বিএনপি ও প্রমাণ করতে চাইছে দলের জনপ্রিয়তা
আসন্ন পৌরসভা নির্বাচনের মাধ্যমে বিএনপি লাভ ঘরে তুলতে চায়। এই জন্য নির্বাচনকে ঘিরে দলের শীর্ষ দুইনেতা লাভ-ক্ষতিরও হিসাব-নিকাশ করছেন। মাঠপর্যায়ে ও তৃণমূলের নেতাদের কাছে বার্তা দেওয়া হয়েছে যাতে করে দল থেকে যে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের জয়ী করিয়ে আনার জন্য কাজ করেন। দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ বিরোধ যাতে এখানে প্রাধান্য না পায় এবং দলীয় স্বার্থে সবাই যেন এক সঙ্গে কাজ করে। আর নির্বাচনে কারচুপি ঠেকানোর জন্য করণীয় বিষয়েও বলা হয়েছে। পাশাপাশি কোথাও নির্বাচনে কারচুপি হলে কি করতে হবে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই হিসেবে তাদের প্রস্তুতিও রাখতে বলা হয়েছে।
বিএনপির সূত্র জানায়, এই নির্বাচন থেকে লাভ তুলে নেওয়ার জন্য কাজ করা হচ্ছে। এই নির্বাচন সুষ্ঠু হলে বেশি পৌরসভায় জয় পেয়ে বিএনপি প্রমাণ করতে চাইছে দলের জনপ্রিয়তা। সেই জন্য তারা নির্বাচনে শেষ দিন পর্যন্ত থাকতে চাইছে। সেটা করলে ও বেশি পৌরসভায় জয় পেলে আগামী দিনে বিএনপির রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে গোটা জাতি দেখবে এর ফল। আর সুষ্ঠু না হলেও প্রমাণ করা সম্ভব হবে এই সরকারের অধীনে আর কখনোই কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেই ইস্যুকে সামনে রেখেই আগামীতে আর কোনো নির্বাচন যাতে এই সরকারের অধীনে না হয় সেই জন্য দাবি জানানো হবে। আর সেখান থেকেই আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে ও কেমন নির্বাচন কমিশন হবে সেই ব্যাপারে আমরা আলোচনা শুরু করব। সরকারকে এই ব্যাপারে আলোচনা করতে হবে।
এ ব্যাপারে খালেদা জিয়া ও তারেক রহমানের ঘনিষ্ঠ একজন বিএনপি নেতা বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থীরা জয় লাভ করবে। সেখানে সরকারি দলের প্রার্থীদের শোচনীয় পরাজয় হবে। এই পরাজয় সরকার মেনে নিতে পারবে না। এই জন্য সরকার আগেই জয় নিশ্চিত করার চেষ্টা করছে। কারণ সরকারি দলের প্রার্থীরা বিএনপির কাছে পরাজিত হলে এতে প্রমাণ হবে, সরকারের জনপ্রিয়তা কমেছে। সেটা হলে সরকার যে ২০১৯ সালে নির্বাচন করে জয় পেতে চায়, এরপরও ২০২৪ সাল পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে ২০৪১ সাল পর্যন্ত সরকার ক্ষমতায় থাকতে চাইছে সেই সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, এই নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারলে সরকার কম পৌরসভায় জয় পাবে। কিন্তু সরকার সেটা চাইছে না। আমাদের দলের প্রধান দুইনেতা হিসাব কষে দেখেছেন নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থীরা বেশি জয় পাবেন। সেটা পেলে প্রমাণ করা সম্ভব হবে সরকার মুখে যত কথাই বলুক না কেন দলের জনপ্রিয়তা তলানিতে রয়েছে। সরকার যত কিছুই করুক না কেন আগামীতে বিএনপিকে ঠেকানো যাবে না। এই অবস্থায় দেশের মানুষ ও বিদেশি মহলের কাছে বিএনপি তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তুলে ধরতে চাইছে। সেই আশায় বিএনপি নির্বাচেনে গেছে।
সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছিল এবার সেই ভুল করতে চাইছে না। এই কারণে বিএনপির সামগ্রিক অবস্থা বিবেচনা করে ও লাভ-ক্ষতি হিসাব করেই নির্বাচন করছে। বিএনপি এটাও চাইছে যে, আগামী ৫ জানুয়ারি গণহত্যা দিবস ও কালো দিবস হিসেবে আখ্যা দিয়ে সরকারের বিরুদ্ধে কর্মসূচি পালন করার পরিকল্পনা করছে।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতো যদি সরকার নির্বাচন করে তাহলে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে পারবে না। নির্বাচন বয়কট করা হতে পারে। কারণ সিটি নির্বাচনে দেশে-বিদেশে যারা দেশ নিয়ে ভাবেন ও কথা বলেন তারা দেখেছেন নির্বাচন সুষ্ঠু হয়নি। সেটা না হওয়ার কারণে ওই সময়ে আমরা নির্বাচন বয়কট করি। আর এবারও যদি পৌরসভা নির্বাচনে সরকার একই রকম করে তাদের প্রার্থীদের জয়ী করিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেব।
নির্বাচন বর্জন করলে কি লাভ হবে? তিনি বলেন, সরকারি দল নির্বাচন কমিশনের সহায়তায় জয় ছিনিয়ে নেবে। আর আমরা বসে বসে দেখব সেটা তো হবে না। কারচুপি হলে আমাদের বর্জন করতে হবে। সেটা করাও হবে।
২৩৬ পৌরসভায় এই খবর কেমন করে পাঠানো হবে এই ব্যাপারে ওই উপদেষ্টা বলেন, ইতোমধ্যে প্রার্থীদের আভাস দেওয়া হয়েছে যখনই দেখবে তাদের পোলিং এজেন্টকে ভেতরে ঢুকতে দিচ্ছে না কিংবা কেন্দ্র থেকে বের করে দিচ্ছে তখন তারা এই ব্যাপারে সাংবাদিকদের জানাবে। যখন দেখবেন বেশিরভাগ কেন্দ্রেই এটা হচ্ছে, আর ভেতরে তারা নিজেরাই সিল মেরে জয় নিশ্চিত করছে সেই সময়ে প্রার্থীরা সংবাদ সম্মেলন করবে। সেখানে পুরো পরিস্থিতি বর্ণনা করবে। এরপর তারা কেন্দ্রের সিদ্ধান্তর জন্য অপেক্ষা করবে। তেমন খারাপ অবস্থা হলে কেন্দ্র থেকে তাদের নির্বাচন বর্জন করার জন্য বলা হবে। সেই হিসাবে তারা নির্বাচন বর্জন করবে। সরকারি দলের প্রার্থীরা জয় নিশ্চিত করবে আর বিএনপি নির্বাচনে থাকবে সেটা তো হতে পারে না। তেমন পরিস্থিতিতে বর্জন করে দেশে-বিদেশে গণমাধ্যমের কাছে পুরো ঘটনা তুলে ধরা হবে। যাতে করে সবাই বুঝতে পারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রকৃতপক্ষেই পরিবর্তন প্রয়োজন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিকূল পরিবেশ সত্ত্বেও বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে। বিএনপি একটি উদার রাজনৈতিক দল। এই দল নির্বাচনি প্রক্রিয়াকেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পথ বলে বিশ্বাস করে। যদিও স্থানীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না কিন্তু এই নির্বাচন গণতন্ত্রকে স্থিতিশীল করার একটি সুযোগ। পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের আস্থা ফিরে আসবে। তিনি বলেন, দলের নেতা-কর্মী এমনকি মনোনীত মেয়র প্রার্থীকেও গ্রেফতার করা হচ্ছে। তারপরও বলব ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে ও নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ভালো ফল করবে। তিনি বলেন, বিএনপির এবারের নির্বাচনি প্রচারের স্লোগান হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। সেটা প্রতিষ্ঠা করার জন্য ভোটারদের আহ্বান জানানো হবে।











