,

জামায়াত কার্যালয়ে আগুন দিলো ছাত্রলীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ছাত্রশিবির কর্মীরা হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তাকের ঠোঁট ও পায়ের রগ কেটে গুরুতর জখম করার অভিযোগে জেলা জামায়াত কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

 

হামলার ঘটনাকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে লোকজন দিগ্‌বিদিক ছোটাছুটি করেন। প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ায় পুরো এলাকা যেন ভুতুড়ে নগরে পরিণত হয়। লোকজন দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাত আটটার দিকে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাক শহরের প্রধান সড়কের ভোলাবাবুর পেট্রল পাম্প এলাকা থেকে পায়ে হেঁটে কক্সবাজার সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। হাসপাতাল সড়কের খানকা মসজিদের সামনে গেলে ছয় শিবিরকর্মী তাঁকে লাঠি দিয়ে বেদম পিটুনি দিতে থাকেন। একপর্যায়ে শিবিরকর্মীদের লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এরপর শিবিরকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাকের ঠোঁট ও ডান পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত মোস্তাককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

 

অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোস্তাক কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি চকরিয়া উপজেলায়।

 

 

মোস্তাকের ওপর হামলার খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হইচই শুরু করেন। রাত সাড়ে আটটার দিকে কয়েকজন তরুণ হাসপাতাল সড়কের পাশে ছাত্রশিবির কর্তৃক পরিচালিত ‘জাহাঙ্গীর ম্যাচে’ (টিন ও বেড়ার ছাউনিযুক্ত) হামলা চালায় এবং পাশের জেলা জামায়াত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। রাত নয়টার দিকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে জামায়াত কার্যালয়ের কিছু অংশ পুড়ে যায়।

 

 

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ রাত নয়টায় প্রথম আলোকে বলেন, কক্সবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (নবীন বরণ) কর্মসূচিকে কেন্দ্র করে শিবিরের সঙ্গে মোস্তাকের বিরোধ চলছিল। রাতে মোস্তাককে একা পেয়ে শিবিরের সন্ত্রাসীরা নির্যাতন চালিয়ে তাঁর ঠোঁট ও পায়ের রগ কেটে দিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ লোকজন জামায়াত কার্যালয়ে আগুন দিয়েছে। এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। তা ছাড়া শিবিরের সন্ত্রাসীরা শহরের প্রধান সড়কে কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করেছে।

 

 

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও জামায়াত-শিবিরের কারও বক্তব্য পাওয়া যায়নি।

 

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাত আটটার দিকে শিবিরের ক্যাডারেরা ছাত্রলীগ নেতা মোস্তাকের ঠোঁট ও ডান পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ লোকজন জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে জামায়াত কার্যালয়ের আংশিক ক্ষতি হয়েছে। কিন্তু কারা এই অগ্নিসংযোগ করেছে- এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মোস্তাকের ওপর হামলাকারীদের ধরতে শহরে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে