শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে

news-image

মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তান সেনাবাহিনীর দোসর মানবতাবিরোধী অপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে ইসলামাবাদের বিরূপ মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। একই সঙ্গে পাকিস্তানকে সতর্ক করে বলা হয়েছে, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ এবং বাংলাদেশ তা কোনোভাবেই মেনে নেবে না। পাকিস্তানকে আরো বলা হয়েছে, প্রকাশ্যে মানবতাবিরোধী অপরাধীদের পক্ষ নিয়ে পাকিস্তান এ অপরাধের সঙ্গে নিজের সম্পৃক্ততাই প্রমাণ করেছে। পাকিস্তান কোনোভাবেই তার নিজ দেশের যুদ্ধাপরাধীদের বিচারের দায় এড়াতে পারে না। এ বিচারের জন্য পাকিস্তান বাংলাদেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও দায়বদ্ধ। গতকাল সোমবার দুপুরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমের কাছে এসব বার্তা ও প্রতিবাদপত্র (নোট ভারবাল) হস্তান্তর করে বাংলাদেশ। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমান স্পষ্টই জানিয়ে দেন, পাকিস্তানের এ ধরনের মন্তব্যের পর পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য কঠিন হবে। গত রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিক্রিয়া প্রকাশিত হওয়ার পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করা হয়। তখনই ঠিক হয় সোমবার দুপুর আড়াইটায় পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করবেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে। এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কঠোর মনোভাব দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানাতে নির্দেশনা দেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। তিনি বলেন, পাকিস্তান এর আগেও এ দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে-এটি গ্রহণযোগ্য নয়। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকর করা নিয়ে বিরূপ মন্তব্য করায় গতকাল জাতীয় সংসদেও ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক না গলানোর আহ্বান জানিয়েছেন। হাইকমিশনারকে ডেকে তাঁর মাধ্যমে পাকিস্তানের কাছে প্রতিবাদ জানানোর পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনারকে আমরা তলব করেছি এবং কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি।’ তিনি বলেন, পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমের কাছে যে প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে ইসলামাবাদের প্রতিক্রিয়া ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’। প্রতিবাদপত্রে যা বলেছে বাংলাদেশ : বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা নিয়ে গত ২২ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের হাইকমিশনারকে ‘নোট ভারবাল’ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নোট ভারবালে বলা হয়েছে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্তদের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে পাকিস্তান আবারও স্বীকার করেছে যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল। এতে আরো বলা হয়েছে, ‘গায়ে পড়ে করা মন্তব্যগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এসব মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ বলে পাকিস্তান যে মন্তব্য করেছে তা খণ্ডন করে বাংলাদেশ বলেছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়া এবং স্বাধীন, সুষ্ঠু, শক্তিশালী, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের দণ্ড দেওয়া হয়েছে। কেবল তাদের (অপরাধীদের) সংঘটিত অপরাধ বিবেচনায় নিয়েই এ বিচার করা হয়েছে এবং তাদের রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততা এখানে বিবেচ্য ছিল না। বাংলাদেশ জোর দিয়ে বলেছে, একটি সার্বভৌম দেশের স্বাধীন বিচারব্যবস্থা নিয়ে পাকিস্তান কোনোভাবেই পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন ও কারো কাছ থেকে ধার করা মন্তব্য করতে পারে না। ১৯৭৪ সালের চুক্তি নিয়ে পাকিস্তানের বিভ্রান্তিকর যোগসূত্র টানা প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের মূল পরিকল্পনাকারী ও হোতাদের দায়মুক্তি অব্যাহত থাকবে এবং বিচারিক প্রক্রিয়া থেকে অব্যাহতি পাবে-চুক্তির কোথাও এমনটি বলা নেই।’ বাংলাদেশ আরো বলেছে, পাকিস্তান নয়, বরং বাংলাদেশই ধারাবাহিকভাবে আঞ্চলিক শান্তি, সম্প্রীতি, সমন্বয় ও একত্রীকরণের পক্ষে কাজ করে যাচ্ছে। প্রতিবাদপত্রে বাংলাদেশ বলেছে, ‘পাকিস্তানই ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার জন্য দায়ী হিসেবে আটক ও চিহ্নিত নাগরিকদের (পাকিস্তানি) বিচারের আওতায় আনার বাধ্যবাধকতা পূরণ করতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঐতিহাসিক দায়বদ্ধতা পাকিস্তান এড়াতে পারে না।’ বাংলাদেশ আরো বলেছে, ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে পাকিস্তানের অব্যাহত বিদ্বেষপূর্ণ প্রচারণায় বাংলাদেশ গভীরভাবে মর্মাহত। এটি বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য শুভ হবে না।’ ঢাকার পক্ষ থেকে পাকিস্তানি হাইকমিশনারকে বাংলাদেশের এ প্রতিবাদপত্র গুরুত্বের সঙ্গে নিয়ে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর নজরে আনতে বলা হয়েছে। প্রতিবাদপত্রে স্পষ্ট বলা হয়েছে, ‘বাংলাদেশ আশা করে, পাকিস্তানের কর্তৃপক্ষ বিশেষ দায়িত্বশীল আচরণ করবে এবং এ ধরনের অযাচিত বিবৃতি প্রদান করা থেকে বিরত থাকবে।’ তলব নিয়ে নাটকীয়তা : পাকিস্তানের হাইকমিশনারকে তলব করায় গতকাল দুপুরের আগেই বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত হন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। দুপুর আড়াইটার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে বাইরে যান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমান ও মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারেক মো. আরিফুল ইসলাম। সাংবাদিকরা তখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভবনের সামনে অপেক্ষমাণ। হঠাৎই খবর আসে, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ অনুষ্ঠানটি হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সাংবাদিকরা তৎক্ষণাৎ পদ্মায় ছুটে গিয়ে মূল গেটের বাইরে আটকে যান। তখনো নিশ্চিত করা যাচ্ছিল না ভেতরে পাকিস্তানের হাইকমিশনার আছেন কি না। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার পাশে আরেক রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনা দিয়ে বের হওয়ার পথ থাকায় সেদিকেও দৃষ্টি ছিল সাংবাদিকদের। প্রায় আধাঘণ্টা অপেক্ষার পর মেঘনার গেট দিয়ে পাকিস্তানের পতাকা ওড়ানো গাড়িতে করে হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে যান পাকিস্তানি হাইকমিশনার সুজা আলম। এরপর সাংবাদিকরা আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে যান। সেখানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন পাকিস্তানের হাইকমিশনারকে তলব করা নিয়ে। বিচার নিয়ে বিরূপ মন্তব্য মানবে না ঢাকা : পাকিস্তানের হাইকমিশনারের কাছে প্রতিবাদপত্র হস্তান্তরের পর গতকাল বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো দেশের বিরূপ মন্তব্য বাংলাদেশ মেনে নেবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘বাংলাদেশ ও তার ১৬ কোটি জনগণ শুধু পাকিস্তান নয়, যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিশ্বের কোনো দেশেরই বিরূপ মন্তব্য গ্রহণ করার অবস্থায় নেই।’ তিনি আশা করেন, পাকিস্তান আর কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তলবের ঘটনা এবারই প্রথম নয় : মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ প্রতিক্রিয়ার কারণে গত দুই বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে ঢাকা। এর আগে ২০১৩ সালের ডিসেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর শিষ্টাচার ভুলে ক্ষোভ দেখিয়েছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্যরা। তাঁদের ১৯৭১ সালের দোসরের ফাঁসিতে তাঁরা এতই শোকাচ্ছন্ন ছিলেন যে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে তাঁরা এ দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেন। গত বছর জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর বিচার নিয়েও পাকিস্তান বিরূপ মন্তব্য করেছিল। বাংলাদেশ প্রতিবারই পাকিস্তানিদের এসব অনাকাক্সিক্ষত তৎপরতার প্রতিবাদ করেছে। বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হলেও সংযত প্রতিবাদ দেখিয়েছে। এর আগে ২০০০ সালে ঢাকায় পাকিস্তানের উপহাইকমিশনার ইরফান রাজা মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ সরকার তাঁকে বহিষ্কার করেছিল। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, পাকিস্তানের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ওই দেশেও রয়েছে। পাকিস্তানের অনেক নাগরিক বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার সমর্থন করেন। পাকিস্তান ১৯৭১ সালের গণহত্যার জন্য বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে এবং নিজেদের যুদ্ধাপরাধীদের বিচার করলে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে উষ্ণতা ফিরতে পারে। মানবতাবিরোধী অপরাধের বিচারে নাখোশ পাকিস্তান : কূটনৈতিক সূত্রে জানা যায়, বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে পাকিস্তানের মাথাব্যথা বেশ আগে থেকেই। এমনকি ঢাকার বিভিন্ন সড়ক মুক্তিযোদ্ধাদের নামে রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে যখন পাকিস্তান হাইকমিশনের পাশের সড়কের নাম পরিবর্তন করা হচ্ছিল তখনো আপত্তি জানিয়েছিল পাকিস্তান। মানবতাবিরোধী অপরাধের বিচার ‘অযৌক্তিক’ বলেও বিভিন্ন ফোরামে অনানুষ্ঠানিকভাবে প্রচারণা চালিয়েছে দেশটি। শুধু তাই নয়, ১৯৭১ সালের গণহত্যা, নির্বিচার ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনাবলি পেছনে ফেলে বা ভুলে গিয়ে সামনে তাকাতে আহ্বান জানিয়ে আসছে পাকিস্তান। এমনকি মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানের প্রতি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বানেও ভ্রুক্ষেপ নেই ইসলামাবাদের। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া ছাড়াও যুদ্ধের ক্ষতিপূরণ, অবিভাজ্য সম্পদের হিস্যা দাবি করে আসছে বাংলাদেশ। কিন্তু এসব বিষয় নিয়ে আলোচনার জন্য বৈঠক বরাবরই এড়িয়ে চলছে পাকিস্তান।