শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবল বর্ষণে থই থই তামিলনাড়ু

news-image

মুষলধারে বৃষ্টিতে চেন্নাইয়ের প্রধান সড়কগুলোর বেশির ভাগের অবস্থাই গতকাল ছিল এ রকম l এএফপিঅভাবিত বৃষ্টিতে বানভাসি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য। বিপর্যস্ত রাজধানী চেন্নাই। মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টির ফলে গতকাল বুধবার একেবারে থমকে যায় জনজীবন। বন্ধ করে দিতে হয় চেন্নাই বিমানবন্দর। গত এক শতাব্দীতে তামিলনাড়ুতে এমন বৃষ্টি হয়নি। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চেন্নাইতে বিমান ওঠা-নামা সম্পূর্ণ বন্ধ থাকবে। গতকাল সেখানে অবরুদ্ধ ছিলেন সাত শ যাত্রী।
অবিরাম বৃষ্টির ফলে ঘুরিয়ে দেওয়া হয় দূরপাল্লার চেন্নাইগামী ট্রেন। লোকাল ট্রেন বন্ধ হয়ে যায়। পঞ্চাশটির মতো ট্রেন বাতিল করে দিতে হয়।
d3e45a17e6a63acaf811ccea4211cb65-8বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা ও টেলিকম ব্যবস্থা। বন্ধ এটিএমও। একটা গোটা মাসে এই রাজ্যে যে পরিমাণ বৃষ্টি হয়, মঙ্গল ও বুধবার তামিলনাড়ুতে সেই পরিমাণ বৃষ্টি হয়। আবহাওয়া অফিসের খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপই এই অপ্রত্যাশিত বৃষ্টির কারণ। পূর্বাভাস অনুযায়ী, শ্রীলঙ্কার দক্ষিণে আরও এক নিম্নচাপের ফলে আগামী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ু ছাড়াও কেরালায় মাত্রাছাড়া বৃষ্টি হবে। তবে ৭২ ঘণ্টা পর পরিস্থিতির উন্নতি হবে বলে বলা হচ্ছে।


বৃষ্টিতে তামিলনাড়ুর হাল এতটাই খারাপ যে বুধবার সেনা, বিমান ও নৌবাহিনীকে একযোগে বিপর্যয় মোকাবিলায় নামাতে হয়। রাজধানী চেন্নাই ছাড়াও রাজ্যের উত্তরের জেলাগুলোতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিনভর পানিবন্দী মানুষকে উদ্ধার ও তাদের খাবারের প্যাকেট সরবরাহ করে। নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর নৌকা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পানিবন্দীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত থাকে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তামিলনাড়ু ও পদুচেরির জন্য আরও নৌকা পাঠানো হচ্ছে। বাহিনীর পক্ষ থেকে ওষুধপথ্যও বিলি করা হয়। শহরের মধ্য দিয়ে প্রবাহিত আদিয়ার নদীর ওপর সইদাপেট সেতু এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।


মুষলধারে বৃষ্টিতে চেন্নাইয়ের প্রধান সড়কগুলোর বেশির ভাগের অবস্থাই গতকাল ছিল এ রকম l এএফপিচেন্নাইয়ের অধিকাংশ অফিস বন্ধ। তথ্যপ্রযুক্তি অফিসগুলোও কর্মীদের জানিয়ে দিয়েছে, বাড়ি থেকে কাজ করলেও চলবে, না করলেও ক্ষতি নেই। স্থানীয় মানুষজন একে অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সিনেমা হল বা শপিং মলগুলোতে আশ্রয় নিয়েছে বানভাসি মানুষ। ঘরছাড়াদের জন্য বাড়ির দরজা হাট করে খুলে দিয়েছেন অনেকে। বিভিন্ন এলাকায় খোলা হয়েছে লঙ্গরখানা। সামাজিক মাধ্যমগুলোও এই বিপর্যয়ে লোকজনকে সহায়তায় এক বিশেষ ভূমিকা নিয়েছে। কোন কোন অঞ্চল নিরাপদ, তা জানিয়ে দেওয়া হচ্ছে। এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় পুলিশ বাহিনীও।


দিল্লিতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে আলোচনার পর জরুরি ভিত্তিতে সব ধরনের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাশনাল ডিজাস্টার রেসপনস ফোর্স (এনডিআরএফ) ছয় শ উদ্ধারকারী পাঠানোর সিদ্ধান্ত নেয়। দিল্লি ও ভুবনেশ্বর থেকে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের ৬০ কিলোমিটার দূরের আরাক্কোনম বিমান ঘাঁটিতে। তাদের সঙ্গে যাচ্ছে ৬০টি রাবারের নৌকা, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার। টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিয়েছেন, আগামী এক সপ্তাহ বিনা পয়সায় টেলিফোন ব্যবহার করা যাবে। বিল জমা না দিলেও পুরো ডিসেম্বর পর্যন্ত লাইন কাটা হবে না।


বন্যার কারণে ভারতের অন্যতম প্রাচীন সংবাদপত্র দ্য হিন্দু গতকাল বুধবার চেন্নাই থেকে ছাপা হয়নি। ১৮৭৮ সালে প্রতিষ্ঠার পর পত্রিকাটির ১৩৭ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। কর্তৃপক্ষ বলেছে, প্রচণ্ড বৃষ্টিতে ছাপাখানার কর্মীরা কর্মস্থলে আসতে না পারায় তাঁরা চেন্নাই সংস্করণ বন্ধ রাখতে বাধ্য হন। তবে ভারতের আরও ১৭টি শহর থেকে অন্যদিনের মতো পত্রিকাটি প্রকাশিত হয়েছে। পত্রিকাটির প্রকাশক এন মুরালি বিবিসিকে বলেছেন, তাঁরা কোনোভাবে পত্রিকাটি ছাপতে পারলেও তা শেষ পর্যন্ত পাঠকের হাতে পৌঁছানো যেত কি না, তা নিয়ে তাঁর সন্দেহ আছে।