শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জামায়াত নিষিদ্ধের প্রস্তুতি?

news-image

দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করার পর সরকার এখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে যাচ্ছে। এ নিয়ে ১৪-দলীয় জোটের শরিক সংগঠন, সরকারি দলের নেতা এবং সরকার-সমর্থক বুদ্ধিজীবীদের অনেকেই চাপ দিয়ে আসছেন। এর পাশাপাশি সরকারের লক্ষ্য, বিএনপি ও জামায়াতের বন্ধন ছিন্ন করা। সরকারের একাধিক মন্ত্রী ও নেতার সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, এত দিন জামায়াত নিষিদ্ধের বিষয়টি নিয়ে মাঠে-ময়দানে আলোচনা-পর্যালোচনা করে সরকার পরিস্থিতি আঁচ করার চেষ্টা করেছে। দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি হওয়ার পর সরকার তাঁদের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছে। এখন জামায়াত নিষিদ্ধ করে এর রাজনৈতিক সুফল ঘরে তুলতে চায় সরকার।


প্রায় ছয় মাস ধরে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়াটি আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। আইনমন্ত্রী আনিসুল হক একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে ও সাংবাদিকদের বলেছেন, খসড়া আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক বলেন, মন্ত্রিসভায় আইনটি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। কবে তা হতে পারে—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেখেন, অপেক্ষা করেন। শিগগিরই উঠবে।’ এত দিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হলেও তা না ওঠার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বললাম তো এটা উঠবে।’ তবে সরকার এখন যুদ্ধাপরাধের পরবর্তী রায় বা ফাঁসি কার্যকর করা নিয়ে খুব একটা চিন্তিত নয়। যদিও আপিল বিভাগে মতিউর রহমান নিজামীর মামলার শুনানি চলছে, এরপরই শুনানির অপেক্ষায় আছে মীর কাসেম আলীর মামলা। পূর্বপরিকল্পনা অনুযায়ী জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সরকার এর রাজনৈতিক সুফল পেতে চায়।


আইন মন্ত্রণালয় সূত্র জানায়, জামায়াত নিষিদ্ধ করার উদ্দেশ্যে খসড়াটি মন্ত্রণালয় থেকে দীর্ঘদিন আগে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, সরকারের শীর্ষ পর্যায়ের সবুজসংকেত পেলেই খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে উঠবে।
গত মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জামায়াতের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তিন শীর্ষ জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলার রায়ের পর্যবেক্ষণে যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে জামায়াতের বিচারের প্রসঙ্গ ওঠার পর ওই তদন্ত করা হয়।


এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আর দেরি না করে জামায়াত নিষিদ্ধ করাটা এখন রাজনীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।’ ১৪ দলের শরিক ও ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, বিভিন্ন মহলের চাপ ও দাবির পরও কিন্তু বিএনপি-জামায়াত একসঙ্গে আছে, কেউ কাউকে ছাড়ছে না। যুদ্ধাপরাধ প্রশ্নেও তাদের অবস্থান এতটুকু নড়চড় হয়নি। তাই জামায়াত নিষিদ্ধ করলেই বরং রাজনীতি, গণতন্ত্র ও দেশ লাভবান হবে। সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের অনেকেই গত কয়েক দিনে খুব শিগগির জামায়াত নিষিদ্ধ করা হবে বলে বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন। তবে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে, জামায়াত নিষিদ্ধ করলে সামনে তিনটি সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে। একটি হচ্ছে, দলটি বিএনপির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। অপরটি হচ্ছে, দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে গিয়ে সহিংস ঘটনা ঘটাতে পারেন। আর তৃতীয় মত হচ্ছে, জামায়াতের তরুণ নেতা-কর্মীরা বিশেষ করে, স্বাধীনতা-পরবর্তী প্রজন্ম যুদ্ধাপরাধের কালিমা ধুয়েমুছে নতুনভাবে যাত্রা শুরু করতে পারে। এই তিন ধরনের আলোচনার মধ্যেও সরকার ও সরকারঘেঁষা দল ও বিশিষ্টজনেরা মনে করেন, সব ঝুঁকির মধ্যেও জামায়াত নিষিদ্ধ করাই শ্রেয়।


