বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি অর্থায়ন : জামিন পেলেন সেই দুই আইনজীবী

news-image

নিউজ ডেস্ক : জঙ্গি সংগঠন হামজা ব্রিগেটকে অর্থ যোগান দেয়ার অভিযোগে গ্রেফতার ৩ আইনজীবীর মধ্যে দুইজন জামিনে মুক্তি পেয়েছেন।পৃথক দুইটি মামলায় তাদের জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই দুই আইনজীবী জামিনে মুক্তি পান বলে জানান চট্টগ্রামের ডেপুটি জেলার জাহিদুল আলম।
জামিনপ্রাপ্তরা হলেন, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)।
এর আগে সোমবার চট্টগ্রামের অবকাশকালীন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নূরুল ইসলাম হাটহাজারী থানায় দায়ের অস্ত্র বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন দেন। রোববার বাঁশখালী থানায় একই আইনে অপর একটি মামলায় তাদের জামিন দেয়া হয়।
উল্লেখ্য, জঙ্গি অর্থায়নের অভিযোগে ১৮ আগস্ট মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে লিটন ও বাপনের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে (৩৯) আটক করে র‌্যাব-৭। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের বাঁশখালীর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৯ আগস্ট বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় সংবাদ সম্মেলনে র‌্যাব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেফতার তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, মো. হাসানুজ্জামান লিটন ৩১ লাখ টাকা এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন।
র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, গ্রেফতার তিন আইনজীবীর বিরুদ্ধে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সহায়তা করার তথ্য-প্রমাণ তাদের হাতে রয়েছে। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-প্রমাণ পাওয়ার পরই তারা এই তিন অর্থ জোগানদাতা আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। এই আইনজীবী কী উদ্দেশ্যে, কাদের নির্দেশে এবং কী কারণে এই জঙ্গি সংগঠনটিতে অর্থ সহায়তা দিয়েছে, তা খতিয়ে দেখতেই রিমান্ডে নেয়া হয়েছে। একই সঙ্গে এই অর্থ জোগানদাতাদের পেছনে কোনো বিদেশী জঙ্গি গোষ্ঠী বা সংগঠন বা ব্যক্তি জড়িত কিনা সে বিষয়টিও জানার চেষ্টা করা হবে। বুধবার বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন সমিতির নিয়মিত সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন।