স্বাধীনতা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত
স্বাধীনতা, একটি শব্দ। একটি লালিত স্বপ্ন। একটি প্রেরণা। একটি চেতনা। একটি গৌরবোজ্জ্বল ইতিহাসের নাম। স্বাধীনতা মানে রক্তসাগর পাড়ি দিয়ে নীল আকাশের কোলে ঠাঁই নেওয়া। স্বাধীনতা মানে গোলামির জিঞ্জির ছিন্ন করে নিজের সত্তাকে মুক্ত করে নেওয়া। স্বাধীনতা মানে লাখ লাখ জীবন আর সম্ভ্রমের বিনিময়ে লাল-সবুজের পতাকা অর্জন করা। স্বাধীনতা মানে কাস্তে, কোদাল আর বাঁশের লাঠি নিয়ে বন্দুক, কামান আর বোমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, শত্রু তাড়িয়ে মাতৃভূমিকে স্বমহিমায় প্রতিষ্ঠা করা। বাংলা অভিধানের একটি শব্দ ‘স্বাধীনতা’। ১৯৭১ সালে বাঙালির হূদয়ে পাকিস্তানি শোষণ থেকে মুক্তির স্বপ্নে এর উদয় হয়েছিল। স্বতন্ত্র সত্তা হিসেবে ‘বাঙালি জাতি’ গঠনের চেতনায় এর জন্ম হয়েছিল। তাই দীর্ঘ সাড়ে ৯ মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ইতিহাস রচিত হয়েছিল। যাঁদের আত্মার গাঁথুনিতে, রক্তের বাঁধুনিতে, ত্যাগের আস্তরণে সোনার বাংলার সৃষ্টি, তাঁদের সবার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
স্বাধীনতা মানবজীবনে মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত
মহান আল্লাহ মানুষকে স্বাধীন সত্তা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আর তার স্বাধীন বিচরণক্ষেত্র হিসেবে বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। পরাধীনতা মানবজীবনে সবচেয়ে বড় বঞ্চনার নাম। বাবা আদম ও মা হাওয়া (আ.)-এর আবাসভূমি ছিল পৃথিবীজুড়ে। পৃথিবীর বিশাল বক্ষে তখন কোনো সীমানা চিহ্ন আঁকতে পারেনি কেউ। তারপর তাঁদের সন্তানরা পারস্পরিক স্বার্থপরতার পথ ধরে বিভক্ত হয়ে পড়েছে। সীমানা চিহ্ন দিয়ে বিভক্ত করে ফেলেছে আবাসভূমি। সৃষ্টি হয়েছে পৃথিবীজুড়ে অসংখ্য স্বাধীন রাষ্ট্র। জন্ম নিয়েছে ভিন্ন ভিন্ন স্বাধীন জাতি। আর যখনই কোনো জাতির এক অংশ অন্য অংশের দ্বারা নিজেদের স্বাধীন অধিকার খর্ব হতে দেখেছে, একে অপরের দ্বারা শোষিত ও বঞ্চিত হয়েছে, তখনই শোষিত জনগোষ্ঠী শোষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নিজেদের মুক্ত করতে সংগ্রাম করেছে। একই ধারায় পশ্চিম পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে সাড়ে ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি। এভাবেই স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয় হয়েছিল ১৯৭১ সালে। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত স্বাধীনতা রক্ষা করার জন্যই মুক্তিযুদ্ধ।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় স্বাধীনতা
মানুষ পৃথিবীতে মহান আল্লাহর খলিফা হিসেবে তার প্রধান দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্যক্তিজীবনের স্বাধীনতা যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি একটি স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড বা রাষ্ট্র, যেখানে স্বাধীনভাবে বসবাস করা যায়। নিজ ইচ্ছামতো চলাফেরা করা যায়। পছন্দমতো বৃত্তি গ্রহণ ও বর্জন করা যায়। স্বাধীনভাবে কথা বলা যায়, জীবনের মৌলিক চাহিদাগুলো প্রয়োজনমাফিক মেটানো যায়। স্বাধীনতা না থাকলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও পালন কোনোটাই যথার্থভাবে সম্ভব নয়। সে কারণেই হজরত ইব্রাহিম (আ.)-কে জন্মভূমির মায়া ত্যাগ করে মক্কায় পাড়ি জমাতে হয়েছিল। হজরত মুসা (আ.)-কে নীল নদ পাড়ি দিয়ে একটি স্বাধীন জনপদ অনুসন্ধান করতে হয়েছিল। হজরত মুহাম্মদ (সা.)