শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসি নিয়ে মন্তব্যের কড়া প্রতিবাদ

news-image

যুদ্ধাপরাধের দায়ে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পাকিস্তানের মন্তব্যকে অগ্রহণযোগ্য অভিহিত করে বলা হয়, যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার-পরিপন্থী।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িতদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে পাকিস্তান আবারও স্বীকার করে নিয়েছে যে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নিষ্ঠুর অপরাধে তারা সরাসরি জড়িত। তাই পাকিস্তানের অবিবেচনাপ্রসূত মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ ছাড়া কিছুই নয়।


রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলেও উল্লেখ করা হয়। এতে বলা হয়, ১৯৭১ সালের ঘটনার জন্য বিচার করা ১৯৭৪ সালে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তির চেতনা-পরিপন্থী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানও রোববার পৃথক এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালে কেউ পাকিস্তানের পক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়া বন্ধ করার এখনই উপযুক্ত সময়।


এ বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে তাদের বিবৃতির কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, পাকিস্তান যে বিবৃতি দিয়েছে সেটা অগ্রহণযোগ্য। বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, পাকিস্তান যে আচরণ করেছে সেটা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তিনি বলেন, পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে আমাদের নিন্দা ও প্রতিবাদের অনুলিপি তার কাছে হস্তান্তর করেছি। হাইকমিশনার কথা দিয়েছেন, তিনি তা তার সরকারের কাছে পৌঁছাবেন।


যুদ্ধাপরাধের বিচার ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনের অঙ্গীকার ছিল উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, সরকার তার প্রতিশ্র“তি অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার করছে এবং এটি অব্যাহত রাখবে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে কিনা- জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবে বাংলাদেশ। তবে এ ধরনের বক্তব্যে আমরা অবশ্যই হতাশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের চুক্তির বিষয়বস্তু সবই আমরা প্রতিপালন করছি। সেটা ছিল বন্দিবিনিময় এবং এ সংক্রান্ত সহযোগিতার বিষয়।


যুদ্ধাপরাধের বিচার নিয়ে কিছু ছিল না। প্রতিমন্ত্রী বলেন, শুধু পাকিস্তান নয়, পৃথিবীর কোনো দেশের কাছ থেকেই যুদ্ধাপরাধের বিচার নিয়ে নেতিবাচক সমালোচনা গ্রহণ করবে না বাংলাদেশ। ১৯৭৪ সালের চুক্তির বিষয়টি পাকিস্তানের বিবৃতিতে বিকৃত করা হয়েছে বলে বাংলাদেশের প্রতিবাদে উল্লেখ করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্যে প্রতিবাদ জানালো বাংলাদেশ। এর আগে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্ট ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে নিন্দা প্রস্তাবের কড়া প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ। এছাড়া জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের সমালোচনারও কড়া প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ।