বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপজুড়ে সতর্কতা

news-image

সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইউরোপীয় দেশগুলো। বড়দিন থেকে নববর্ষ_ এ সময়ের মধ্যে হামলা হতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর এ সতর্কতা নেওয়া হয়েছে। খবর এএফপি, রয়টার্স ও সিএনএনের।     


গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে অস্ট্রিয়া শনিবার ইউরোপীয় দেশগুলোকে এ সতর্কতা জানায়। রাজধানী ভিয়েনাসহ পুরো দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অস্ট্রিয়া। দেশটির পুলিশ শনিবার এক বিবৃতিতে বলেছে, ইউরোপের একাধিক শহরে হামলা চালাতে পারে চিহ্নিত সন্ত্রাসীরা। তবে কোন কোন শহরে এ হামলা হতে পারে, তারা তা নির্দিষ্ট করে বলতে পারেনি।


বিবৃতিতে বলা হয়, নাম প্রকাশ না করে 'বন্ধুভাবাপন্ন' একটি গোয়েন্দা সংস্থা ভিয়েনা পুলিশকে জানিয়েছে, বড়দিন বা নববর্ষ উদযাপনকে ঘিরে ইউরোপের শহরগুলোতে বোমা বা বন্দুক হামলা চালাতে পারে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দিয়ে এসব হামলা হতে পারে। আর এটা হতে পারে জনাকীর্ণ স্থানে। ২৫ ডিসেম্বর বড়দিনের মাত্র একদিন আগে এ তথ্য উদ্ধার করে গোয়েন্দা সংস্থাটি। গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্তত ছয়টি স্থানে প্রায় একযোগে চালানো বোমা ও বন্দুক হামলায় ১৩০ জন নিহত হয়েছিল। এর পর ইউরোপের দেশগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। এর মধ্যেই নতুন এ সম্ভাব্য হামলার তথ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়েছে দেশগুলো। তবে জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্স নিজেদের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে সরাসরি কিছু বলতে রাজি হয়নি। 


গোয়েন্দা তথ্যে বেশ ক'জন সম্ভাব্য হামলাকারীর নামও বলা হয়। অস্ট্রিয়া পুলিশ এ বিষয়ে তদন্ত করলেও বস্তুনিষ্ঠ কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। সম্ভাব্য হামলার তথ্য জানার পর অস্ট্রিয়ার জনাকীর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে বাস ও রেলস্টেশনগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অস্ট্রিয়া পুলিশের অনুরোধে সাড়া দিয়েছে জার্মানি পুলিশও। একই রকম হুমকির কথা মাথায় রেখে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটি। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জঙ্গিদের হামলার আশঙ্কা মাথায় রেখে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে জার্মানি। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এ ছাড়া ইউরোপের সব বড় শহরেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসমাগমপূর্ণ স্থানগুলোয় নজরদারি ও টহল বৃদ্ধির পাশাপাশি তথ্যও সংগ্রহ করা হচ্ছে। বিশেষত অনুষ্ঠানস্থলগুলোয় রাখা হচ্ছে বাড়তি নজর ও নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশি বাড়ানো ছাড়াও জরুরি প্রয়োজনে সাড়া দিতে নিজেদের সক্ষমতাও যাচাই করছে ইউরোপীয় পুলিশ।