আজিমপুর কবরস্থানে লাশ দাফন কমছে!
রাজধানী ঢাকার প্রাচীন আজিমপুর কবরস্থানে লাশ দাফনের সংখ্যা কমছে। ঢাকার জনসংখ্যা বাড়লেও পারিবারিক ও সরকারি পৃষ্ঠপোষকতায় রাজধানীতে কবরস্থানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আজিমপুর কবরস্থানে লাশ দাফনের চাপ কিছুটা হলেও কমেছে। পাঁচ বছর আগে ঐতিহ্যবাহী এই কবরস্থানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি লাশ দাফন হলেও এখন সেই সংখ্যা ১৫ থেকে ২০’এ নেমে এসেছে। রাজধানীতে সরকারি পৃষ্ঠপোষকতায় জুরাইন কবরস্থান প্রশস্তকরণ ও রায়েরবাজার বুদ্ধিজীবী সংলগ্ন কবরস্থানসহ বিভিন্ন ছোট-বড় কবরস্থানের নির্মাণকে ইতিবাচক হিসেবে দেখছেন আজিমপুর কবরস্থান অফিস সংশ্লিষ্টরা।
তাদের মতে, কবরস্থানের সংখ্যা যতই বৃদ্ধি পাবে ততই ভালো। এতে করে আজিমপুর কবরস্থানের উপর চাপ অনেকাংশে কমে আসবে। ইতোমধ্যেই এখানে লাশ দাফনের সংখ্যা কমতে শরু করেছে। আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। আর বাকিগুলো দাফন করা হয় ওয়ারিশ লাশ হিসেবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আজিমপুর কবরস্থানে ফকির-মিসকিনদের প্রবেশে নিশেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অতীতে ফকির-মিসকিনরা কবরস্থানের ভিতরে অনায়াসেই প্রবেশ করতে পারতো। কিন্তু এখন সেই অবস্থা আর নেই। নতুন মেয়র সাঈদ খোকন ফকির-মিসকিনদের কবরস্থানের ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন।
মোঘল আমল অর্থাৎ ৪শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী আজিমপুর কবরস্থানে বছরে লাশ দাফনের ধারণ ক্ষমতা ১০ থেকে ১২ হাজার। প্রতিবছর সর্বনি¤œ দরদাতা ঠিকাদারী প্রতিষ্ঠান লাশ দাফনের কাজটি পেয়ে থাকে। বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠান এন এন এন্টারপ্রাইজ লাশ দাফনের কাজটি করছে। ছোটদের লাশ দাফন করতে এখানে এন্ট্রি ফি সহ সাড়ে ৪শ’ টাকা জমা দিতে হয়। আর বড়দের লাগে ৭’শ থেকে ৯শ’ টাকা এন্ট্রি ফি। সবার ক্ষেত্রে এন্ট্রি ফি সমান। অর্থাৎ ২শ’ টাকা। তবে কারো কাছে টাকা না থাকলেও লাশ দাফনে কার্পণ্য করে না আজিমপুর কবরস্থান কর্তৃপক্ষ। বিনা অর্থেও লাশ দাফনের ব্যবস্থা রয়েছে এখানে।
আজিমপুর কবরস্থানের ঈমাম ও মোহরার হাফিজুল ইসলাম বলেন, আমি দশ বছর ধরে এখানে চাকরি করি। এখানে বিনা অর্থে লাশ দাফনের ব্যবস্থা থাকলেও অনেকেই সেই সুযোগটি নেয় না। আপনজনদের লাশ দাফন করতে যে অর্থ লাগে তা না থাকলেও ভিক্ষা করে হলেও সেই অর্থ সংগ্রহ করে। তিনি আরও বলেন, আজিমপুর কবরস্থানের সীমানা বাড়ানোর প্রয়োজন নেই। ২ বছর পর পর কবরস্থান এক পাশ বুলড্রোজার দিয়ে সমান (চাতাল) করা হয়। প্রায় দুই মাস আগেই কবরস্থানের একটি অংশ সমান করা হয়েছে। সেই স্থানের অনেকটা অংশই লাশ দাফনের জন্য ফাঁকা পড়ে আছে।











