শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ের উল্লাস গণজাগরণ মঞ্চে

news-image

চলছিল ক্ষণ গণনা। শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে হঠাৎ খবর এলো। বহু প্রতাশার, অপেক্ষার, আনন্দের আর রক্তের ঋণ শোধ করবার বিজয়ের খবর। মানবতাবিরোধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। বাংলা মানুষের প্রাণের দাবি পূরণ হয়েছে। আনন্দে-উল্লাসে ভেসে গেল শাহবাগ। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে সে আনন্দ ছড়িয়ে গেল যেন সারা বাঙালির মনে। 'জয় বাংলা' শ্লোগানে মুখর আকাশ-বাতাস। পশ্চিম আকাশে হেলে থাকা অর্ধেক চাঁদও খুশির আলো ছড়িয়ে দিয়ে গেল শাহবাগে। মধ্যমা-তর্জনির বিজয় চিহ্নের মধ্যে দিয়ে সেই আলো যেন ছড়িয়ে পড়ল গোটা দেশে। চাঁদ থেকে নেয়া খুশির হলুদ গাদা ফুল হয়ে ঝরে পড়ল।gonojag
 
আনন্দকে আরও একধাপ এগিয়ে নিতে রোববার বিকেল ৩টায় বিজয় শোভযাত্রা করবে গণজাগরণ মঞ্চ। এই ফাঁসি ৩০ লাখ শহীদ পরিবারের বিজয় বলে আখ্যা দিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেন, 'এটা বাংলাদেশের জন্য বিরাট এক বিজয়ের দিন।' 
ফাঁসির খবর শোনার পর শাহবাগের নিরবতা ভেঙ্গে মাইকে ভেসে আসে, 'জয় বাংলা'। শুরু হয় ফুলের বৃষ্টি। উপস্থিত জনতা একে অন্যকে জড়িয়ে ধরেন উষ্ম-আলিঙ্গনে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়। শাহবাগের গণজারগণ মঞ্চে উপস্থিত জনতা জানতে পারে সেই সুখবর। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের খবর। গোটা শাহবাগ তখন বিজয় উল্লাসের মঞ্চ। বাবার কাঁধে শিশু, মায়ের সাথে মেয়ে, কেউবা যুবক, কেউ বা বৃদ্ধ সকলের হাতে বিজয়ের 'ভি-চিহ্ন'। মঞ্চে তখন স্লোগান. 'জয় বাংলা/খবর এল রে খবর এল/সাকা-মুজাহিদের ফাঁসি হলো' ইত্যাদি।
 
প্রতিক্রিয়া: এরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, 'আমি সারা দেশের সকল কর্মীর কাছে কতৃজ্ঞতা জানাই। তারা সক্রিয়ভাবে এ আন্দোলনকে সামনে নিয়ে এসেছে। অমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব বীর শহীদদের। আপনারা জানেন, আমরা ২২ জন সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের এ সংগ্রামে। তারা আত্মদান করে আমাদের এ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে।'
 
তিনি বলেন, 'আজকে আমাদের বড় একটা বিজয়ের দিন। আজকে একই সাথে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর হলো। এটা বাংলাদেশের জন্য বিরাট এক বিজয়ের দিন। এ বিজয়ের ক্ষণে আমি স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০ লাখ শহীদ যারা তাদের আত্মত্যাগ করেছেন ও শহীদ জননী জাহানারা ইমামকে যিনি আমাদের সবসময় আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছেন।' ইমরান আরও বলেন, 'সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই জাতির জনকের কন্যা ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে যারা শত প্রতিকূলতা সত্ত্বেও রায় কার্যকর করেছেন। এই বিচার কোন একক ব্যক্তির দায় নয়। এই বিচারের দুটি পক্ষ আছে। একটি পক্ষে আছে যুদ্ধাপরাধীরা অরেকটি পক্ষে আছে বাংলাদেশের জনগণ। জনগণের পক্ষে আছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ১৬ কোটি মানুষের প্রত্যেকে। আজকে যে বিজয় হয়েছে সেটা ১৬ কোটি মানুষের। মুক্তিযুদ্ধের আকাঙ্খা ও মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বিজয় হয়েছে।'
 
এই দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মধ্য দিয়ে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করবার পথ সুগম হয়ে গেল উল্লেখ করে ইমরান এইচ সরকার বলেন, 'শুধুমাত্র জামায়াতে ইসলামী নয়, যারাই যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করেছেন তাদের প্রত্যেকেরই বাংলাদেশে রাজনীতি করার পথ কঠিন হয়ে গেল।' 
জামায়াতে ইসলামীসহ এ অপশক্তির মূলোৎপাটনে আর কালক্ষেপণ না করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান ইমরান। তিনি বলেন, 'সরকার অপশক্তির মূলোৎপাটন করে বাংলাদেশকে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন।'
ইমরান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ পরিবারের ঘরের খবর নেয়ার জন্য সরকারের প্রতি এসময় আহ্বান জানান। প্রতিক্রিয়া জানানোর পর ইমরানের নেতৃত্বে একটি বিজয় মিছিল করে মঞ্চের নেতাকর্মীরা। এর আগে গত শুক্রবার থেকেই মঞ্চের নেতাকর্মীরা দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেয়।
 
রোববারের কর্মসূচি: যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় কার্যকর হওয়ায় রোববার বিকেল ৩টায় শাহবাগ থেকে বিজয় শোভাযাত্রা বের করবে গণজাগরণ মঞ্চ। এ শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি।