ভিন্নতা নিয়ে মাহি
ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনার তুঙ্গে অবস্থান করছেন সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। বিভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন মেকআপ-গেটআপে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। এ পর্যন্ত মাহি অভিনীত ‘ভালোবাসার রঙ’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘দেশা দ্য লিডার’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘কি দারুণ দেখতে’, ‘হানিমুন’, ‘অগ্নি’, ‘বিগ ব্রাদার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘অগ্নি ২’, ‘ওয়ার্নিং’ ছবিগুলো মুক্তি পেয়েছে। এসব ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এ নায়িকাকে। তারই ধারাবাহিকতায় এখনও বিভিন্ন ছবিতে ভিন্নতা বিষয়টি নিয়ে এগুচ্ছেন তিনি। বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিতে এক অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করছেন। এ ধরনের দৃশ্যে আগে কখনও দেখা যায়নি তাকে।
এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। এছাড়া শিগগিরই শুরু করবেন মালেক আফসারী পরিচালিত ছবি ‘ধামাকা’। এ ছবিগুলো নিয়ে মাহি মানবজমিনকে বলেন, ২৬শে নভেম্বর থেকে ‘অনেক দামে কেনা’ ছবির বাকি কাজ আবারও শুরু করছি। কক্সবাজারে এ ছবির গানের দৃশ্যায়ন হবে। আর এ ছবিতে পুষ্প চরিত্রে অভিনয় করেছি। ছবিতে আমাকে অন্ধ এক মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে। এই অন্ধ মেয়েটির প্রেমে পড়ে বাপ্পি। প্রথমবার এমন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করলাম। অন্য এক অভিজ্ঞতা। শুটিং করতে গিয়ে মাঝে মাঝে তো ভুলেই যেতাম আমি যে অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করছি। ‘ধামাকা’ ছবির কাজ শুরু হবে ৯ই ডিসেম্বর। এ ছবিতে তার নায়ক নবাগত আসিফ নূর। নতুন এ ছবিটি নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ‘ধামাকা’ খুবই ধামাকা টাইপের একটা ছবি হতে যাচ্ছে। দর্শকের জন্য দারুণ একটা চমক অপেক্ষা করছে। গল্পটা শুনেছি। বেশ ভালো লেগেছে। কিন্তু পরিচালকের কড়া নির্দেশ, আপাতত ছবির গল্প নিয়ে কারও সঙ্গে কোন কথা যেন না বলি। তাই কিছুই বলতে পারছি না। এটা নিশ্চিত ভালো একটা ছবি হতে যাচ্ছে। এসব ছবির বাইরে মাহি সম্প্রতি শেষ করেছেন মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। এটি নন্দিত কথাসাহিত্যিক হ?ুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মাণ হচ্ছে। এ ছবিতে তার চরিত্রের নাম অরু। আর তার বিপরীতে প্রথমবার পর্দায় দেখা যাবে চিত্রনায়ক রিয়াজকে। এ প্রসঙ্গে মাহি বলেন, ছবিটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি কোন দিন ভাবিনি হুমায়ূন আহমেদের গল্পের নায়িকা হব। এটা আমার স্বল্প ক্যারিয়ারে একটি অন্যতম অর্জন। ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে
আশা করছি। তবে এ তিন ছবির মধ্যে জাজ মাল্টিমিডিয়ার ‘অনেক দামে কেনা’ ছবিটি সর্বপ্রথম মুক্তি পাবে বলে জানালেন মাহি। এদিকে মাহিকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও এ তারকাকে নিয়ে অনেকে ঘর-সংসার করার স্বপ্ন দেখেন। কিন্তু প্রেম, বিয়ে ও সংসার নিয়ে মাহির পরিকল্পনা কি? হেসে মাহি মানবজমিনকে বলেন, আমি যে কোন সময় বিয়ে করতে পারি। আমার কোন ঠিক-ঠিকানা নেই। এমনও হতে পারে রাত-বিরাতে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলতে পারি। এমনকি কাজী অফিস বন্ধ থাকলে তালা ভেঙে কাজী সাহেবকে নিয়ে এসে বিয়ে করতে পারি। তবে সেই ইচ্ছেটা মনে আসতে হবে আমার। তাহলে কি মনের মানুষ ঠিক করে রেখেছেন আপনি? সেটা তো বলা যাবে না, বলে আবারও হাসলেন সময়ের আলোচিত এ অভিনেত্রী।











