বাংলাদেশ ক্রিকেটের সোনায় মোড়ানো একটি বছর
স্পোর্টস ডেস্ক : দেখতে-দেখতে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে আরেকটি বছর। পেছন ফিরে তাকালে উঠে আসবে আনন্দ-বেদনা আর প্রাপ্তি-অপ্রাপ্তির বর্ণিল সব উপাখ্যান। ২০১৪ সাল জুড়ে বাংলাদেশের ক্রিকেটে ছিল শুধুই হাহাকার। তবে, ২০১৫ সালটি বাংলাদেশ ক্রিকেটের দারুণ একটি সাফল্যের বছর। যেখানে ঘরের মাঠে টানা চারটি সিরিজ জয়, তাও ক্রিকেট পরাশক্তিদের বিরুদ্ধে। রয়েছে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার ইতিহাস। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে সোনায় মোড়ানো একটি বছরই ছিল ২০১৫, যা বিদায় নিতে চলেছে।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপের শেষ আট নিশ্চিত হওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজার বাঁধ-ভাঙ্গা উচ্ছ্বাস। মাঠে তাদের এমন পারফরম্যান্স এ বছর দেখা গেছে অনেকবারই। তাইতো ভালোর মধ্যেও ভালো থাকে। সবই ভালো হয়ে গেলে করতে হয় সেই অনুসন্ধান, তাই কোনটা সবচেয়ে বেশি ভালো?
কারণ বাংলাদেশের ক্রিকেটকে ২০১৫ সাল দাঁড় করিয়ে দিয়েছে সে রকমই এক মধুর চ্যালেঞ্জের সামনে। এই যে বছরজুড়ে এত ভালো, এর মধ্যে সেরা ভালো কোনটা? বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা, নাকি ঘরের মাঠে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইওয়াশ করা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের আলোচনায়ও একই ব্যাপার। এ বছর দেশের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স ছিল কার?
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে মাহমুদুল্লাহর টানা দুই সেঞ্চুরি নাকি বাঁহাতি কাটার মুস্তাফিজুর রহমানের অভিষেকেই বিশ্বকে জানান দেয়া। আবার টেস্টে তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জয়রথ ছুটিয়ে নতুন উচ্চতায় উঠে যাওয়াও আসতে পারে প্রতিদ্বন্দ্বিতায়।
অথচ ২০১৪ সালটি ছিল আক্ষেপ আর হাহাকারে পূর্ণ। বছরের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় সেই ক্ষতে দেয় সান্তনার সামান্য প্রলেপ। আসলে তখনো জানা ছিল না, সাফল্যের রেলগাড়ি ছুটতে শুরু করবে আসলে এখান থেকেই। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব মাশরাফি বাহিনীর জন্য ‘বিশ্বকাপ জয়’ই তো! দুর্ভাগ্য, শেষ আটে ভারতের কাছে হেরে যাওয়ায় শেষ হাসিটা আর চওড়া হয়নি টাইগারদের। যদিও ভারতের সেই জয়টাও ছিল কলঙ্কের কালিমাযুক্ত।
ওই বিশ্বকাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস টাইগারদের ধমনিতে প্রবাহিত হলো সারা বছরই। দেশে ফিরেই গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে বীর বিক্রমে সিরিজ জয়। প্রথমে ওয়ানডে সিরিজে পাক শিবিরকে হোয়াইটওয়াশের স্বাদ দেয়া। এর পরে খুলনা টেস্টে আধিপত্য দেখিয়ে ড্র করে বাংলাদেশ। ওই সিরিজে মুশফিকুর রহিমের পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন তামিম ইকবাল।
এইসঙ্গে রেকর্ডের পাতায় ঢুকল দ্বিতীয় ইনিংসে তামিম-ইমরুলের ৩১২ রানের ওপেনিং জুটিটাও। বাংলাদেশ দলের হয়ে যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটিও এটি। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটিতে হলোতো বিশ্ব রেকর্ডই।
ওই সিরিজে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে দাপুটে ড্র হলেও ২০১৫-তে বাংলাদেশের আরো তিন টেস্ট বৃষ্টির জন্য দেখেছে ড্র। ভারতের বিপক্ষে ছিল একটি টেস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টটি রোমাঞ্চকর এক জায়গায় পৌঁছেই শেষ পর্যন্ত হয়েছে ড্র। বিশ্বকাপের পর বাংলাদেশ দল এ বছর সব সিরিজই খেলেছে দেশের মাটিতে।
