া কাজলের কথা শুনবো। আমি কি এতোই কাপুরুষ ? পৌর বিএনপি’র সভাপতি বাহার মিয়া বলেন, আমি আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে প্রচারনায় যাইনি। নির্বাচন শুরুর আগে এলাকার উন্নয়নের বিষয়ে একটা মিটিং হয়েছিলো। আমি সেখানে ছিলাম। কাউন্সিলর হিসেবে আমি কি উন্নয়ন করেছি তা এলাকার লোকজনের সামনে তুলে ধরেছি। প্রথমে ভেবেছিলাম মন্তাজ বড় গ্রামের লোক। তার এলাকায় ৫ হাজার ভোট আছে। গ্রামের মানুষও ঐক্যবদ্ধ ভাবে তাকে সমর্থন দিয়েছিল। আর আবদু মিয়া নারায়নপুরের বাসিন্দা,তার এখানে মাত্র ৭’শ ভোট। আমরা ভোটের ব্যবধান হিসেব করে মন্তাজ মিয়াকে সমর্থন দিয়েছিলাম। ভেবেছিলাম তার পক্ষেই জয়ী হওয়া সম্ভব। কিন্তু নির্বাচন যে দলীয় ভাবে হবে তা তখন বুঝতে পারিনি। তাছাড়া আওয়ামীলীগ জোরে জয় নিয়েছে। নৌকার ভোট নিয়েছে প্রকাশ্যে। আর কাউন্সিলরের ভোট গোপনে। আমিও কাউন্সিলর নির্বাচন করেছিলাম। ৪২ ভোটে হেরে গেছি। ছাত্রদল সভাপতি আলআমীন নৌকার প্রতীকে সীল মারার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কেন্দ্রেই যায়নি। কেন্দ্রে যাওয়ার কোন পরিবেশ ছিলোনা। যে কথা বলা হচ্ছে তা সঠিক নয়। দলের একটি কর্মীও অন্যদলের ইলেকশন করেনি। রুহুল আমিন খাদেমের সঙ্গে তার সুসম্পর্কের কথা স্বীকার করে আল আমিন বলেন ব্যাক্তি সম্পর্ক রাজনৈতিক সম্পর্কের উর্ধ্বে।