বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ৯ ম্যাচ পর সান্তনার জয় বাংলাদেশের

news-image

সাফের ব্যর্থতার কাটা-ছেঁড়া বিশ্লেষণ চলছে ঢাকায়। চাকরি নিয়ে শঙ্কায় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও টিম লিডার ইকবাল হোসেন। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলামও। ব্যর্থতার রহস্য উন্মোচনে তদন্ত কমিটিও হয়েছে। চলছে কোচ মারুফুল হককে নিয়ে নানা হিসাব-নিকাশ। বঙ্গবন্ধু কাপ পর্যন্ত এই কোচকে রেখে দেয়ার চিন্তা করছে অনেকে। দীর্ঘমেয়াদে চুক্তি না করলে দায়িত্ব চালিয়ে যেতে চান না মারুফুল। এমন সময়েই স্বস্তির জয় পেলো মামুনুলরা। সাফ ফুটবলে ৯ ম্যাচ পর জয়ের মুখ দেখলো বাংলাদেশ। গতকাল ত্রিবান্দ্রাম ন্যাশনাল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে মামুনুলরা জয় কুড়ান পরিষ্কার ৩-০ গোলে। আসরে বাংলাদেশের শুরুর দুই ম্যাচে নিষ্প্রভ তারকা শাখাওয়াত হোসেন রনি গতকাল পান জোড়া গোল। বাংলাদেশের অপর গোলটি আসে তপু বর্মণের মাথা থেকে। জয়ের চিন্তা মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে কৌশল সাজান বাংলাদেশ কোচ মারুফুল হক।

কিন্তু কোচের কৌশল মার খায় মাঠে মামুনুলবাহিনীর খাপছাড়া ফুটবলে। সাফের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের কাছে ওই ম্যাচে ৪-০ গোলে নাকাল হন মামুনুলরা। পরের ম্যাচে ড্র করলেও সুযোগ থাকতো বাংলাদেশের। প্রথমার্ধের পেনাল্টি গোলে পিছিয়ে পরে ম্যাচের ৮৭তম মিনিটে সোহেল রানার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচের বাকি সময়টা তা ধরে রাখতে পারলেও অন্তত ভুটান ম্যাচ পর্যন্ত আশা টিকে থাকতো বাংলাদেশের। কিন্তু কোচ মারুফুল আক্রমণাত্মক ফুটবল কৌশল জারি রাখেন। আর খেই হারান মামুনুলরা। ম্যাচের শেষ ৬ মিনিটে দুই গোল খেয়ে বসেন মারুফুল শিষ্যরা। এতে আসর থেকে তল্পিতল্পা গুটায় মামুনুলবাহিনী। গতকাল ভুটানের বিপক্ষে আদতে মান বাঁচানোর ম্যাচ ছিল মামুনুলদের। আর ম্যাচের শুরু থেকেই বল পায়ে বাংলাদেশ দলকে দেখাচ্ছিল দুর্বার। আগের দুই ম্যাচে যা করতে পারেনি মামুনুলরা, এদিন শুরু থেকেই তা হচ্ছিলো। মালদ্বীপ ম্যাচে গোটা দশেক কর্নার পেয়েছিল বাংলাদেশ। তার একটিতেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক ও দেশসেরা প্লে মেকার মামুনুল ইসলাম। কিন্তু গতকাল তার নেয়া কর্র্নার থেকেই প্রথম গোলের দেখা পায় গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ।

এদিন বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ দল ছিল এগিয়ে। গতকাল বাংলাদেশ দলে ডিফেন্ডার রায়হান হাসানের জায়গায় সুযোগ নেন নাসিরুল ইসলাম নাসির। আগের ম্যাচে নিষ্প্রভ জাহিদ গতকাল থাকেন একাদশের বাইরে । তার জায়গায় সুযোগ আসে তরুণ ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবনের। সাফে প্রথমবারের মতো মূল একাদশে জায়গা পেলেন নেওয়াজ। আদতে চাপহীন ম্যাচে বাংলাদেশের প্রথম সুযোগটা আসে খেলার পঞ্চম মিনিটে। ডান প্রান্ত দিয়ে হেমন্ত ভিনসেন্টের ক্রসে জীবন হেড নিতে ব্যর্থ হন। আর ফাঁকা পোস্টে তপুর শট উপর দিয়ে যায়। দুই মিনিট পর সাফল্য দেখেন তপু। মামুনুলের কর্নারে তার হেডে লিড নেয় বাংলাদেশ (১-০)। ২২ মিনিটে জীবনকে ফাউল। পেনাল্টি পায় মারুফুল হকের শিষ্যরা। আর লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন ভুটান তারকা চিমি দর্জি। দারুণ স্পট কিকে ভুটান গোলরক্ষককে পরাস্ত করেন শাখাওয়াত হোসেন রনি। ম্যাচের ৪০তম সুবর্ণ সুযোগ নষ্ট করেন রনিই। ভুটানের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পায়ে গোলমুখে খেই হারান রনি। আগুয়ান গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য ভিন্ন চেহারায় দেখা যায় দু’দলকে। দশজনের দল ভুটান এ সময় সুযোগ তৈরি করে একাধিকবার। বিপরীতে মামুনুলদের খেলায় ছিল  ভুল পাসের ছড়াছড়ি। ভুটানি ফরোয়ার্ড চ্যানচো এ সময় জোরালো সুযোগ নষ্ট করেন দুইবার। ৬৬ মিনিটে ইয়াসিনের ডিফেন্স চেরা থ্রু ধরে ওয়ান টু ওয়ান পাসিং শেষে প্লেসিং শটে বাংলাদেশের তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল আদায় করেন  শাখাওয়াত হোসেন রনি (৩-০)। আগের দুই ম্যাচে এমন সুযোগ নষ্ট করতে দেখা গিয়েছিল তাকে। গতকাল হ্যাটট্রিকের কৃতিত্বও কুড়াতে পারতেন রনি।

ম্যাচের শেষদিকে আরও এক  গোল পেয়েছিলেন  ঘরোয়া ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের  এই তারকা। কিন্তু ভারতীয় রেফারি প্রাঞ্জল ব্যানার্জি অফসাইডের বাঁশি বাজালে টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিকের সুযোগটি হাতছাড়া হয় রনির। ৬৪ মিনিটে বক্সের সামনে তপুর ফাউলে ফ্রি-কিক পায় ভুটান। এ নিয়ে ইয়াসিন খান ও জামালের মধ্যে হাতাহাতি। ৭৫ মিনিটে ডান প্রান্ত থেকে হেমন্তের বদলে নামা জাহিদের ক্রস ফাঁকা পোস্টে জীবনের প্লেসিং বাইরে দিয়ে যায়। ৯০ মিনিটে বক্সের মাঝ থেকে সোহেল রানার শট সেভ করেন ভুটানের বদলি গোলরক্ষক তেশরিং। ইনজুরি সময়ে বাংলাদেশের একাধিক সুযোগ হাতছাড়া করেন সোহেল রানা ও জুয়েল রানা।  ২০০৯ সালে ঢাকায় সাফ ফুটবলে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দেখেছিল বাংলাদেশ। পরের তিন আসরে টানা ৯ ম্যাচে বাংলাদেশ জয়ের নাগাল পায়নি।     
বাংলাদেশ দল: শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, ওয়ালী ফয়সাল, তপু বর্মণ, জামাল ভূঁইয়া (জুয়েল রানা), মামুনুল ইসলাম মোনায়েম খান রাজু,  হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (জাহিদ), সাখওয়াত রনি ও নবীব নেওয়াজ জীবন  (সোহেল রানা)।