বিশেষ করে ওয়ানডের বদলে যাওয়া চেহারায় এটিরও হয়তো বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে রয়েছে মাশরাফির নেতৃত্বের প্রভাবও। আর এপ্রিলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দুর্দান্ত শুরু। এরপরই ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ২-১-এ সিরিজ হারিয়ে বছরের শেষ ভাগে এসে আবার জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করে মাশরাফি বাহিনী।
আগের বছর যে দল টানা ১২ ওয়ানডেতে হেরেছে, সেই দলই কি না ২০১৫ সালে ১৮ ওয়ানডে খেলে জয় পেয়েছে ১৩টিতেই। তবে মজার ব্যাপার একটিও সিরিজ হারেনি টাইগাররা। টি২০ পাঁচ ম্যাচ খেলে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি জয়। গত বছর ৯ ম্যাচ খেলে ৭টিতেই হারের তুলনায় এটাকে একবাক্যে বলা যায় ভালো ফলাফল।
ওয়ানডেতে বাংলাদেশ দল যেমন সাফল্য পেয়েছে। ঠিক তেমনি জাতীয় দলে নবীনের সমারোহ হয়েছে। যদিও গত বছর জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হয়েছিল সৌম্য সরকার, সাব্বির রহমানের। এবছরই তারা নিজেদের জাতটা চিনিয়েছেন। আর ২০১৫ সালের সেরা দুই আবিষ্কার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। লিটনের জন্য বছরের শেষটা ভালো না হলেও বাঁহাতি পেসার কাটার মাস্টার মুস্তাফিজকে ক্রিকেট বিশ্ব চিনেছে অন্যভাবে। ‘প্রাণঘাতী’ এক বাঁহাতি পেসার হিসেবে। কাটার আর সুইংয়ে বিশ্বব্যাপী আলোচিত। হয়েছেন প্রথম বাংলাদেশি হিসাবে আইসিসির ওয়ানডে দলের বর্ষসেরা ক্রিকেটার। ভারতীয় গণমাধ্যমেও মুস্তাফিজ ছিলেন হিরো।
আন্তর্জাতিক ক্রিকেটের পর মুস্তাফিজ ব্যাটসম্যানদের ঘুম কেড়েছেন ঘরোয়া ক্রিকেটেও। অবশ্য সেই ঘরোয়া ক্রিকেটেও ছিল আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ। প্রায় দুই বছর বন্ধ থাকার পর নভেম্বরে বসেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। বলা যায় ওই সময় বাংলাদেশে বিপিএল যে বিদেশি তারকাদেরও মেলা বসায়।
বিদেশি তারকা ক্রিকেটারদের ভিড়েও নিজেকে বিপিএলে অন্যভাবে তুলে ধরে মুস্তাফিজ। ঢাকা ডায়নামাইটসের হয়ে প্রথমবারে মতো বিপিএলে খেলেন এই বাঁহাতি কাটার মাস্টার। ক্রিস গেইল, শহীদ আফ্রিদির উইকেট নিশ্চিতভাবেই তুলে নেন বাঁহাতি এই পেসার। তবে বিপিএলের আবিষ্কার যদি কাউকে বলতেই হয়, তিনি হলেন আবু হায়দার রনি। টুর্নামেন্টে প্রথমবার খেলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রাখেন বাঁহাতি এই পেসার।

এক মৌসুম পর মাঠে ফেরা বিপিএল বছরের সবচেয়ে আলোচিত আসর হলেও ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা ছিল সারা বছরই। জানুয়ারিতে প্রাইম ব্যাংকের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। বিসিএলের শিরোপাও গেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের দখলে। আর জাতীয় লিগের তো দুটি মৌসুমই পেল এ বছর! ২০১৪-১৫-এর চ্যাম্পিয়ন রংপুর বিভাগ ও ২০১৫-১৬-তে শিরোপা জিতেছে আব্দুর রাজ্জাকের খুলনা বিভাগ।
সেপ্টেম্বরের শেষের দিকে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে নিরাপত্তার অজুহাতে প্রথমে বাংলাদেশ সফর পেছায় অজিরা। পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিরাপত্তার পূর্ণ আশ্বাস দেয়া হয়। কিন্তু তারপরও অনেক নাটকীয়তার পর সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ২০১৫ সাল ছিল বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয়ই।
নতুন বছরে টাইগারদের সামনে রয়েছে যুব বিশ্বকাপ, এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের মতো বড় আসর। সামনের বছরটায় আরো ভালো কিছু করার বড় স্বপ্ন। যদিও বাংলাদেশ দলকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে। বিশেষ করে বিদেশের মাটিতে ভালো খেলতে পারে না টাইগাররা। অতীত পরিসংখ্যান কিন্ত সেটাই বলে। তবুও ২০১৫ সালটি সব সময়ই টাইগারদের জন্য কঠিন সময় পেছনে ফেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।বাংলামেইল











