শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসি-আর্সেনাল শেষ ষোলোতে

news-image

সমীকরণ খুব একটা কঠিন ছিল না। ঘরের মাঠে ড্র করলেই চলত। কিন্তু কোচ হোসে মরিনহোর জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। চেলসিকে চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে তুলতে না পারলে পরশু রাতেই হয়তো পত্রপাঠ বিদায় করে দেয়া হতো তাকে। তবে শেষ রাতে ওস্তাদের মার দেখিয়ে এযাত্রায় বরখাস্ত হওয়া থেকে বেঁচে গেলেন স্পেশাল ওয়ান। সাবেক দলের বিদায়ঘণ্টা বাজিয়ে নিজের চাকরিটা বাঁচালেন মরিনহো। বুধবার গ্রুপপর্বের সমাপনী রাতে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে চেলসি। ব্লুজদের সঙ্গে লন্ডনের আরেক দল আর্সেনালও চলে গেছে শেষ ষোলোতে।
গানারদের জন্য সমীকরণটা বেশ কঠিনই ছিল। প্রতিপক্ষের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হতো। সেই অগ্নিপরীক্ষায় আর্সেনাল জিতল তিন গোলের ব্যবধানে। ফরাসি ফরোয়ার্ড অলিভার গিরদের অনবদ্য হ্যাটট্রিকে অলিম্পিয়াকোসেকে ৩-০ গোলে হারিয়ে টানা ১৬ বারের মতো চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। একই রাতে চিরশত্র“ দুই পড়াশির স্বস্তির জয় গোটা লন্ডনে উৎসবের আবির ছড়িয়েছে।
চেলসি ও আর্সেনাল ছাড়াও শেষদিনে শেষ ষোলোর টিকিট কেটেছে রোমা, ডায়নামো কিয়েভ ও গেন্ট।
ই-গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শেষ ম্যাচে হোঁচট খেয়েও তাই কোনো ক্ষতি হয়নি কাতালানদের। একইভাবে ঘরের মাঠে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েও কোনো লাভ হয়নি বেয়ার লেভারকুসেনের। গ্র“পের অন্য ম্যাচে বাতে বরিসভের সঙ্গে ষোলোতে বার্সার সঙ্গী হয়েছে রোমা। লেভারকুসেন ও রোমার পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে জার্মানদের। বার্সাকে রুখে দেয়ার সান্ত্বনা নিয়ে এখন তাদের খেলতে হবে ইউরোপা লীগে। সুয়ারেজ, নেইমার, ইনিয়েস্তা, আলভেস ও পিকের মতো নিয়মিত খেলোয়াড়রা একাদশে না থাকলেও লেভারকুসেনের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ২০ মিনিটে ইভান রাকিটিচের পাস থেকে গোলটি করেন লিওনেল মেসি। এক বছর পর চ্যাম্পিয়ন্স লীগের অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন বার্সার আর্জেন্টাইন জাদুকর। তবে তিন মিনিট পরই জাভিয়ের হার্নান্দেজের গোলে সমতা ফেরায় লেভারকুসেন। আরেকটি গোল পেলেই শেষ ষোলেতে চলে যেত জার্মান ক্লাবটি। কিন্তু বার্সার জার্মান গোলকিপার টের স্টেগেন তা হতে দেননি।
এইচ-গ্রুপ থেকে নকআইট পর্বে উঠেছে জেনিত সেন্ট পিটার্সবার্গ ও গেন্ট। শেষ ম্যাচে জেনিতকে ২-১ গোলে হারিয়ে বেলজিয়ামের প্রথম ক্লাব হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিল গেন্ট। আরেক ম্যাচে লিঁওর কাছে ভ্যালোন্সিয়া হেরেছে ২-০ গোলে। ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে অভিষেকটা ভালো হল না গ্যারি নেভিলের। এফ-গ্রুপের শীর্ষ দল বায়ার্ন মিউনিখ শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ডায়নামো জাগারেবকে। টমাস মুলার পেনাল্টি মিস করলেও পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডোস্কির জোড়া গোলে সহজেই জিতেছে জার্মান জায়ান্টরা। বায়ার্নের কোচ হিসেবে পেপ গুয়ারডিওলার শততম জয় এটি। এএফপি।
এক নজরে ফল
লেভারকুসেন ১ : ১ বার্সেলোনা
রোমা ০ : ০ বাতে বরিসভ
বায়ার্ন মিউনিখ ২ : ০ ডায়নামো জাগরেব
আর্সেনাল ৩ : ০ অলিম্পিয়াকোস
চেলসি ২ : ০ পোর্তো
ডায়নামো কিয়েভ ১ : ০ ম্যাকাবি
লিঁও ২ : ০ ভ্যালেন্সিয়া
গেন্ট ২ : ১ জেনিত