শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সময় দেওয়া যেতে পারে

news-image

বাংলাদেশের বিরোধী দল বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনের সময়-সূচিতে পরিবর্তন চায়। আর এ জন্য ভোট পেছানোসহ বেশ কিছু দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিতে চাইছে। বিএনপি পৌরসভা নির্বাচনকে দেখছে চ্যালেঞ্জ হিসাবে। আর এর মধ্য দিয়ে প্রায় ৭ বছর পর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির একটি ভোটযুদ্ধে নামারও ক্ষেত্র তৈরি হয়েছে।
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বিবিসি বাংলার সাথে কথা বলেন বিএনপির এই দাবির প্রেক্ষাপট ও যৌক্তিকতা প্রসঙ্গে।

সাখাওয়াত হোসেন বলেন, এই সময়টা খুব সংক্ষিপ্ত, যেহেতু কোথাও লেখা নেই কিন্তু সর্বনিম্ন বলা আছে ১৫ দিন। সর্বোচ্চ কত দিন হবে সেটা যেহেতু লেখা নেই সেখানে নির্বাচন কমিশন নিজের সিন্ধান্ত বাস্তবায়ন করতে পারে। এই ক্ষেত্রে কোন দল বা একাধিক দল যদি কিছু সময় চায় তাহলে নির্বাচন কমিশন সিন্ধান্ত নিয়ে সময় বাড়াতে পারে। তাতে খুব একটা আইনি সমস্যা নেই।

তফসিল ঘোষণা থেকে মনোনয়ন দাখিল পর্যন্ত ১০ দিন সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে এ সংক্রান্ত সব কাজ করা কঠিন হবে কিনা এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনের যে প্রশাসনিক কাজ আছে সেটা হয়তো করা কঠিন হবে না। কিন্তু মনে রাখতে যেখানে একাধিক পোষ্ট আছে, যেখানে একাধিক প্রার্থী মনোনয়ন দেবে। কারণ সেখানে মেয়রের পদ আছে, সেখানে পৌরসভার ক্ষেত্রে কোথাও ২০ থেকে ২৫ টা করে ওয়ার্ড আছে, কমপক্ষে ৯টা করে ওয়ার্ড আছে। এই ৯টা করে ওয়ার্ডে যদি তিন জন করে দেয় তাহলে অনেক লোককে মনোনয়নপত্র দিতে হবে। সেই ক্ষেত্রে স্থানীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জন্য একটু বেশি সময় দেয়া হয়। প্রচারের জন্য মাত্র ১৫ দিন সময় দেয়া হচ্ছে। প্রচারের সময় বাড়ানো যেতে পারে, মনোনয়নের সময় বাড়ানো যেতে পারে। সময় দেয়াটা সম্পূর্ণ নির্ভর করে নির্বাচন কমিশনের নিজের উপরে। আমি এ ক্ষেত্রে বলতে চাই ২০০৮ সালে যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন আমরা তিনবার সিডিউল পরিবর্তন করেছিলাম। অন্যান্য দল যাতে অংশ গ্রহণ করতে পারে সেজন্য সময় বাড়ানো হয়েছিল। বিএনপি চাচ্ছিল কিছু সময় দেওয়ার জন্য।

বিএনপি যেখানে শর্ত দিয়ে বসে আছে, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি সময় না বাড়ায় সেটা নির্বাচনের পরিবেশের জন্য কতটা সমস্যা তৈরি করতে পারে এর উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন যদি একেবারে ছাড় না দেয় তাহলে তাদের একটা সলিট কারণ দেখাতে হবে। আমার অভিজ্ঞতা থেকে নির্বাচন কমিশনকে আমি এটাই অনুরোধ করব যাতে তাদের ওপরে কোন দোষ না হয়, একটা নির্বাচন হওয়া বা কেউ নির্বাচনে আসা, না আসা নিয়ে। তারা ১৫ দিন সময় চেয়েছে নির্বাচন কমিশন ১৫ দিন সময় না দিয়ে ৭ দিন সময় দিতে পারে। সেটা নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এই প্রথম স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে।