আজ ফিরছেন খালেদা মুখোমুখি হবেন ৭ ইস্যুর
দেশে ফিরেই ব্যস্ততার মুখে পড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য টানা দুই মাস লন্ডনে অবস্থান শেষে আজ দেশে ফিরছেন তিনি। তার অনুপস্থিতিতে অনেকটাই থমকে পড়েছে দলটির স্বাভাবিক কার্যক্রম। বিএনপি নেতারা জানান, দেশে ফেরার পর সাংগঠনিক পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচন ও আন্দোলনের নতুন কর্মসূচি প্রণয়নসহ অন্তত ৭ ইস্যুতে দারুণ ব্যস্ততার মুখে পড়বেন চেয়ারপারসন। সবচেয়ে বেশি ফোকাসে থাকবে পুনর্গঠন কার্যক্রম। আর এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সবার আগে ডাকতে হবে কয়েকটি বৈঠক। দলের সিনিয়র নেতা ও জোটের শরিক দলের নেতাদের সঙ্গে ওই সব বৈঠকে তিনি দলগত ও জোটগত কয়েকটি সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মী এখন চেয়ারপারসনের ফেরার অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন। সবাই আশা করছেন, তিনি দেশে ফেরার পর সার্বিকভাবে দলের ভবিষ্যৎ স্ট্রাটেজি চূড়ান্ত করবেন। ফলে দেশে ফেরার পরই তিনি সাংগঠনিক ও রাজনৈতিক কাজে দারুণ ব্যস্ততার মধ্যে পড়বেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলেরই নির্দিষ্ট সময় পরপর কাউন্সিল আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। বিগত বছর একাধিকবার চিঠি দিয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছে বিএনপি। দলীয় ফোরামে একটি আলোচনা ছিল, পরিবেশ পেলে তৃণমূল পুনর্গঠনের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ কাউন্সিল আয়োজনের। তারই প্রাথমিক অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে তৃণমূল পুনর্গঠনের উদ্যোগ নেয় বিএনপি। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে প্রতিটি জেলা কমিটিকে পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি দেয়া হয়। তবে নানামুখী প্রতিবন্ধকতার কারণে বেশিরভাগ জেলায় সে পুনর্গঠন সম্পন্ন করতে পারেনি নির্দিষ্ট সময়ে। অনেক জেলা কমিটি আবেদন করে সময় বাড়ালেও এখন পর্যন্ত গতি পায়নি সে কার্যক্রম। এদিকে সিনিয়র নেতাদের একটি বড় অংশের রাজনীতিতে নিষ্ক্রিয়তা এবং সরকারের সঙ্গে সমঝে চলার অভিযোগ রয়েছে দলীয় মহলে। আলোচনা রয়েছে দেশে ফেরার পর সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতৃত্বে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করবেন। নেতৃত্বে পরিবর্তনের মাত্রা যাই হোক, দেশে ফিরে সাংগঠনিক পুনর্গঠনকেই সবচেয়ে গুরুত্ব দেবেন তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর দলের সাংগঠনিক পুনর্গঠন, দল ও জোটগত আন্দোলন-সংগ্রাম নতুন করে গতি পাবে। ব্যস্ততা বাড়বে দলের কেন্দ্র থেকে তৃণমূল সকল পর্যায়ে।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতিও চলছে নির্বাচন কমিশনে। স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারি দলের নেতাকর্মীদের সরব প্রস্তুতির পাশাপাশি নীরব প্রস্তুতি চলছে বিএনপির তৃণমূলেও। সার্বিক পরিস্থিতি ও তৃণমূলের দাবির মুখে দলটির কেন্দ্রীয় নেতারাও ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন। খালি মাঠে গোলের সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করলেও দলটির একাধিক সিনিয়র নেতা বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হবে চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর। এছাড়া জোটের কয়েকটি শরিক দলও নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। এখন দলীয় প্রতীকে বিএনপি স্থানীয় নির্বাচনে অংশ নিলে তাদের প্রার্থী বাছাই ও সমর্থন চূড়ান্ত করতে মোকাবিলা করতে হবে প্রশাসন ও দলের অভ্যন্তরীণ নানা জটিলতা। নির্বাচনে না গেলে বা কৌশলগত অবস্থানে থাকলেও নির্ধারণ করতে হবে ভূমিকা।
দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে কিছুদিন ধরে জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়ে আসছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। তার এ আহ্বানে সুর মিলিয়ে আসছেন দলটির শীর্ষস্থানীয় নেতারাও। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ঐক্য ও জাতীয় সংলাপের আহ্বানকে কেবল আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না খালেদা জিয়া। এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কাজ করার জন্য একটি বাস্তব উদ্যোগ নেবেন তিনি। সরকারের প্রতি জোরালো আহ্বানের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, কূটনীতিকসহ সকল মহলের সঙ্গে আলাপ ও সংলাপের রূপরেখা প্রণয়নের জন্য তিনি টিম গঠন করতে পারেন। ইতিমধ্যে তেমন ইঙ্গিত পাওয়া গেছে।
৫ই জানুয়ারি নির্বাচনের একতরফা নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরের প্রথম সপ্তাহে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। যদিও প্রশাসনের কঠোর অবস্থান এবং নেতাদের সুবিধাবাদী মনোভাবের কারণে তেমন ফলপ্রসূ হয়নি সে কর্মসূচি। বিএনপি নেতারা জানান, আগামী ২০১৬ সালের ৫ই জানুয়ারিও প্রহসনের নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি দেবে বিএনপি। এছাড়া জাতীয় ঐক্য ও জাতীয় সংলাপের দাবিকে জোরদার করতে কিছু কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি। ফলে দেশে ফিরলেই দলের সিনিয়র নেতা ও জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন খালেদা জিয়া। নেতারা জানান, চেয়ারপারসন দেশে ফেরার পর বিএনপির আগামী দিনের পথচলার গতিপ্রকৃতি সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যাবে। দেশে ফিরে জোটের শরিকদের সঙ্গে তার বৈঠক করার জোরালো সম্ভাবনা রয়েছে। যদি তিনি সেটা না করেন তবে জোটের ভবিষ্যৎ এবং দলের ভবিষ্যৎ গতিপ্রকৃতি পরিষ্কার হবে।
দীর্ঘদিন ধরেই বিএনপির কূটনীতিক উইংয়ের নেতৃত্ব দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী, চেয়ারপারসনের দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ। চলতি বছরের প্রথমদিকে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর রিয়াজ রহমান, চেয়ারপারসন কার্যালয়ে অবরুদ্ধ হওয়ার পর সাবিহউদ্দিন নিষ্ক্রিয় হয়ে পড়েন। কয়েক মাস কারাভোগের পর নানামুখী চাপের মুখে সমপ্রতি রাজনীতি থেকে অবসর নিয়েছেন সমশের মবিন চৌধুরী। এ তিনজনের অনুপস্থিতিতে দলীয় কূটনীতিক উইংয়ের নেতৃত্ব দেয়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও নানামুখী চাপের মুখে কিছুদিন ধরে নিরাপদ অবস্থানে রয়েছেন। এমন পরিস্থিতিতে দলের কূটনীতিক উইং পুনর্গঠনের একটি দৃশ্যমান উদ্যোগ নেয়ার সম্ভাবনা রয়েছে বিএনপিতে। দলটির সংশ্লিষ্ট সূত্রেও এমন তথ্য জানা গেছে। সূত্র জানায়, কূটনীতিক উইংয়ের নেতৃত্ব দিতে দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। খালেদা জিয়া দেশে ফেরার পর আবদুল মঈন খান, ওসমান ফারুক, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আওয়াল মিন্টুর নেতৃত্বে দলের কূটনৈতিক উইং পুনর্গঠন করতে পারেন।
এদিকে বিশেষ ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটি বিচারাধীন রয়েছে। সমপ্রতি এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা খুব শিগগিরই শেষ হবে।’ এছাড়া খালেদা জিয়াকে নতুন করে নাইকো মামলায় ২৯শে নভেম্বর নিম্ন-আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এমন পরিস্থিতিতে দেশে ফিরে খালেদা জিয়াকে জোরালো আইনি লড়াইয়ে নামতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, নাইকো মামলায় ২৯শে নভেম্বর আদালতে আত্মসমর্পণের একটি নির্দেশ রয়েছে। এছাড়া জিয়া ট্রাস্ট মামলা দুটির সাক্ষ্যগ্রহণ এখন শেষ পর্যায়ে।
এদিকে উন্নত চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ১৫ই সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া। কথা ছিল চিকিৎসা শেষে সেপ্টেম্বরের ৩০ বা অক্টোবরের ২ তারিখে তিনি দেশে ফিরবেন। কিন্তু চিকিৎসা প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় ফেরার সময় কয়েক দফায় পেছানো হয়। কয়েক দফায় বিমানের টিকিট বুকিং দিয়েও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। সূত্র জানায়, বিএনপির নেতৃত্বে আসার পর থেকে গত ৩২ বছরের মধ্যে কোন সময় টানা দুই মাস দেশের বাইরে অবস্থান করেননি খালেদা জিয়া। নানা প্রতিকূলতার মধ্যেও দেশ ছাড়েননি তিনি। ফলে তার ফেরা নিয়ে মাসখানেক ধরে সরকারি দলের তরফে নানা ধরনের তীর্যক মন্তব্যের ফুলঝুরি ছুটছে। তবে নানা জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে আগামীকাল দেশে ফিরছেন তিনি।











