যেমন খুশি তেমন তথ্য! : হলফনামা না-কি মিথ্যানামা?
অসঙ্গতিতে ভরা পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের হলফনামা। প্রার্থীর পেশার সঙ্গে আয়ের কোনো মিল নেই। কেউ লিখেছেন ‘বর্তমানে তার পেশা নেই।’ কেউ আবার পেশার ঘরে লিখেছেনথ ‘স্ত্রীর ব্যাংকে জমানো টাকার সুদ’। একজন প্রার্থী নিজেকে আইনজীবী হিসেবে উল্লেখ করলেও তার আয়ের খাত দেখিয়েছেন বাড়ি ভাড়া। পেশা থেকে তার কোনো আয় নেই। ঠিকাদারির আয় দেখানো হয়েছে সম্মানী হিসেবে। কৃষি খাত থেকে আয় করেন বলে দেখিয়েছেন একাধিক প্রার্থী। অথচ হলফনামার তথ্য অনুসারে তাদের কৃষিজমিই নেই।
এমনই সব বিচিত্র তথ্য দিয়ে পূরণ করা হয়েছে পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের হলফনামা। নির্বাচন কমিশন থেকে পাওয়া আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের হলফনামায় মিলছে এসব অসঙ্গতিপূর্ণ তথ্য। দেশে এবারই প্রথমবারের মতো পৌরসভার মেয়র পদে সরাসরি রাজনৈতিক দল মনোনীত প্রার্থী দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
হলফনামায় ভুল তথ্য দেওয়া হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা আইনে বলা হয়েছে। তবে গতকাল দেশের ২৩৪ পৌরসভায় মনোনয়ন বাছাইয়ের কাজ শেষ হলেও এসব প্রার্থীর বেশিরভাগকেই বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালের পর থেকে আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে সাত ধরনের ব্যক্তিগত তথ্য দেওয়া বাধ্যতামূলক। এবারের নির্বাচনের প্রার্থীদের অধিকাংশের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, যেমন খুশি তেমনভাবে পূরণ করেই তা জমা দিয়েছেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন
কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, হলফনামায় প্রার্থীরা কী তথ্য দিয়েছেন, তা এখনই তাদের পক্ষে জানা সম্ভব নয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ ধরনের কোনো অসঙ্গতি সত্যিই থাকলে তা খতিয়ে দেখার কথা। আইন অনুযায়ী এসব হলফনামা ভোটারদের জন্য যথাসময়ে উন্মুক্ত করে দেওয়া হবে। তখন সংক্ষুব্ধ ব্যক্তি এ ব্যাপারে আপত্তি জানাতে পারবেন।
তবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গতকাল বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বাছাইয়ের বিষয়টিতে নজরদারি করাও কমিশনের দায়িত্ব। সংবিধানের ১১৯ ধারা অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। এমনকি প্রার্থিতা চূড়ান্ত হলে এবং নির্বাচনের পরে যে কোনো প্রার্থীর হলফনামার অসঙ্গতি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে। সবকিছু রিটার্নিং কর্মকর্তার ওপরে ছেড়ে দিয়ে বসে থাকলে কমিশন থাকার দরকার আছে বলে মনে হয় না।
হলফনামায় দেখা গেছে, চৌমুহনী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আক্তার হোসেন তার হলফনামায় নিজের দুটি প্রাইভেট কার, স্ত্রীর দশ ভরি স্বর্ণ, আসবাবপত্র ও নিজ নামে ফ্ল্যাট, জমি, আবাসিক ভবন রয়েছে উল্লেখ করেছেন। কিন্তু স্থাবর-অস্থাবর কোনো সম্পদেরই মূল্য উল্লেখ করেননি। নিয়ম অনুযায়ী তার সম্পদের অর্জনকালীন মূল্য উল্লেখ থাকার কথা।
একই পৌরসভার বিএনপির প্রার্থী মোহাম্মদ জহির উদ্দিন তার বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান, অন্যান্য ভাড়া ও ফার্ম থেকে বছরে এক লাখ ৫২ হাজার টাকা আয় দেখিয়েছেন। কিন্তু তার অস্থাবর-স্থাবর সম্পদের তালিকায় কৃষি ও অকৃষি জমি ছাড়া কোনো দালান, বাড়ি, অ্যাপার্টমেন্ট বা খামারের তথ্য নেই।
ঈশ্বরগঞ্জের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান তার পেশার বিবরণীতে উল্লেখ করেছেনথ ‘১. পৌরসভার মেয়র হিসেবে সম্মানী প্রাপ্ত, ২. স’মিল থেকে আয়, ৩. ধান-পাটের স্টক বিজনেস, ৪. কৃষি আয় এবং ৫. ব্যাংক সুদ (স্ত্রী)।’ বাগেরহাট সদর পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী খান হাবিবুর রহমানের পেশা ‘মৌসুমি ব্যবসা’।
নান্দাইল পৌরসভার বিএনপিদলীয় মেয়র প্রার্থী এ এফ এম আজিজুল ইসলাম (পিকুল) তার পেশার বিবরণীতে লিখেছেন, ‘বর্তমানে ব্যবসা নেই’। তার বার্ষিক কোনো আয়ও নেই।
মোহনগঞ্জ পৌরসভার বিএনপিদলীয় মেয়র প্রার্থী মো. মাহবুবুন নবী শেখ তার নিজের কৃষি খাত থেকে বার্ষিক ১১ হাজার ৫০০ টাকা আয় দেখালেও হলফনামায় দেওয়া তথ্যে তার নিজের নামে কোনো কৃষিজমি নেই।
মুক্তাগাছার বিএনপিদলীয় প্রার্থী শহীদুল ইসলামের বাড়ি ও দোকান ভাড়া এবং ব্যবসা থেকে আয় বছরে ৮৩ হাজার ৫০৭ টাকা; কিন্তু তার স্থাবর সম্পদের তালিকায় দেড় একর কৃষিজমি ও ২ শতক অকৃষি জমি ছাড়া আর কিছুই নেই। একই পৌরসভার আওয়ামী লীগদলীয় প্রার্থী মো. আবদুল হাই আকন্দ নিজে কৃষি খাত থেকে বছরে ৭৬ হাজার ৭৯০ টাকা ও তার ওপর নির্ভরশীলরা কৃষি খাত থেকে বছরে এক লাখ টাকা আয় করার তথ্য দিয়েছেন। তবে স্থাবর সম্পদের তালিকায় নিজের চার একর কৃষিজমি থাকলেও নির্ভরশীলদের কোনো জমির তথ্য নেই। এই প্রার্থী নিজের নামে বাড়ি ভাড়া থেকে বছরে এক লাখ টাকা আয় দেখালেও তার সম্পদের তালিকায় দেখা যায়, তিনি নিজের নামে কোনো বাড়ির তথ্য দেননি। তবে হলফনামায় স্ত্রীর নামে একটি দালান ও একটি বাড়ির তথ্য আছে।
মাগুরা সদরের বিএনপিদলীয় মেয়র প্রার্থী ইকবাল আখতার খান তার পেশায় উল্লেখ করেছেন ‘সাধারণ ব্যবসায়ী’। কিন্তু ব্যবসা থেকে বার্ষিক আয়ের ঘরে লেখা আছে ‘প্রযোজ্য নয়’ এবং চাকরি/সম্মানীর ঘরে লেখা আছে দুই লাখ ৪০ হাজার টাকা। বাড়ি ও দালান ভাড়া থেকে বছরে তার নিজের আয় এক লাখ ৪০ হাজার টাকা। কিন্তু স্থাবর সম্পদের ঘরে দালান ও বাড়ির ক্ষেত্রে আছে ‘পৈতৃক’ ও ‘প্রযোজ্য নয়’।
এই পৌরসভার আওয়ামী লীগদলীয় প্রার্থী মো. খুরশীদ হায়দার টুটুলের পেশা প্রথম শ্রেণীর ঠিকাদার। কিন্তু বার্ষিক আয়ের সাতটি খাতের মধ্যে তার শুধু আয় হয় কৃষি থেকে বছরে ৪০ হাজার টাকা। ব্যবসা থেকে আয়ের ঘরে ড্যাশ চিহ্ন।
সোনারগাঁ পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আবু তাহের ফজলে রাব্বি তার পেশার বিবরণীতে লিখেছেন নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী। তবে আয়ের উৎসের ক্ষেত্রে সাতটি খাতের মধ্যে শুধু বাড়ি বা দোকান ভাড়া থেকে বছরে ৬৩ হাজার টাকা আয়ের তথ্য দিয়েছেন। তার আইন পেশা থেকে বছরে আয়ের ক্ষেত্রে তিনি ড্যাশ চিহ্ন দিয়েছেন।
আদালতের রায়ে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে সাত ধরনের তথ্য হলফনামায় দেওয়া বাধ্যতামূলক করা হয়। প্রার্থীরা হলফনামায় অসত্য বা অসঙ্গতিপূর্ণ তথ্য দিলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী রিটার্নিং অফিসার নিজ উদ্যোগে বা কোনো ব্যক্তির আপত্তির পর তদন্ত করে তা বাতিল করবেন। এ ছাড়া হলফনামায় প্রার্থী ভুল বা অসত্য তথ্য দিয়েছেন প্রমাণ হলে প্রচলিত আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ বলেও বিবেচিত হবে।