-কে জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে আবাস গড়তে হয়েছিল। পবিত্র কোরআনে আম্বিয়ায়ে কেরামের স্বাধীন ভূখণ্ডকেন্দ্রিক দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার তত্পরতা সবিস্তারে আলোচিত হয়েছে। হজরত ইব্রাহিম (আ.) প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘তিনি (ইব্রাহিমের বাবা) বললেন : ইব্রাহিম! তুমি কি আমার উপাস্য দেব-দেবীদের থেকে বিমুখ হয়ে পড়েছ? তুমি যদি নিবৃত না হও তাহলে অবশ্যই আমি তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব, আর (যদি বেঁচে থাকতে চাও তাহলে) তুমি আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যাও। তিনি (ইব্রাহিম) বললেন : সালাম আপনাকে। অবশ্য আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। তিনি আমার প্রতি অতিশয় দয়ালু। আর আমি (একটি স্বাধীন ভূখণ্ডের সন্ধানে) আপনাদের ছেড়ে চলে যাচ্ছি। ছেড়ে যাচ্ছি আপনারা যাদের পূজা করেন সেসব দেব-দেবীকে। আর আমি আমার রবের কাছে প্রার্থনা করব, আশা করি আমি আমার রবের কাছে প্রার্থনা করে ব্যর্থ হব না।’ (সুরা মারইয়াম : ৪১-৪৮)
হজরত মুসা (আ.)-এর স্বাধীন আবাসভূমি অনুসন্ধান প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘ফেরাউন সম্প্রদায়ের নেতারা বলল, তুমি কি মুসা ও তার সম্প্রদায়কে ছেড়ে দেবে দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টি করতে এবং তোমার দেবতাদের বর্জন করতে? সে (ফেরাউন) বলল, আমরা অবশ্যই তাদের পুরুষদের হত্যা করব এবং নারীদের জীবিত রাখব, আমরা তো তাদের ওপর প্রবল ক্ষমতার অধিকারী। মুসা তার জাতিকে বলল, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই জমিনটা তো আল্লাহর, তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে চান তাকে এর উত্তরাধিকার দান করেন। আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য নির্ধারিত।’ (সুরা আল-আরাফ : ১২৭, ১২৮) আরো ইরশাদ হয়েছে, ‘তারপর যখন দুই দল (মুসার দল ও ফেরাউনের দল) পরস্পরকে দেখতে পেল, তখন মুসার দলের লোকেরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম! সে (মুসা) বলল, কখনোই নয়, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব রয়েছেন, অবশ্যই তিনি আমাকে সঠিক পথের সন্ধান দেবেন। অতঃপর আমি ওহি মারফত মুসাকে আদেশ দিলাম, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ফলে তা বিভক্ত হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিরাট পাহাড়সদৃশ হলো। আর আমি অপর দলটিকে (ফেরাউনের দলকে) সেখানে উপনীত করলাম। আমি উদ্ধার করলাম মুসা ও তাঁর সঙ্গে যারা ছিল তাদের সবাইকে। অতঃপর আমি ফেরাউনের দলকে ডুবিয়ে দিলাম। (সুরা আশ শু’আরা : ৬১-৬৬)
শেষ নবী ও শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.) জন্মভূমিতে দীর্ঘ ১৩ বছর আল্লাহর দ্বীন ‘ইসলাম’ প্রচারের মিশন পরিচালনা করতে গিয়ে স্বজাতির মাধ্যমে নির্যাতিত হন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৬২২ খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন। হিজরতের পর ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। রাসুল (সা.) পরিচালিত মদিনাকেন্দ্রিক মিশনই অতি অল্প সময়ের মধ্যে গোটা আরব উপদ্বীপে ইসলামকে একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিল।
স্বাধীনতার চেতনা ইমানি উৎস থেকে উৎসারিত
একটি শক্তিশালী চেতনাই মানুষকে স্বাধীনতা অর্জন ও সংরক্ষণে উজ্জীবিত করে। আর এ চেতনা যদি ইমানি উৎস থেকে উৎসারিত হয়, তাহলে স্বাধীনতা হয় অর্থবহ ও সুরক্ষিত। এ কথা প্রমাণের অপেক্ষা রাখে না যে রাসুলুল্লাহ (সা.)-এর নেতৃত্বে মদিনাকেন্দ্রিক যে স্বাধীন রাষ্ট্রটি গঠিত হয়েছিল, তার ভিত্তি ছিল ইমান। ইমানভিত্তিক স্বাধীনতার চেতনার অর্থ রাষ্ট্রে বসবাসকারী সব নাগরিকের ইসলাম ধর্মের অনুসারী হওয়া নয়। সে মতে, অবশ্যই মদিনায় বসবাসকারী বিভিন্ন ধর্মীয় ও বংশীয় সম্প্রদায়কে নিয়ে যে স্বাধীন জাতি গঠিত হয়েছিল, তার বন্ধন ছিল স্বাধীনতার সুদৃঢ় চেতনা, যা ইমানের উৎস থেকে উৎসারিত। সে কারণেই মদিনার নিরাপত্তা রোজ কিয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে বলে স্বয়ং রাসুলুল্লাহ (সা.) নিশ্চয়তা প্রদান করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন : “এমন এক সময় আসবে, যখন মানুষ তার চাচাতো ভাই ও নিকটতম প্রতিবেশীকে ডেকে বলবে, ‘চলো এমন স্থানে চলে যাই, যেখানে কম দামে ও সস্তায় জিনিসপত্র পাওয়া যায়।’ বস্তুত তাদের জন্য মদিনায় থাকাই উত্তম হবে, হায়! তারা যদি এটা জানত তাহলে কতই না ভালো হতো! সেই মহান সত্তার নামে শপথ করে বলছি, যার হাতে আমার জীবন, যখনই কেউ অনীহাবশত মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যাবে, আল্লাহ তার থেকে উত্তম ব্যক্তিকে সেখানে এনে দেবেন। জেনে রেখো! মদিনার অবস্থা কামারের হাপরের মতো, যা পাপী ও অপবিত্র লোকদের বের করে দেয়। আর কামারের হাপর যেভাবে লোহার ময়লাকে বের করে দেয়, সেভাবে মদিনা তার ভেতরকার পাপী ও নিকৃষ্ট লোকদের বের করে দেওয়ার আগে কিয়ামত কায়েম হবে না।” (সহিহ মুসলিম)
স্বাধীনতা সুরক্ষায় জাতীয় ঐক্য
কোনো ভূখণ্ডের স্বাধীনতা সংরক্ষণে সেখানে বসবাসকারী বিভিন্ন শ্রেণি, পেশা ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে এক অভিন্ন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সবচেয়ে জরুরি। সে কারণেই রাসুলুল্লাহ (সা.) হিজরতের পর নব প্রতিষ্ঠিত মদিনা প্রজাতন্ত্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেখানে বসবাসকারী ইহুদি, মুশরিক, পৌত্তলিক ও মুসলমানদের সমন্বয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেন। সে লক্ষ্যে ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়ন করেন। সনদের ধারাগুলো বিশ্লেষণ করলে জাতীয় ঐক্যের প্রতি মহানবী (সা.)-এর সবিশেষ গুরুত্ব প্রদানের বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয়।
(১) বনু আওফের ইহুদিরা মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে একই উম্মত বা জাতি হিসেবে বিবেচিত হবে। ইহুদি ও মুসলমানরা নিজ নিজ দ্বীনের ওপর আমল করবে। বনু আওফ ছাড়া অন্য ইহুদিরাও একই রকম অধিকার ভোগ করবে।
(২) ইহুদিরা নিজেদের সমুদয় ব্যয়ের জন্য দায়ী হবে এবং মুসলমানরা নিজেদের ব্যয়ের জন্য দায়ী হবে।
(৩) এই চুক্তির অন্তর্ভুক্ত কোনো অংশের সঙ্গে কেউ যুদ্ধ করলে সবাই সম্মিলিতভাবে তাদের সঙ্গে সহযোগিতা করবে।
(৪) যত দিন যুদ্ধ চলতে থাকবে, তত দিন ইহুদিরাও মুসলমানদের সঙ্গে যুদ্ধের ব্যয়ভার বহন করবে।
(৫) এই চুক্তির অংশীদাররা সবাই পরস্পরের কল্যাণ কামনা করবে। তবে সেই কল্যাণ কামনা ও সহযোগিতা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হতে হবে, অন্যায়ের ওপর নয়।
(৬) কোনো ব্যক্তি তার মিত্রের অপরাধে অপরাধী বিবেচিত হবে না।
(৭) মজলুমকে সর্বতোভাবে সাহায্য করা হবে।
(৮) এই চুক্তির অংশীদারদের জন্য মদিনায় দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করা ও রক্তপাত নিষিদ্ধ থাকবে।
(৯) এই চুক্তির অংশীদারদের মধ্যে কোনো নতুন সমস্যা দেখা দিলে বা ঝগড়া-বিবাদ হলে আল্লাহর বিধান অনুযায়ী রাসুলে করিম (সা.) তাঁর মীমাংসা করবেন।
(১১) মদিনার ওপর কেউ হামলা করলে সেই হামলা মোকাবিলায় চুক্তি স্বাক্ষরকারী সব পক্ষ পরস্পরকে সহযোগিতা করবে। সব পক্ষ নিজ নিজ অংশের প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে।
(১২) এই চুক্তির মাধ্যমে কোনো অত্যাচারী বা অপরাধীকে আশ্রয় দেওয়া হবে না। (আর রাহিকুল মাখতুম)
মহানবী হজরত মুহাম্মদ (সা.) কর্তৃক সম্পাদিত ঐতিহাসিক মদিনা সনদ শুধু মদিনা প্রজাতন্ত্রের সার্বভৌমত্বকেই রক্ষা করেনি, মদিনায় বসবাসকারী প্রত্যেক নাগরিকের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করেছে। কেউ অধিকার ভোগের নামে তার ক্ষমতা ও প্রতিপত্তির জোরে অন্যের অধিকার দলিত-মথিত ও নিষ্পেষিত করবে, রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করবে, ষড়যন্ত্রে মেতে উঠবে, সে সুযোগ রাসুলের মদিনায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবোধ, স্বাধীনতার মূল্যবোধ ও সুদৃঢ় জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি।
লেখক : পেশ ইমাম ও খতিব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ











