পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না
বাংলাদেশের সরকার পাকিস্তানের সাথে তার সম্পর্কের বিষয়টি মূল্যায়ন করছে বলে আবারও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে কী করা দরকার সেটি নিয়েও চিন্তাভাবনা চলছে। মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ঐ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে। এর প্রতিবাদে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়। আর এমনই প্রেক্ষাপটে আসে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এই বক্তব্য।
এসব বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন কূটনৈতিক বিশ্লেষক ড.আব্দুর রব খান।একটি রাষ্ট্র যখন আরেকটি রাষ্ট্রের সাথে সম্পর্ক মূল্যায়নের কথা বলে কূটনীতির ভাষায় তার কী অর্থ এ প্রসঙ্গে ড. আব্দুর রব খান বলেন, বাংলাদেশ মনে করে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তান বেশি রিএ্যাক্ট করেছে। যেটা অনেকটা কূটনীতিক শিষ্ঠাচারের বাইরে চলে গেছে। সাম্প্রতিক সময়ে সরকারের উপরে যথেষ্ট চাপও ছিল, চাপ এখনও রয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে। অনেকে মনে করে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার কী মানে আছে যখন পাকিস্তান এমন অবন্ধুসুলভ আচরণ করছে। আমি নিশ্চিত না কতখানি এটা কথার পরিপ্রেক্ষিতে এসেছে আর কতখানি মিন করেছে। যখন পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রীসভার ঊদ্ধর্তন সদস্যরা বলেন আমরা সম্পর্কের পুনমূল্যায়ন করছি সেটা দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে সেটার ইঙ্গিত দেয়। বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলির প্রেক্ষাপটে বলা যায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বা হচ্ছে।
বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন এবং বাংলাদেশ এ বিষয়ে প্রতিবাদ করেছে তেমনিভাবে ইসলামাবাদে বাংলাদেশের যিনি হাইকমিশনার রয়েছে তাকেও ডেকে পাঠানো হয়েছিল। এই ধরনের যখন টিট ফর ট্যুাট পদক্ষেপ চলতে থাকে সেটার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের কোন সম্ভাবনা থাকে কিনা এ প্রসঙ্গে ড.আব্দুর রব খান বলেন, এর চাইতে দুই দেশ আরো অনেক বেশি কঠোর হতে পারত সেটা হয়নি। যেমন অনেক সময় কূটনৈতিকদের বহিষ্কার করা হয়। প্রকৃত পক্ষে দুই দেশের মধ্যে এখনও সম্পর্কের অবনতি হয়নি। এর আগেও পকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময়ই চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যায়। স্বাধীরতার পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনই মধুর হয়নি।
বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন করতে পারে কিনা এ প্রসঙ্গে ড.আব্দুর রব খান বলেন,পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না। আমরা জানি দক্ষিণ এশিয়ায় একটা ভারসাম্যের ব্যাপার আছে সেটা সম্পর্কের ভারসাম্য, কূটনীতির ভারসাম্য। সেটা কোন না কোন কারণে খারাপ হয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ায় সম্পর্কের ভারসাম্য নষ্ট হবে।
আমাদের সময়.কম











