একদিকে উৎসব অন্যদিকে হতাশা
সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনাটা রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রায়ো ভায়েকানোর বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচেও ক্রিস্তিয়ানো রোনালদোকে ধিক্কার দিলেন ক্ষুব্ধ মাদ্রিদ সমর্থকরা। দেবেই-বা না কেন, এগিয়ে গিয়েও যে ১২তম মিনিটে তারা পিছিয়ে গিয়েছিল ২-১ গোলে! সেই ধিক্কার ম্যাচ শেষে রূপ নিল ভালোবাসায়। ভায়েকানোকে যে গোলের মালা পরিয়ে বিদায় করেছে ‘লস ব্লাঙ্কোস’। ‘বিবিসি’র ছোবলে লা লিগায় রিয়াল নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় পেয়েছে ১০-২ গোলে। রিয়ালের গোলোৎসবের রাতে শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। মালাগার মাঠ থেকে মাদ্রিদের ‘ছোট’রা হেরে ফিরেছে ০-১ গোলে।
রিয়ালের সবচেয়ে বড় ‘শত্রু’ এখন নিজেদের সমর্থকরাই! ঘরের মাঠে তাই প্রতিপক্ষের চেয়ে নিজেরাই চাপে থাকে বেশি। ভায়েকানোর ম্যাচের আগে চাপটা আরো বেশি ছিল আগের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে ফেরায়। সেই চাপ জয় করে অবশ্য তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা দানিলোর গোলে। স্বস্তির নিঃশ্বাস ফেলা কোচ রাফায়েল বেনিতেজ তখনো হয়তো আঁচ করতে পারেননি সামনে ঠিক কী ঘটতে যাচ্ছে। সমর্থকরাও হয়তো ভেবেছিলেন আজ গোলোৎসবই হতে যাচ্ছে বার্নাব্যুতে। কিন্তু কিসের কী, ১০ মিনিটে ভায়েকানো সমতায় ফেরে আন্তোনিও আমায়ার লক্ষ্যভেদে। শুধু তা-ই নয়, মিনিট দুয়েক পর এগিয়েও যায় ভায়েকানো। এরপর যা হওয়ার তাই! বার্নাব্যুতে উপস্থিত সমর্থকরা ফেরে পুরনো চেহারায়, গ্যালারি থেকে ধেয়ে আসে দুয়োধ্বনি। ঠিক তখনই তিতো দেখেন লাল কার্ড, এরপর ২৮ মিনিটে রাউল বায়েনাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বাকিটা সময় ৯ জন নিয়ে খেলতে হয়েছে ভায়েকানোর। সেই সুযোগটা কাজে লাগিয়ে একের পর এক গোল করে গেছেন ‘বিবিসি’। ২৫ মিনিটে প্রথমবার জাল খুঁজে পাওয়া বেল ৪১ ও ৬১ মিনিটে আরো দুই গোল করে পূরণ করেন হ্যাটট্রিক। আর ৭০ মিনিটে চতুর্থ গোলটি করে ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েন তিনি। রোনালদো ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর দ্বিতীয়বার জাল খুঁজে পান ৫৩ মিনিটে। আর ৪৮ ও ৭৯ মিনিটে দুইবার লক্ষ্য ভেদ করা বেনজিমা হ্যাটট্রিক পূরণ করেন নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে।
লা লিগায় রিয়ালের সর্বোচ্চ ব্যবধানে জয়টা ১১-২ গোলে, ১৯৫৯-৬০ মৌসুমে এলচের বিপক্ষে এসেছিল জয়টি। এবার সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছার পরও কিন্তু বেনিতেজের ওপর সন্তুষ্ট নন রিয়াল সমর্থকরা। যদিও চার গোল করা বেল পাশেই আছেন এ স্প্যানিয়ার্ডের, ‘আমরা নিজেদের গুছিয়ে নিচ্ছি দারুণভাবে। অনুশীলনে কঠোর পরিশ্রম করছি প্রতিদিন। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় উন্নতির দরকার রয়েছে, তবে আমরা কিন্তু মৌসুম যত এগোচ্ছে, তত উন্নতি করছি।’
এই জয়ে ১৬ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩৩। আর তাদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো। অথচ বড়দিনের আগে শীর্ষে থাকার কথা ছিল তাদেরই! সমান পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার ক্লাব বিশ্বকাপের জন্য খেলা নেই এই সপ্তাহান্তে, তাই তাদের
টপকে শীর্ষে যাওয়ার সুযোগ ছিল মালাগার বিপক্ষে না হারলে। কিন্তু গাবির লাল কার্ডে ১০ জনের অ্যাতলেতিকো হেরে ফিরেছে ০-১ গোলে। ৮৬ মিনিটে মালাগার জয়সূচক গোলটি করেছেন চার্লেস।
হেরে গেছে ইন্টার মিলানও। ঘরের মাঠে লািসওর বিপক্ষে ২-১ গোলের হারে অবশ্য ইতালিয়ান লিগের শীর্ষস্থান ধরে রেখেছে মিলানের ক্লাবটি। আন্তোনিও কান্দ্রেভার লক্ষ্যভেদে পঞ্চম মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ৬১ মিনিটে অবশ্য মাউরো ইকার্দির গোলে সমতায় ফিরেছিল ইন্টার, কিন্তু ৮৭ মিনিটে কান্দ্রেভা দ্বিতীয়বার জাল খুঁজে পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে লািসও। অবশ্য জিতেছে এসি মিলান, ফ্রোসিনোনের মাঠ থেকে তারা ফিরেছে ৪-২ গোলে জিতে। রোমাও
ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে জেনোয়ার বিপক্ষে। এএফপি