তাঁদের মতে, ২০-দলীয় জোটে থাকায় জামায়াতকে নিয়ে বিএনপিকে যেমন ঘায়েল করা গেছে, তেমনি জামায়াত যদি বিএনপির সঙ্গে মিলেও যায়, তা সরকারের জন্য সুবিধাজনক হবে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, সাকা চৌধুরীর ফাঁসির বিষয়টি ছিল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। একদিকে এই ফাঁসি দেওয়া বা না দেওয়ার সঙ্গে প্রতিবেশী দুটি দেশের নজরদারি ছিল। অন্যদিকে এই ফাঁসিকে কেন্দ্র করে কয়েকজন আত্মীয় ও দলের মধ্যে প্রচ্ছন্ন চাপে ছিলেন প্রধানমন্ত্রী। এসব চাপ উপেক্ষা করে, বিশেষ করে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করায় দলের মধ্যে প্রধানমন্ত্রীর শক্ত মনোভাব প্রকাশ পেয়েছে। তা ছাড়া, ব্যক্তি হিসেবে সাকা চৌধুরীর ভাবমূর্তি-সংকট থাকায় সাধারণ মানুষও সরকারের এই অবস্থানে অখুশি নয়।
তবে সাকা চৌধুরীর ফাঁসি ঠেকাতে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থার চেষ্টা এবং আরেকটি দেশের এর বিপক্ষে অবস্থানের বিষয়গুলো নিয়ে রাজনীতিতে বেশ আলোচনা রয়েছে। একজন যুদ্ধাপরাধীকে নিয়ে ওই দুটি দেশের পরস্পরবিরোধী মত নিয়েও আলোচনা-সমালোচনা আছে।
তবে ফাঁসি কার্যকর না করার বিষয়ে বাইরের চাপ থাকার কথা অস্বীকার করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।


যদিও দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানিয়ে বলা হয়, তাঁদের ফাঁসির রায় দুর্ভাগ্যজনকভাবে কার্যকর করা হলো। অন্যদিকে বার্তা সংস্থা এপির খবরে গত শুক্রবার বলা হয়, মৃত্যুদ- কার্যকর না করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র। অবশ্য প্রতিবেশী দেশ ভারতের এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না থাকলেও সাকা চৌধুরী ভারতবিদ্বেষী বলেই পরিচিত ছিলেন। সরকারের একাধিক মন্ত্রী জানিয়েছেন, সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ প্রাণভিক্ষার আবেদন করায় সরকার রাজনৈতিকভাবে লাভবান হয়েছে এবং বিচারের যৌক্তিকতা আরও বেশি শক্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রাণভিক্ষার আবেদন করায় তাঁরা যুদ্ধাপরাধের দোষ স্বীকার করেছেন। যদিও ওই দুজনের পরিবার এবং তাঁদের রাজনৈতিক দল জামায়াত ও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁরা প্রাণভিক্ষার আবেদন করেননি। এর আগে ফাঁসি হওয়া আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন করেননি।


প্রাণভিক্ষার আবেদন নিয়ে প্রশ্ন ওঠায় এটি জনসমক্ষে প্রকাশ করার প্রস্তাব করেছেন কেউ কেউ। এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তাঁরা প্রাণভিক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। তিনিই সিদ্ধান্ত নেবেন, এটা প্রকাশ করবেন কি না বা প্রকাশ করা ঠিক হবে কি না। রাশেদ খান মেনন এ প্রসঙ্গে বলেন, যেহেতু তাঁরা প্রাণভিক্ষার আবেদন করেছেন এবং এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করছে, সেহেতু সরকার চাইলে এটা প্রকাশ করতেও পারে। এদিকে দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করার পর সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রাণদ-ের সাজাকে কেন্দ্র করে সরকার যে চাপ অনুভব করছিল, সেই অবস্থা কেটে গেছে বলে মনে করছেন সরকারের একাধিক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা। তাঁদের ধারণা, এই দুজনের ফাঁসি কার্যকর হওয়ার পর আইনশৃক্সখলা পরিস্থিতির এখন উন্নতি হবে।